মাঝ হ্রদে পাঁচ ঘণ্টা!

রাঙামাটির কাপ্তাই হ্রদের মাঝে হঠাৎ রোদ চিকমিক করে উঠল। রোদের ঝলকানিতে বোঝা গেল মাঝ হ্রদে ভাসছে ফুলে সাজানো এক নৌকা। যার বৈঠা অভিনেত্রী মিমের হাতে! ভরদুপুরে হ্রদের বুক চিরে মিম নৌকা চালাচ্ছেন। সকাল ১০টা থেকে শুরু হয় মিমের নৌকা অভিযান, যা শেষ হয় বেলা তিনটায় গিয়ে।
পদ্মা পাতার জল ছবির একটি গানের দৃশ্যের জন্য বিদ্যা সিনহা মিমকে পাঁচ ঘণ্টার জন্য হতে হয় নৌকাবন্দী। ১৬ ডিসেম্বর দিনভর গানের দৃশ্যধারণের শুটিং চলে।

শুটিং শুরুর আগে প্রায় দুই ঘণ্টা নৌকা চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। মোটকথা এই একটি গানের জন্য দারুণ ঘাম ঝরিয়েছেন মিম। এ নিয়ে তিনি বলেন, ‘দৃশ্যটি নিখুঁতভাবে ধারণের জন্য বারবার আমাকে নৌকা চালাতে হয়েছে। ওহ্ ! কাজটা অনেক কষ্টের। দুপুর অবধি নৌকাতেই থাকতে হয়েছে।’
গভীর হ্রদে নৌকা চালাতে গিয়ে দারুণ ভয়েও ছিলেন মিম। তাঁর ভাষায়, ‘লেকের মাঝে নৌকায় আমি একা ছিলাম। চারপাশে ছোট ছোট দ্বীপ থেকে শট নেওয়া হচ্ছিল। নৌকা থেকে সবাই বেশ দূরে ছিল। তাই নৌকা চালাতে গিয়ে ভয়ও লাগছিল। মনে মনে ভাবছিলাম, এই বুঝি ডুবল নৌকা! হা হা...।’