মাছরাঙায় নাটক হয়ে আসছে 'আয়নাবাজি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়নাবাজি অরিজিনাল’ সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজক ও কলাকুশলীরা
‘আয়নাবাজি অরিজিনাল’ সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজক ও কলাকুশলীরা

দর্শকনন্দিত ছবি ‘আয়নাবাজি’ থেকে এবারের ঈদে প্রচারের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নেয় পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। শুরুতে এই নাটক দেখানোর কথা ছিল আরটিভি, জিটিভি ও দীপ্ত টিভিতে। সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছিল নির্মাতা প্রতিষ্ঠান। আজ বুধবার ফোনে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, মাছরাঙা টেলিভিশনে আয়নাবাজি অরিজিনাল সিরিজ প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

‘আয়নাবাজি’-এর ধারাবাহিকতায় আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে নতুন একটি টিভি সিরিজ প্রচারের উদ্যোগ নেওয়া হয়। ‘আয়নাবাজি’ সিনেমার মূল বিষয়কে ঘিরেই গড়ে উঠেছে এই টিভি সিরিয়ালের বিষয়।
সিরিজটির ডিরেক্টরিয়াল কনসালট্যান্ট অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘দর্শকদের প্রতি পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী এই সিরিজের টিভি পার্টনার হিসেবে দেশের তিনটি টিভি চ্যানেল ছিল, আছে এবং থাকবে। শিডিউল জটিলতার কারণে দীপ্ত টিভির পরিবর্তে মাছরাঙা টিভিকে প্রচার সহযোগী করা হয়েছে।’
আয়নাবাজি অরিজিনাল সিরিজটির প্রযোজক ও টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল বলেন, ‘দর্শকদের “আয়নাবাজি” দেখার সেই অভিজ্ঞতাকে একবার নয়, সাতবার সাতটি ভিন্ন গল্পের মাধ্যমে ফিরিয়ে আনছি আমরা।’
আয়নাবাজি অরিজিনাল সিরিজের পরিচালকেরা হলেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম রহমান ও রবিউল আলম।