মাঝরাতে ব্রহ্মপুত্রে মাধুরী দীক্ষিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত। প্রতীকী ছবি: সংগৃহীত
মাধুরী দীক্ষিত। প্রতীকী ছবি: সংগৃহীত

ময়মনসিংহ শহরটা ছোট্ট হলেও সুন্দর। ব্রহ্মপুত্রের পাড়ে। কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা আরও সুন্দর। সবুজ ও নদের মাখামাখি। ব্রহ্মপুত্র নদ। নদী না। পুরুষ। ব্যাচেলর। কোনো নদীর সঙ্গে এখনো বিয়ে হয়নি।

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ইঞ্জিনিয়ারিংয়ে। পরে ছেড়ে দিয়ে এসে ঢাকায় পড়ি। ঘটনাটা তখনকার।

শীতকাল। সব শহরের মতো ময়মনসিংহেও চলছে মাসব্যাপী শিল্পমেলা। শীতকালে ব্রহ্মপুত্র শুঁকিয়ে যায়। তাই এর চরেই হচ্ছে শিল্পমেলা। মেলা জমে রাতে। বিভিন্ন ধরনের জুয়া, হাউজি আর রাত ১২টা থেকে ভোর পর্যন্ত যাত্রাপালা।

শুভাশিস স্থানীয় ছেলে। আমাকে আপনি করে ডাকে। একদিন ফিসফিসিয়ে বলে, ‘ভাই, যাত্রা দেখসেন কোনো দিন?’ বললাম, ‘টিভিতে দেখেছি।’ বলল, ‘ধ্যুর ভাই। অইগুলা তো ভদ্র যাত্রা।’ বুঝলাম, শুভাশিস অশ্লীল ইঙ্গিত দিচ্ছে। স্মার্ট হতে চেষ্টা করলাম। বললাম, ‘ও-ও, ঝাকানাকা যাত্রা? ঢাকায় তো এখানে-ওখানে অনেক হয় শুনেছি। একসময় ঢাকা কাঁপায় দিসিলো না প্রিন্সেস লাকী খান?’ থামিয়ে দিয়ে বলল, ‘আরে রাখেন! প্রিন্সেস লাইলি, প্রিন্সেস প্রেমাগো কাছে প্রিন্সেস লাকী বাচ্চা মাইয়া!’ চোখ কুঁচকে বললাম, ‘ওরা আবার কারা?’ বলল, ‘আমাগো চরের যাত্রার?’ চিন্তায় চলে গেলাম। অশ্লীল যাত্রা প্রচুর শুনেছি, দেখিনি কখনো। বললাম, ‘দেখতে কেমন তোমার লাইলি-প্রেমা?’ বলল, ‘জিনাত আমান-মাধুরী ফেইল! যাইবেন দেখতে? আজকে রাতে “সিরাজউদ্দৌলা” পালা আছে। আলেয়ারে দেখলে মাথা খারাপ হইয়া যাইব!’ একটু চিন্তা করে বললাম, ‘আবার বিপদ-টিপদে পড়ে মান-ইজ্জত যাবে না তো?’ হেসে বলল, ‘আপনের মতো সাহসী মানুষ এইডা কইলেন? আমি রেগুলার দেখি, আমি আছি না?’ সাহস পেলাম। তা ছাড়া দুয়েক রাউন্ড হাউজি খেলা দরকার। বেশ মজার খেলা। বললাম, ‘সন্ধ্যায় চলে এসো। শহরে ডিনার করে ঢুকব। খরচা সব আমার।’

এখানে হরেক রকম জুয়া চলছে। চরকি জুয়া, রিং জুয়া, পুরিয়া জুয়া। হাউজি আর যাত্রা প্যান্ডেল দুটো বেশ বড়। গ্রামের সরল মানুষগুলো জুয়ায় টাকা ওড়াচ্ছে। যাত্রা শুরু হতে আরও ঘণ্টা দেড়েক। কিন্তু প্যান্ডেলের মাইক থেকে ভেসে আসছে বাংলা ফিল্মের ‘ও সাগর কন্যা রে, কাঁচা সোনার গা’ আর ‘প্রেম প্রেম ভালোবাসা দেয়া-নেয়া মন’ জাতীয় গান। রেস্টুরেন্টের ওয়েলকাম ড্রিঙ্কের মতো। দুই চুমুকে বসিয়ে রাখছে। যেতে দিবে না। চারদিকে ঝলমলে আলো তো আছেই। শুভাশিস অতি উৎসাহে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, ‘হুনছেন গানগুলা?’ আমি ‘থাম্বস আপ’ দেখালাম। বললাম, ‘চলো, আগে এক রাউন্ড হাউজি খেলে নেই।’

হাউজির মজা এর নম্বর ডাকায়। ১ থেকে ৯০ পর্যন্ত নম্বর। একজন সবার সামনে দাঁড়িয়ে একটি ডিভাইস ঘোরায়। যখন যে নম্বরটা আসে, সেটা ছন্দে ছন্দে মজা করে কল দেয়। যেমন চুরাশিকে বলবে, ‘দাদির ঘরে ঢুকল চোর, এইট অ্যান্ড ফোর-এইটি ফোর! অথবা, ‘শাবানা-ববিতা-কবরী, খুব সুন্দরী-নাম্বার থ্রি!’ কল চলছে। আমরা কাগজের শিটে নম্বর কাটছি। আমার আর একটা নম্বর হলেই হাউজ পেয়ে যাব। পাঁচ হাজার টাকা। ৪ দরকার। শুভাশিস খামচি দিয়ে ধরে আছে আমাকে। কল আসবে, ‘আ সিঙ্গেল চোর, নাম্বার ফোর’—আমরা ‘ইয়েস’ বলে লাফ দিব। পেয়ে যাব পাঁচ হাজার। কিন্তু কল এল, ‘ডাবল চোর, ফোর অ্যান্ড ফোর-ফোরটি ফোর!’ ই-য়ে-স বলে আকাশে লাফ দিল আরেকজন। পেয়ে গেছে। নিশ্চিত ক্যাচ হাতছাড়া করে মাথা নিচু করে আছি। শুভাশিস বলল, ‘ইশসিরে, চোর যখন আইলিই, দুইডাই আইলি? একটা আইতে পারলি না?’ বেরিয়ে এলাম আমরা ব্যর্থ ডাবল চোর।

যাত্রা প্যান্ডেলের টিকিট কাউন্টারের আংকেল শুভাশিসকে দেখে পান চিবাতে চিবাতে বলল, ‘ভাতিজা, কাইলকেও আইস। গাজিপুর থেইকা প্রিন্সেস হেলেন আসতেসে।’ টিকিট নিতে নিতে শুভাশিস উত্তেজনায় আস্তে এক চিমটি দিল।

যাত্রামঞ্চের সাজসজ্জা রাজকীয়। চারিদিক খোলা। একপাশে যন্ত্রশিল্পীরা যার যার বাদ্যযন্ত্র নিয়ে লাইন দিয়ে বসা। লাইট সেটিং দেখার মতো। আজব হলাম। অজপাড়াগাঁয়ের যাত্রাদলের এত ভালো লাইট সেন্স? ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছি। এই ক্লাসে শুধু আমি আর শুভাশিস। পুরোটা ফাঁকা। পাশের সেকেন্ড ক্লাসেও কেউ নেই। থার্ড ক্লাসে দর্শকে গিজগিজ। সব লুঙ্গি আর চাদরে মাথা ঢেকে মাটিতে বসেছে। নদের হাওয়ার সঙ্গে সস্তা মদের গন্ধে একাকার। একটু আড়াল করে নাক চেপে ধরলাম। শুভাশিস আমার বিব্রত অবস্থা কাটাতে বলল, ‘ইজি হইয়া যান। যাত্রা দেখে থার্ড ক্লাস মানুষেরাই।’ রেগে চমকে তাকালাম। শুভাশিস স্বাভাবিক করতে বলল, ‘না মানে, আমি আর আপনেই শুধু ফার্স্ট ক্লাস!’ আমার পরনে সেন্ট মাইকেলের ব্লেজার, গলায় মাফলার, হাতে বেনসন। শুভাশিসের গায়ে উলে বোনা লাল গলাবন্ধ সোয়েটার। সবাই আমাদের আড়চোখে মাপছে।

মাধুরী দীক্ষিত। প্রতীকী ছবি: সংগৃহীত
মাধুরী দীক্ষিত। প্রতীকী ছবি: সংগৃহীত

জাতীয় সংগীতের সুরে দাঁড়িয়ে গেলাম। শেষ হলো। বসলাম। গ্রিনরুম থেকে লাইন ধরে আস্তে আস্তে হেঁটে এল একঝাঁক অতি ভদ্র মেয়ে। সবার পরনে একই ড্রেস। সবুজ রঙের ফুলহাতা, গলাবন্ধ গাউন। লাইন ধরে দাঁড়িয়ে দর্শকদের দিকে মাথা ঝুঁকিয়ে সম্মান দেখাল। গম্ভীর ভাবে শুরু করল, ‘এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে!’ ফিসফিসিয়ে বললাম, ‘এরা কারা?’ শুভাশিস বলল, ‘এরাই তো হ্যারা।’ বললাম, ‘কী বলো! লক্ষ্মী সব ইনোসেন্ট মেয়ে। তুমি এদের বদনাম করতেসিলা আমার কাছে?’ অপমানিত শুভাশিস বলল, ‘ল-ক্ষ্মী! অই যে বামের থেইকা তিন নম্বরটা প্রিন্সেস লাইলি, আর মাঝখানেরটা প্রিন্সেস প্রেমা। শরীর ঢাইক্যা আসছে দেইখা চিনতে পারতেসেন না, চেহারাডা চিন্যা রাখেন!’

পদ্মা-মেঘনা শেষ হলে মাথা নিচু করে লাইন ধরে লক্ষ্মী মেয়ের দল চলে যায় গ্রিনরুমের দিকে। যেন একঝাঁক সবুজ পেঙ্গুইন। মঞ্চের আলো নিভে গেল।

হঠাৎ ড্রাম কান ফাটিয়ে বেজে উঠল, ধ্রুম-ধ্রাম-ঢাক-ঢাক-ঢাক-ঢাকাস ঢাকাস ঢাক-ধুম ধাক ধাক! মঞ্চের আলো জ্বলে উঠল। আলোর রং বদলাতে লাগল ড্রামের তালে তালে। গ্রিনরুম থেকে দৌড়ে মঞ্চের কেন্দ্রে এসে দাঁড়িয়ে গেল প্রায় জন্মদিনের পোশাকের এক মৎস্যকন্যা! মনে মনে হ্যাপি বার্থ ডে বলতে গিয়ে থেমে গেলাম, গায়ে ঝলমলে বেশ কিছু আবরণ আছে। চিৎকার আর সিটিতে ফেটে পড়ল থার্ড ক্লাস! মেয়েটা অপূর্ব মুদ্রায় ‘ঝুমে ঝুমে দিল মেরা’র সুরে নাচছে, যেন পানিতে নেচে চলেছে ট্রেনিংপ্রাপ্ত ডলফিন!

শ্রীদেবীর সাসঙ্গে জিতেন্দ্রর বেশির ভাগ ড্যান্সগুলো ছিল উত্তেজক। ‘কুরবানি’ ছবিতে জিনাত আমানের ক্যাবারে ড্যান্স কিশোর-তরুণদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। কিন্তু এই ড্যান্সিং মেশিনের ভোল্টেজ তাদের চেয়েও ৫০ হাজার ভোল্ট বেশি! এর ছোঁয়ায় মৃত্যু ঘটতে পারে।

শুভাশিস হাত খামচে ধরে বলে, ‘কন তো এইডা কে?’ বললাম, ‘চিনলাম না।’ বলল, ‘কেমনে চিনবেন? কইসিলাম না চেহারা চিন্যা রাখতে? এইডাই একটু আগের মাঝখানের ওই প্রিন্সেস প্রেমা।’ বললাম, ‘অসম্ভব! এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করল কীভাবে?’ বলল, ‘চেঞ্জ করব ক্যান? এগুলান পরাই ছিল। শুধু ওপরের জোব্বাটা খুইলা দৌড়ায় চইলা আসছে।’

নাচ শেষে শুরু হলো আসল পালা। নবাব, মীর জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, আলেয়া, লর্ড ক্লাইভদের পোশাক, হাঁটার স্টাইল, অভিনয় দেখে টাশকি খেলাম। এত নিখুঁত ও স্মার্ট অভিনয়? নবাবের বসার স্টাইল, তাকানো, লর্ড ক্লাইভের ব্রিটিশ মার্কা চলন-বলন দেখে মনে হলো, ওরা অরিজিনালিই তাই। লর্ড ক্লাইভ বাংলার চেয়ে ইংরেজি বলছে বেশি। প্রথমে ভাবলাম গ্রাম্য দর্শকদের আগডুম বাগডুম বোঝাতে ভুলভাল ইংরেজি বলছে। মধুমিতা-অভিসারে হলিউড মুভি দেখে দেখে আমার ইংলিশ লিসেনিংটা তীক্ষ্ণ। চোখ বড় হয়ে গেল। লর্ড ক্লাইভ শুধু শুদ্ধ ইংলিশই বলছে না, উচ্চারণ এত নিখুঁত, মনে হচ্ছে, হলিউড লিজেন্ড জেমস কোবার্ন কথা বলছে!

যাত্রাপালার মাঝে মাঝে টিভি নাটকের বিজ্ঞাপন বিরতির মতো চলছে লাইলি-প্রেমাদের মঞ্চ-কাঁপানো নাচ। বিনোদনপ্রেমী দর্শকেরা দিচ্ছে আকাশ-কাঁপানো চিৎকার ও ছুড়ছে টাকা! রাত যত বাড়ে, ঝাঁকুনি ও চিৎকার তত বাড়ে। বিপদে পড়লাম। প্রিন্সেসরা পালাক্রমে আমাদের দিকে মুখোমুখি দাঁড়িয়ে নানা মুদ্রায় কাঁপুনি তুলছে। মুদ্রা জানে ওরা। শুভাশিস খারাপ বলেনি। মাধুরী-জিনাত আমানের চেয়ে কম কিসে? বুঝলাম, ফার্স্ট ক্লাসের ‘কোট প্যান্ট পরা বাবু’দের ওরা ধনাঢ্য ও সম্ভাবনাময় ভাবছে। শুভাশিস কানের কাছে মুখ এনে বলল, ‘হ্যারা আপনেরে টার্গেট করসে।’ আমাদের ফিসফিসানি দেখে ওদের উৎসাহ বেড়ে গেল। একসঙ্গে তিনজন এবার লাইন দিয়ে মুখোমুখি দাঁড়িয়ে। এতে সাধারণ দর্শক খেপে খিস্তিখেউড় করছে। মহা বিপৎসংকেত। আপনার চোখের দিকে অপলক তাকিয়ে নাচছে তিন সুন্দরী। পৌরুষ বজায় রাখতে আপনিও চোখ অন্যদিকে সরাতে পারছেন না। আর পাশেই চলছে জনতার বিক্ষোভ! চোখ সরালাম না। ওদের চোখের দিকে তাকিয়েই হাসি হাসি মুখ করে তাল দিতে লাগলাম যেন নাচের তালে না, লতাজির ‘ঝুমে ঝুমে দিল মেরা’তে তাল দিচ্ছি। শুভাশিস কানে কানে বলল, ‘ট্যাকা দিবেন?’ বললাম, ‘মাথা খারাপ? টাকা দিলে চেয়ারের পাশে এসে নাচবে!’

এর মধ্যে দুই দফা চরের গরম-গরম ভাপা পিঠা ও চা হয়ে গেছে আমাদের।

মাঝরাতে শুরু হলো নবাব আর লর্ড ক্লাইভের মধ্যে প্রচণ্ড লড়াই। গ্রিনরুম থেকে গুড়ুম গুড়ুম করে চর কাঁপিয়ে আসতে লাগল বোমার আওয়াজ। শুভাশিস বলল, ‘বোম না, কাগজের পটকা।’ নবাব একবার মঞ্চে এলেন আবার চিন্তিতভাবে দ্রুত গ্রিনরুমে চলে গেলেন। শুভাশিস বলল, ‘চলেন উইঠা পড়ি, শীত করতাসে।’ বললাম, ‘কেন, শেষটা দেখে যাই?’ বলল, ‘শেষে আর নাচ নাই। অহন নবাব মইরা যাইব, ক্লাইভ জিতব।’ আসলে ওঠাও দরকার। শেষ পৌষের মাঝরাতে ব্রহ্মপুত্রের চরে যে পা জমে ঠক ঠক করছে, তা এতক্ষণ টের পাই নাই।

আমাদের রিকশাটা রাত সাড়ে চারটায় ব্রহ্মপুত্রের পাড় ধরে এগোচ্ছে ক্যাম্পাসের দিকে। মন খারাপ। এত সুন্দর অভিনয়, এত সুন্দর সেট-লাইট-কস্টিউম ডিজাইন সেন্স, এত সুন্দর মিউজিক। যে নাচে দর্শক খুঁজেছে অশ্লীলতা, সেই নাচে আমি দেখেছি তাল-লয়-মুদ্রার কোনো ছন্দপতন ঘটেনি। এদের পারফর্ম করে বেড়াতে হয় নদ-নদীর চরে চরে? অশ্লীল অঙ্গভঙ্গি করতে হয় জীবন ধারণের জন্য? শুভাশিস বলল, ‘ভাই মনে হয় প্রেমার প্রেমে পড়সেন?’ শুকনো হাসি দিয়ে বললাম, ‘হুম।’

দূর চর থেকে গুড়ুম গুড়ুম করে দুটো বোমার আওয়াজ এল। সম্ভবত লর্ড ক্লাইভদের বিজয়ের তোপধ্বনি!