মাকে আগলে রাখছেন পিতৃহীন প্রিয়াংকা

গত জুনে বাবা অশোক চোপড়াকে হারিয়েছেন প্রিয়াংকা চোপড়া। আর ভাই সিদ্ধার্থ থাকেন সুইজারল্যান্ডে। মার্কিন র্যাপ সংগীতশিল্পী পিটবুলের সঙ্গে প্রিয়াংকা চোপড়ার নতুন গান ‘এক্সোটিক’ মুক্তি পেয়েছে গত মাসে। গানটি মুক্তির পর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন বলিউডের এ অভিনেত্রী ও গায়িকা। সঙ্গে নিয়েছেন মা মধু চোপড়াকে। মুম্বাইয়ে মাকে একাকিত্বে ভুগতে দেবেন না বলেই তাঁর এ সিদ্ধান্ত। সব সময় মাকে মমতায় আগলে রাখছেন ৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। বাবাকে হারানোর পর মুম্বাইয়ে মায়ের সঙ্গেই থাকেন প্রিয়াংকা। মুম্বাই ছাড়লে মা একা হয়ে যাবেন—মূলত এই উপলব্ধি থেকেই তিনি মাকে সফরসঙ্গী করেছেন। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। যুক্তরাষ্ট্রে কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতে হচ্ছে সাবেক এ বিশ্বসুন্দরীকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নতুন গান পরিবেশন করছেন তিনি। এমনকি নৈশ ক্লাবেও যেতে হচ্ছে তাঁকে। কাজের শত ব্যস্ততা সত্ত্বেও সব সময় মাকে নিজের কাছেই রাখছেন প্রিয়াংকা। যুক্তরাষ্ট্র সফর শেষ করে চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন প্রিয়াংকা ও তাঁর মা।