মাছরাঙা টেলিভিশনের সম্প্রচার শুরু কাল
‘বিজ্ঞাপনের ফাঁকে অনুষ্ঠান নয়, অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন দেখাব আমরা।’ দৃঢ় কণ্ঠে এমনটাই বললেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার উপলক্ষে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা প্রাধান্য দেব দেশকে এবং দেশের সব ইতিবাচক বিষয়কে। একটি পূর্ণাঙ্গ পারিবারিক চ্যানেল হিসেবে মাছরাঙাকে আমরা পৌঁছে দিতে চাই প্রতিটি বাঙালির ড্রইংরুমে। যেখানে বসে পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করতে পারবে এই চ্যানেলটি।’ অঞ্জন চৌধুরী প্রসঙ্গক্রমে আরও বলেন, ‘আমরা দেশের চলমান টিভি চ্যানেলগুলোর বিরামহীন বিজ্ঞাপনের বিপরীতে প্রতি আধঘণ্টায় মাত্র ছয় মিনিট বিজ্ঞাপন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এ বিজ্ঞাপনের চাপে টিভি দর্শকেরা ত্যক্ত-বিরক্ত। ফলে এই বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।’ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে চ্যানেলটির নানা কার্যক্রম এবং পরিকল্পনার কথা জানান মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনেম, বার্তা প্রধান শাহ আলমগীর ও অনুষ্ঠান প্রধান হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁরা জানান, সারা বিশ্বকে রাঙিয়ে দিতে কাল শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে মাছরাঙা টেলিভিশন। এটি দেশের প্রথম সর্বাধুনিক হাইডেফিনেশন (এইচডি) প্রযুক্তির টিভি চ্যানেল। মাছরাঙা টেলিভিশন স্কয়ার গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। মাছরাঙা টেলিভিশন তার সম্মানিত দর্শকদের প্রতিটি সেকেন্ড সময়ের মূল্য বুঝবে। তাই অনুষ্ঠান শুরু হবে পূর্বনির্ধারিত যথাযথ সময়ে। ‘রাঙাতে এল মাছরাঙা’—এ স্লোগান নিয়ে কাল বিকেল পাঁচটায় হোটেল রেডিশনে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা।