মাকে ঘিরেই জয়ের যত আনন্দ

‘মাকে ঘিরেই আমার যত নির্মল আনন্দ। আমার কোনো কাজে মা খুশি হলে ভালো লাগে। উত্সাহ পাই। মিডিয়াতে আমার সফলতার পেছনে মায়ের ভূমিকা অনেকখানি। সব সন্তানের হূদয়জুড়ে মা থাকে। তবে আমার মা আমার হূদয়ে আরও বেশিভাবে জড়িয়ে থাকে।’ মা সম্পর্কে এ কথাগুলো বলছিলেন জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
একজন মানুষের সাফল্যের পেছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর তারকা ও তাঁদের মাকে নিয়ে আরটিভিতে প্রচারিত হচ্ছে সেলিব্রেটি টক শো-ভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’। তানিয়া আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও তাঁর মা।
সাধারণ দর্শকদের কাছে মিডিয়া জগতের মানুষেরা হচ্ছেন স্বপ্নের মতো। তারা যখন টিভি বা সিনেমাতে তাদের সেই প্রিয় মানুষটিকে দেখে, তখন স্বভাবতই সেই প্রিয় মানুষটির সম্পর্কে নানা তথ্য জানার ইচ্ছা পোষণ করে। ‘আমি আর মা’ অনুষ্ঠানটির মাধ্যমে সেই সাধারণ মানুষটি তার স্বপ্নের তারকার নানা অজানা তথ্য জানতে পারবে।
এবারের পর্বে জয়ের মা জানাবেন ছেলের ছোট থেকে বড় হওয়ার নানা মজাদার গল্প। সেই সঙ্গে থাকছে জয়ের ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে।
অভিনয়ের পাশাপাশি লেখালেখির কাজও করছেন জয়। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি এ পর্যন্ত ৫০টির বেশি নাটক লিখেছি। দুই বছর ধরে বইও লিখেছি। অমর একুশের বইমেলায় আমার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হলো ‘‘সাদা এবং হলুদ’’ (২০১২) ও ‘‘হ্যালো, ভাইয়া অভিনয় করতে চাই’’ (২০১৩)। আগামী বছর বইমেলার জন্য আরেকটি বই লেখার কাজ শুরু করে দিয়েছি। আমার নতুন বইটির নাম ‘‘পরীর চুলে উঁকুন ছিল’’।’
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও নাম লিখিয়েছেন জয়। তিনি জানান, ‘আমার প্রথম চলচ্চিত্র “জীবনের গল্প” ২০০৬ সালে মুক্তি পায়। এরপর মুক্তি পায় “এই যে দুনিয়া”, “গ্রামগঞ্জের পিরিতি” ও “পাষাণের প্রেম”। প্রথম তিনটিতে আমার নায়িকা ছিলেন শাবনূর আর শেষেরটিতে অপু বিশ্বাস।’