মাকে নিয়ে হজে যাচ্ছেন আমির
মা জিন্নাত হুসাইনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী হজে যাওয়ার যাবতীয় প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। মাকে নিয়ে হজে যাওয়ার জন্য আমির এরই মধ্যে তাঁর যুক্তরাষ্ট্রের শুটিং শিডিউলও গুছিয়ে ফেলেছেন। খুব শিগগির মাকে সঙ্গে নিয়ে পুণ্যভূমি মক্কার উদ্দেশে উড়াল দেবেন আমির খান। তবে কবে তিনি যাত্রা করবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এক খবরে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।২০১০ সালের ফেব্রুয়ারি মাসে বাবা তাহির হুসাইনকে হারিয়েছেন আমির। বাবার মৃত্যুর পর থেকেই মায়ের কাছাকাছি থাকার সব ধরনের আয়োজন করেছিলেন আমির খান। মা জিন্নাত হুসাইনকে পুনে থেকে মুম্বাইয়ে নিয়ে এসেছেন। মায়ের মন ভালো রাখতে, তাঁকে খুশি রাখতে বলতে গেলে ছায়ার মতোই লেগে আছেন আমির।সম্প্রতি মাকে বিশেষ উপহার দেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন আমির খান। আর ছেলের কাছ থেকে উপহার হিসেবে মা জিন্নাত হুসাইন চেয়েছিলেন হজে যাওয়ার সুযোগ। সঙ্গে সঙ্গেই মায়ের এ প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন আমির। নিয়ম অনুযায়ী, মুসলিম নারীরা স্বামী, ভাই অথবা সন্তানের সঙ্গে হজে যেতে পারেন। আর এ নিয়ম মেনেই মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে হজের সব প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন আমির।