মাছরাঙাতে শুরু হচ্ছে ‘হাউজফুল’
স্যাটেলাইট টেলিভিশন মাছরাঙাতে শুরু হচ্ছে কুইজভিত্তিক গেম শো ‘হাউজফুল’। দেশীয় চলচ্চিত্রের তথ্যবহুল খুঁটিনাটি নানা দিক থাকবে এ অনুষ্ঠানে। চলচ্চিত্র-নির্ভর এ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেতা আলমগীর। হাউজফুল অনুষ্ঠানের প্রচার উপলক্ষে আজ সোমবার বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনায়েম, অনুষ্ঠান প্রধান হাসান আবিদুর রেজা জুয়েল এবং হাউজফুল অনুষ্ঠানের উপস্থাপক আলমগীর। সংবাদ সম্মেলনে অতিথিরা অনুষ্ঠানের নানা দিক সম্পর্কে অলোকপাত করেন। হাউজফুল অনুষ্ঠানের উপস্থাপক আলমগীর বলেন, ‘বেশ কিছুদিন আগে মাছরাঙা টেলিভিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে প্রথম অনুষ্ঠানটি নিয়ে আলোচনা হয়। এরপর আমরা আস্তে আস্তে অনুষ্ঠানটি নিয়ে ভাবতে শুরু করি। গেম শোটি যেহেতু চলচ্চিত্র নিয়ে, তাই উপস্থাপনা করতে রাজি হয়েছি। বেশ গোছানো একটি কাজ করছি। এখন পর্যন্ত আট পর্বের শুটিং করেছি।’আলমগীরের বক্তব্যের পরই উপস্থিত সাংবাদিকদের সামনে হাউজফুল অনুষ্ঠানটির একটি ভিডিওচিত্র দেখানো হয়।হাউজফুল অনুষ্ঠানটির প্রতিটি পর্ব ছয়টি রাউন্ডে শেষ করা হবে। এগুলো হচ্ছে, পিকচার পাজল গেম, লাইট রাউন্ড, রোলিং রাউন্ড, অ্যাকশন রাউন্ড, প্লেব্যাক রাউন্ড এবং ক্লাইমেক্স রাউন্ড। ১৬ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার রাত নয়টা দুই মিনিটে মাছরাঙা টিভিতে শুরু হচ্ছে কুইজভিত্তিক গেম শো হাউজফুল। এটি প্রযোজনা করছেন তোফায়েল সরকার।উল্লেখ্য, এর আগে বিটিভিতে ‘উপহার’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আলমগীর।