মাঝরাতে সঞ্জয়ের বাড়িতে শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাত একটার সময় সঞ্জয় দত্তের বাড়িতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সঞ্জয়ের বাড়িতে মধ্যরাতের অতিথি হিসেবে তাঁর এই আকস্মিক সফরের কথা জেনে বলিউডের অনেকেই চমকে উঠেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।১১ এপ্রিল বৃহস্পতিবার রাত একটার দিকে সঞ্জয়ের বাড়িতে উপস্থিত হন শাহরুখ খান। সেখানে কয়েক ঘণ্টা সঞ্জয়ের পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি।ভারতের সুপ্রিম কোর্ট সঞ্জয়ের ৫ বছরের কারাদণ্ডের ঘোষণা দেয়ার পর থেকে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীই সঞ্জয় দত্তের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন। কিন্তু শাহরুখ তাঁর সঙ্গে দেখা না করায় অনেকেই ‘সঞ্জয়ের বন্ধু’ শাহরুখ খান কোথায়? এ প্রশ্নটি তুলছিলেন এবং শাহরুখ ও সঞ্জয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।‘চেন্নাই এক্সপ্রেস’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই যে শাহরুখ খান এতদিন তাঁর সঙ্গে সাক্ষাতের কোন সুযোগ পাননি সে বিষয়টি স্পষ্ট হয়েছে ১১ এপ্রিলের পর। শাহরুখের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, সঞ্জয়ের সাজার খবরটি শোনার পর থেকে সরাসরি দেখা করতে না পারলেও সব সময়ই সঞ্জয়ের খোঁজখবর রেখেছেন শাহরুখ। আর কারাদণ্ডের বিষয়টি জানার পর সঞ্জয় দত্তের মোবাইলে প্রথম কলটিও তিনিই করেছিলেন। বিপদেই বন্ধুর পরিচয়। সঞ্জয় দত্তের অন্তরঙ্গ বন্ধু হিসেবে শাহরুখ খান তাঁকে নৈতিক সমর্থন ও সব সময় পাশে থাকার কথা বলেছেন।১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা বিস্ফোরণের মামলায় বেআইনি অস্ত্র রাখার জন্য সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। অবশ্য এরমধ্যে দেড় বছর জেলে কাটানোর ফলে বর্তমানে সঞ্জয় দত্তকে আর সাড়ে তিন বছর জেল খাটতে হবে । ১৮ এপ্রিল আত্মসমর্পণ করতে পারেন বলিউডের এ অভিনেতা।