মাইলির ভূত দেখা!
কখনো ভূত দেখেছেন? বছর চারেক আগে কিন্তু সত্যিই ভূত দেখেছিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। অন্তত এই ভূত দেখার বিষয়টি সত্যি বলেই দাবি করেছেন মাইলি।২০০৯ সালে লন্ডন সফরে গিয়ে ভাড়া করা এক অ্যাপার্টমেন্টে উঠেছিলেন মাইলি। সেখানেই তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল ভূত। ভূত দেখার শ্বাসরুদ্ধকর বর্ণনা দিতে গিয়ে সম্প্রতি মাইলি বলেন, ‘ওই অ্যাপার্টমেন্টের স্নানঘরে এক রাতে ঝরনার নিচে গোসল করছিল আমার ছোট বোন। হঠাত্ তার চিত্কার শুনে আমি ছুটে যাই। আমি দেখলাম, দরজার হাতলটা নড়ছে। অথচ আমার ছোট বোন সেটা নাড়ায়নি। স্নানঘরের ভেতরে ঢুকেই অবাক হয়ে গেলাম। হঠাত্ করেই যেন ঝরনার পানির তাপমাত্রা বেড়ে গেল। আমি অনুভব করলাম, স্নানঘরের এক কোনায় ছোট্ট একটি ছেলে বসে আছে।’ এক খবরে এ তথ্য জানিয়েছে কনট্যাক্টমিউজিক। ভূত দেখা নিয়ে মাইলি আরও বলেছেন, ‘ঝরনার গরম পানি আমার বোনকে প্রায় পুড়িয়ে দিচ্ছিল। এই ঘটনায় ভয় পেয়ে পুরোপুরি লাল হয়ে গিয়েছিল সে। পরদিনও স্নানঘরে আমি ওই রহস্যময় ছেলেকে দেখেছি। বেসিনে বসে পা নাচাচ্ছিল সে। পরে জেনেছি, আগেও ওই অ্যাপার্টমেন্টে ভুতুড়ে কাণ্ড ঘটেছে। এক বৃদ্ধ তাঁর ছোট ছেলেকে নিয়ে সেখানে থাকতেন। ভয়ংকর সেই অভিজ্ঞতার পর আর কখনোই ওই ভুতুড়ে জায়গায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’