মাছরাঙার সোয়া ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ জুলাই শুরু হচ্ছে নতুন বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার আনুষ্ঠানিক নিয়মিত সম্প্রচার। ওই দিন বিকেলে উদ্বোধনের পর নিয়মিত অনুষ্ঠানমালার প্রচার শুরু হবে। জানা গেছে, এরই মধ্যে নিয়মিত সম্প্রচারের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে মাছরাঙার অনুষ্ঠান বিভাগের প্রধান হাসান আবিদুর রেজা জুয়েল জানান, নির্দিষ্ট ভাবনার ওপর ভিত্তি করে প্রায় সোয়া এক ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছে। মাছরাঙার উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। নির্ধারিত বক্তৃতা পর্বের পর থাকবে নতুনকে আহ্বান করে সমবেত নাচ। বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে একটি নতুন যন্ত্রসংগীত কম্পোজিশন তৈরি করেছেন ইমন সাহা, নৃত্য পরিচালনা করছেন মুনমুন আহমেদ। আরেকটি নাচ হবে মাছরাঙা পাখি নিয়ে। এই যন্ত্রসংগীতটি কম্পোজিশন করেছেন ইফতেখার আনাম। থাকছে দুটি তথ্যচিত্র—একটি অনুষ্ঠান ও সংবাদ ভাবনার ওপর, অন্যটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর। জানা গেছে, এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৩০ জুলাই বিকেল পাঁচটায়, র‌্যাডিসন হোটেলের বলরুমে। এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন অঙ্গনের শ পাঁচেক অতিথিকে।অনুষ্ঠানটি মাছরাঙা টিভি সরাসরি সম্প্রচার করবে।