মাকে নিয়ে হজে গেলেন আমির
মা জিন্নাত হুসাইনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মাকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে মুম্বাই ছেড়েছেন আমির খান। এক খবরে জানিয়েছে ‘মুম্বাই মিরর’।১৪ দিনের এই হজ সফরে আমির ও মা জিন্নাত হুসাইনের সঙ্গে আরও আছেন তাঁদের পরিবারের আটজন সদস্য এবং একজন মাওলানা।জানা গেছে, ১৪ দিনের এই হজ সফরে আমির খান ও তাঁর পরিবারের সদস্যরা মক্কা ও মদিনায় যথাক্রমে চার-তারকা মানের হোটেল আল মাসসা ও হোটেল ইলাফ তাইয়েবাতে অবস্থান করবেন। হজের আনুষ্ঠানিকতা শেষ করে আগামী ৩ নভেম্বর মাসহ অন্যদের নিয়ে মুম্বাই ফিরবেন আমির খান।২০১০ সালের ফেব্রুয়ারি মাসে বাবা তাহির হুসাইন মারা যাওয়ার পর থেকেই আমির খান মায়ের মন ভালো রাখতে তাঁর সঙ্গে ছায়ার মতো লেগে আছেন। সম্প্রতি আমির খান মাকে বিশেষ উপহার দেওয়ার আগ্রহ দেখান। আর ছেলের কাছ থেকে উপহার হিসেবে মা জিন্নাত হুসাইন চেয়েছিলেন হজে যাওয়ার সুযোগ। মায়ের এই প্রস্তাবে সঙ্গে সঙ্গেই সম্মতি জানান আমির। নিয়ম অনুযায়ী, মুসলিম নারীরা স্বামী, ভাই অথবা সন্তানের সঙ্গে হজে যেতে পারেন। এ নিয়ম মেনেই মাকে নিয়ে আমির হজে গেলেন।জানা গেছে, হজে যাওয়ার আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে ‘ধুম ৩’ ছবির শুটিং করে আমির মুম্বাই ফেরেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই তিনি তাঁর যৌথ প্রযোজনার নতুন ছবি ‘তালাশ’-এর গানের অ্যালবামের প্রকাশনায় অংশ নেন।