মাছরাঙা টিভিতে 'আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি'
৬ জুন ইংল্যান্ডে শুরু হচ্ছে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৩’। বিশ্বকাপের পর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় এ প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ২৩ জুন পর্যন্ত মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল আসরের আগে অনুষ্ঠিত হবে ছয়টি প্রস্তুতি ম্যাচ। চারটি প্রস্তুতি ম্যাচসহ আসরের সব কটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ওয়ার্মআপ ম্যাচগুলোর মধ্যে ৩০ মে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় পাকিস্তান-শ্রীলঙ্কা, ১ জুন বেলা সাড়ে তিনটায় ভারত-শ্রীলঙ্কা, ৩ জুন বেলা সাড়ে তিনটায় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা এবং ৪ জুন বেলা সাড়ে তিনটায় ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো সম্প্রচার করবে মাছরাঙা। ৬ জুন বেলা সাড়ে তিনটায় কার্ডিফে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মূল আসর। আর ফাইনাল খেলা হবে ২৩ জুন এজবাস্টনে।