মাকে নিয়ে পাঁচ তারকা
১১ মে আন্তর্জাতিক মা দিবস। আমাদের এই পাঁচ তারকা মায়ের প্রতি শ্রদ্ধা জানালেন এভাবে
মম
আমার মা টানা ১০ বছর আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আনা-নেওয়া করেছেন। আমার নাচ শেখার জন্য সপ্তাহের প্রতি শুক্রবার সকালে মা ও মেয়ে মিলে ছয়টার বাসে চড়তাম। এরপর ঢাকায় পৌঁছে সকাল ১০টায় রতন স্যারের কাছে এবং বিকাল তিনটায় শিবলী মহম্মদ স্যারের কাছে নাচ শিখে সন্ধ্যার বাসে ঢাকা ছাড়তাম। মা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে সপ্তাহের অন্য দিনগুলোয় ছুটি পেতেন না। তাই আমাদের শুক্রবারটাকে বেছে নিতে হয়। মায়ের সেই সংগ্রামের কারণে আজকের আমি এতটুকু আসতে পেরেছি। তাই আমার কাছে মনে হয়, মায়েদের জন্য পৃথিবীটা অনেক সুন্দর। মা দিবসে সব মায়েদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
বাঁধন
আমার পরিবার চায়নি আমি মিডিয়ায় কাজ করি। এমনকি আমি যখন টুকটাক কাজ শুরু করি, তখনো মা আমার সঙ্গে কোথাও যেতেন না। মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের যত সংগ্রাম করেছি, তা আমি নিজেই করেছি। এই সংগ্রামের ক্ষেত্রে সততা, সত্যবাদিতা, সময়নিষ্ঠাসহ আরও যে ধরনের গুণাগুণ থাকা দরকার, তার সবকিছুই মা আমাকে শিখিয়েছেন। মিডিয়ায় কাজ করার েচয়ে আমাকে চিকিৎসক হিসেবেই বেশি দেখতে চেয়েছেন। সেই বিষয়ে মায়ের চিন্তা ছিল বেশি। এখন আমার কাজকর্ম নিয়ে মা অনেক খুশি। আমার যে আলাদা একটা পরিচিতি তৈরি হয়েছে, মা এটা খুব উপভোগ করেন।
মুনমুন
আমার ছোটবেলা কেটেছে রাজধানীর পুরানা পল্টন এলাকায়। সেখানকার লিটল জুয়েল নার্সারি ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়েছি। এরপর আমি স্কলাস্টিকা স্কুলে ভর্তি হই। ক্লাস টুতে আমি প্রথম স্থান অর্জন করি। সে বছর গানেও আমি প্রথম হই। আমাদের স্কুলে তখন যারা প্রথম হতো, তাদের একটা বেঞ্চের ওপর দাঁড় করান হতো। আমার পরিষ্কার মনে আছে, মা আমাকে সেদিন দেখে অনেক অনেক খুশি হয়েছিলেন। মায়ের সেদিনের অভিব্যক্তি আমার মধ্যে অনেক সুখের সঞ্চার করেছিল। আজ আমার মা নেই। তিনি আমায় ছেড়ে চলে গেছেন। কিন্তু জীবনের সর্বক্ষেত্রে তাঁর ছাপ নিয়ে আমি বেড়ে উঠছি। মাকে খুব মনে পড়ছে।
মিম
আমার আজ যা অর্জন, তার সবকিছুই মায়ের কারণে। ছোটবেলা থেকেই মাকে ঘিরে আমার পুরো জগৎ। স্বপ্ন দেখা শুরু মাকে দেখে। মায়ের অনুপ্রেরণায় স্বপ্নের বাস্তবায়ন। ছোটবেলা থেকে মা আমাকে খুব শাসনের মধ্যে রাখতেন। তাই মাকে ভয় পেতাম। তবে মা কিন্তু কোনো দিন কোনো কিছু চাপিয়ে দিতেন না আমার ওপর। এখন আমি বড় হয়েছি। মা এখন আমার ভালো একজন বন্ধু। মাকে সামনাসামনি কোনো দিন বলতে পারিনি, আজ তা বলতে চাই। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
মেহজাবিন
২০০৯ সাল। তখন থাকি চট্টগ্রামে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বাছাইয়ের জন্য আসতে হলো ঢাকায়। বিষয়টি মা ছাড়া আর কাউকে জানাইনি। বাবা থাকতেন দুবাইতে। ঢাকায় কোনো স্বজনদেরও জানানো হয়নি। তাই উত্তরার একটি হোটেলে এসে উঠেছিলাম আমি আর মা। বাছাইয়ের সময় মা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন ধৈর্য নিয়ে। আমার জন্য মায়ের ছিল অপরিসীম ত্যাগ। মায়ের কারণেই আসলে আমি আজকের এই পর্যায়ে আসতে পেরেছি৷
অনুলিখন: মনজুর কাদের