মাজহারুল স্থাপত্যকলায় আধুনিকতা ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ছিল স্থাপত্য আচার্য মাজহারুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজন করা হয় স্মরণসভার। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলোচনা হয় মাজহারুল ইসলামের রাজনীতি-ভাবনা, সমাজ দর্শন ও স্থাপত্যশিল্পে তাঁর অবদান নিয়ে।
মাজহারুল ইসলাম ফাউন্ডেশন, বাংলা একাডেমি ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এ স্মরণসভার আয়োজন করে।
প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বললেন, স্থপতি হিসেবেই নয়, মানুষ হিসেবে মাজহারুল ইসলাম ছিলেন শ্রেষ্ঠ। রাজনীতি, সংস্কৃতি বা স্থাপত্য—যখন যে ক্ষেত্রে কাজ করেছেন, সেখানে তিনি পুরোপুরি সৎ থেকেছেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। ‘মাজহারুল ইসলামের সৃজনধর্ম ও ব্যক্তিস্বরূপ’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, ঔপনিবেশিক ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে মাজহারুল ইসলাম স্থাপত্যকলায় আধুনিকতা ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয় ঘটিয়েছেন। স্থাপত্যকর্মে তিনি প্রকৃতিকে অত্যন্ত গুরুত্ব দিতেন।
মাজহারুল ইসলাম লুই কানকে বাংলাদেশে নিয়ে আসেন। তাঁর নকশায় নির্মিত হয় জাতীয় সংসদ ভবন। স্থপতি খালেদ আশরাফ বলেন, মাজহারুল ইসলামের রাজনীতি, সংস্কৃতি ও স্থাপত্যশিল্পের বিভিন্ন কাজ নিয়ে একটি কেন্দ্র গড়ে তোলা দরকার। এক জায়গায় তাঁর সব কাজ পাওয়া গেলে নবীন শিক্ষার্থী ও গবেষকেরা উপকৃত হবেন।
নারীনেত্রী আয়শা খানম বলেন, মাজহারুল ইসলাম ছিলেন আপসহীন আদর্শবাদী। সব সময় যুক্ত ছিলেন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির সঙ্গে। ছাত্রাবস্থা থেকে বিভিন্ন আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং তার পরের সময়গুলোতে বারবার সাহস জুগিয়েছেন এ শক্তিকে।
দ্বিতীয় পর্বে স্থাপত্যকলার শিক্ষার্থীদের জন্য আয়োজিত ‘আধুনিকতা ও মাজহারুল ইসলাম’বিষয়ক প্রতিযোগিতার ফল ঘোষণা ও বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শেষে সালমা আকবর গাইলেন রবীন্দ্রনাথের গান ‘তবু মনে রেখো’। সাজেদ আকবর পরিবেশন করলেন ‘তুমি তো সেই যাবেই চলে’ গানটি।
বুলবুল আহমেদকে নিয়ে আলোচনা ও প্রদর্শনী
মঙ্গলবার দুপুরে শিল্পকলা একডেমীর সেমিনার কক্ষে প্রয়াত অভিনেতা ও নির্দেশক বুলবুল আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্নলোক’ আলোচনা সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম, বুলবুল আহমেদের স্ত্রী অভিনেত্রী ডেইজি আহমেদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নাট্যজন ঝুনা চৌধুরী, শিল্পকলা একাডেমীর সহকারী পরিচালক আইরিন পারভিন প্রমুখ। ফিরোজ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পংকজ কবির।
বুলবুল আহমেদ অভিনীত দেবদাস ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘নায়ক বলতে যা বোঝায়, বুলবুল আহমেদকে দেখলে তা বোঝায়। ৫২ বছর ধরে এ অঙ্গনে আছি এ অভিজ্ঞতায় বলতে পারি, তাঁর মতো শুদ্ধ মানুষ আমি দেখিনি। এখন অতি অল্পতেই অভিনেতারা অহংকারী হয়ে পড়েন। তাঁর মধ্যে তা বিন্দু পরিমাণ দেখিনি।’ বুলবুল আহমেদ সম্পর্কে বলতে গিয়ে ডেইজি আহমেদ আবেগাপ্লুত হয়ে পড়েন।
ঝুনা চৌধুরী বলেন, ‘বুলবুল আহমেদের মতো অভিনেতা সম্পর্কে কিছু বলা আমার পক্ষে একধরনের ধৃষ্টতা। তার পরও আমার কাছে যেমনটি মনে হয়েছে, তিনি ছিলেন একজন বিনয়ী মানুষ। অভিনেতা হিসেবে পরিপাটি ছিলেন বলেই চাষী নজরুল ইসলামের মতো গুণী পরিচালক দেবদাস সিনেমায় তাঁর ওপর আস্থা রেখেছেন। সুভাষ দত্তের মতো পরিচালক যারপরনাই প্রশংসা করেছিলেন।’
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় ‘কি কথা তাহার সাথে’ শীর্ষক অনুষ্ঠানে খ্যাতিমান এই অভিনেতার সাক্ষাৎকারটি প্রচার করা হয়। প্রদর্শিত হয় চলচ্চিত্র সীমানা পেরিয়ে।
গ্যালারি টোয়েন্টি ওয়ানে তাজউদ্দীন আহমদকে নিয়ে প্রদর্শনী
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্যালারি টোয়েন্টি ওয়ানের পক্ষে থেকে তাঁর কর্মময় জীবনভিত্তিক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার এ প্রদর্শনী উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।