মাকসুদের ইচ্ছাপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে বিচ্ছিন্নভাবে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করলেও নিয়মিতভাবে দীর্ঘদিন কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেননি মাকসুদ। এবারই প্রথম এমন একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন দেশের জনপ্রিয় এই ব্যান্ড তারকা।সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লালনসাধকদের নিয়ে বানানো এ অনুষ্ঠানের নাম ‘সাঁই আমার খেলে কোন খেলা’। কথা প্রসঙ্গে জানিয়েছেন মাকসুদ। বাংলাভিশনের জন্য নির্মিতব্য অনুষ্ঠানটির শুটিং ১২ মে শুরু হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউলসাধকদের তুলে আনা হবে বলেও জানান মাকসুদ। তিনি বলেন, ‘বহু বছর ধরে সারা দেশ ঘুরে লালন সাঁইজির গানের তত্ত্ব জানার চেষ্টা করছি। শুধু লালনসাধকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান করার ইচ্ছা ছিল। এত দিনে সেই ইচ্ছা পূরণ হচ্ছে।’অনুষ্ঠান প্রসঙ্গে মাকসুদ আরও বলেন, ‘সাঁই আমার খেলে কোন খেলা’ অনুষ্ঠানে শুধু গান পরিবেশনই থাকবে না, গানের ফাঁকে ফাঁকে বাউলসাধকদের সঙ্গে আলাপচারিতায় লালন সাঁইজির জীবনদর্শনের অনেক কিছুই দর্শকদের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে সবাই লালন সাঁইজির নানা দিক নতুন করে জানতে পারবে। অনুষ্ঠানটি বেশ তথ্যবহুল হবে বলেও জানান তিনি। উপস্থাপনার পাশাপাশি ‘সাঁই আমার খেলে কোন খেলা’ অনুষ্ঠানের গ্রন্থনা ও যন্ত্রসংগীত পরিচালনার কাজটিও করবেন মাকসুদ।বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ জানিয়েছেন, ‘প্রতি পর্বে একজন সাধক বাউল লালন সাঁইয়ের বিভিন্ন পর্যায়ের গান গাইবেন। তাঁর সঙ্গে একজন আলোচক সেসব গানের ভাব ও পটভূমি নিয়ে আলোচনা করবেন। গানগুলোর সংগীতায়োজনেও থাকছে বিশেষ বৈচিত্র্য।’