মাজহারুল ইসলাম: এক পূর্ণাঙ্গ মানুষের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আধুনিক স্থাপত্যচর্চার পথিকৃৎ মাজহারুল ইসলাম ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। দেশের মানুষকেও তিনি স্বপ্ন দেখাতে উদ্বুদ্ধ করেছেন। দেশ, প্রকৃতি, মানুষ ছিল তাঁর ভাবনার মূল কেন্দ্রে। সব মিলিয়ে রেনেসাঁ-মানব বলতে যা বোঝায় তিনি ছিলেন সেই অর্থে একজন পূর্ণাঙ্গ মানুষ। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শিল্প-সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম-এর মাজহারুল ইসলাম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এভাবেই তাঁর মূল্যায়ন করেছেন। কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মাজহারুল ইসলামের ছাত্র, অনুরাগী, পরিবারের সদস্যরা আলোচনায় অংশ নেন। বক্তারা বহুমাত্রিক ব্যক্তিত্ব মাজহারুল ইসলামের সৃজনশীলতা, মেধা, তাঁর কাজ, ব্যক্তিজীবনের মূল্যায়ন ও স্মৃতিচারণা করেন।বক্তারা বলেন, ‘মাজহারুল ইসলাম ছিলেন ঔপনিবেশিক স্থাপত্যরীতিকে বাদ দিয়ে আমাদের দেশের প্রকৃত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে সমন্বিত করে একটি স্বকীয় আঙ্গিকের স্থাপত্যরীতি সৃষ্টি করেছিলেন। স্থাপত্য চর্চার মধ্যে দিয়ে তিনি সমাজকে দেখার চেষ্টা করেছেন। একই সঙ্গে মানুষের জীবনমান উন্নয়নের চিন্তাভাবনা করেছেন। তিনি যা বিশ্বাস করেছেন, তা দ্বিধাহীন চিত্তে প্রকাশ করেছেন। কখনো আপস করেননি। মানুষের অবস্থার উন্নয়নের জন্য সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ প্রয়োজন বোধ করে স্থাপত্যচর্চার পাশাপাশি সক্রিয় রাজনীতিতেও অংশ নিয়েছেন। এ ছাড়া ষাটের দশক থেকেই সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে এবং মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।’ বক্তারা তাঁর স্থাপত্যকর্মগুলো সংরক্ষণ এবং এর কোনো পরিবর্ধন বা পরিবর্তন না করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন স্থপতি মোবাশ্বের হোসেন, রবিউল হুসাইন, সামসুল ওয়ারেস, জাকিউল ইসলাম শামা আলী ও মাজহারুল ইসলামের মেয়ে সংগীতশিল্পী ডালিয়া নওশীন। সংখ্যাটি নিয়ে বলেন, কালি ও কমল সম্পাদক আবুল হাসনাত। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আলোচনা পর্বের পর গান গেয়ে শোনান শিল্পী শারমীন সাথী ইসলাম। কালি ও কলম-এর নবম বর্ষ অষ্টম সংখ্যাটি প্রকাশিত হয়েছে মাজহারুল ইসলাম সংখ্যা হিসেবে। এতে তাঁর ছাত্র, সহকর্মী, সুহূদ ও স্বজনেরা নানা দৃষ্টিকোণ থেকে স্থপতি, রাজনীতিক, সংস্কৃতিসেবী ও ব্যক্তি মানুষ হিসেবে দেখা ও মূল্যায়নের প্রয়াস পেয়েছেন। রচনা রয়েছে ৩৯টি। রয়েছে তাঁর বিভিন্ন স্থাপত্যকর্মের নকশা, স্থাপত্যকর্ম ও জীবনের নানা মুহূর্তের রঙিন ছবি। দেশের এই পথিকৃৎ স্থপতি চলতি বছর ১৫ জুলাই ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেন।শিল্পকলায় নাচের স্পন্দননাচের ছন্দে মুখর হয়ে উঠেছিল গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্য মিলনায়তন। নৃত্য সংগঠন স্পন্দনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে শুরু হয় বিশেষ নৃত্যানুষ্ঠান। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে শুরু হয় এই নৃত্যায়োজন। তারপর চলে হরেক রকমের নাচ।অনুষ্ঠানে ‘স্পন্দন’-এর জাতীয় পর্যায়ের ও প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীরা কত্থক, লোকনৃত্য, সাধারণ নৃত্য, মণিপুরি নৃত্য, রবীন্দ্র, নজরুল ও দেশীয় সংগীতের সমন্বয়ে সৃজনশীল নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বার্ষিক কর্যক্রমের ফল ঘোষণা করা হয়।প্রথম পর্বে ছিল স্পন্দনের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছয়টি দলীয় নৃত্য। তাঁরা ‘বিহারে লগন’, ‘ধিতাং ধিতাং বোলে’, ‘আলতো পায়ে ছন্দ তুলে’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘ও দক্ষিণা ছন ছন ছন ছন করে লো’ এবং ‘বেল ফুল এনে দাও’ গানের সঙ্গে বিভিন্ন আঙ্গিকের নৃত্য পরিবেশন করেন।এরপর ছিল স্পন্দনের প্রযোজনা বিভাগের শিল্পীদের অংশগ্রহণে ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ গানের সঙ্গে দলীয় নৃত্য। কস্তুরী মুখার্জি পরিবেশন করেন ভরতনাট্যম এবং মনিপুরি নাচ করেন সুব্রত কুমার দাস। এ ছাড়া ছিল ‘ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে’, ‘ঐ কালা ছেঁড়া’, ‘ধনধান্য পুষ্পভরা’গানের সঙ্গে সমবেত নৃত্য।আলোকচিত্র প্রদর্শনীআজ বুধবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে ‘দুঃখের দিগন্ত-আইলার পরে’ শীর্ষক শফিক রহমানের সপ্তাহব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী। ঘূর্ণিঝড় আইলা-পরবর্তী সময়ে খুলনা-সাতক্ষীরা অঞ্চলের পরিবেশ ও জনজীবন উঠে এসেছে এই পদর্শনীর ছবিগুলোতে।আহ্বান সাংস্কৃতিক গোষ্ঠীর আত্মপ্রকাশপিরোজপুর প্রতিনিধি জানান: ‘নব গানে-নব প্রাণে-নব সৃষ্টির জয়গানে’ স্লোগান নিয়ে পিরোজপুরে যাত্রা শুরু হলো আহ্বান সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর।সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় পিরোজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মনিরুজ্জামান, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক সুরঞ্জন চক্রবর্তী জানান, সুস্থ সংস্কৃতিচর্চায় সংগঠন সক্রিয় থাকবে। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।