মাটিকে মেঘ বানিয়ে ভাসিয়েছিলেন শহরের আকাশে

দেশভাগের আগেই তাঁর পরিবারের সদস্যরা ভারত চলে গিয়েছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে। হয়তো সে কারণেই তাঁর রক্তে-মাংস-ধমনিতে খেলা করত সুরের ঢেউ। আরকুম শাহ-হাসন রাজা-শাহ আবদুল করিমের মাটি যে! বলছিলাম কলকাতার লোকগানের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের কথা। আজ সকাল ৮টা ৫০ মিনিটে যিনি ভারতের হুগলির গুড়াপের কাছে সড়ক দুর্ঘটনায় মাত্র ৪৭ বছর বয়সে প্রাণ হারিয়েছেন।
কালিকাপ্রসাদ ১৯৯৯ সালে তাঁর কয়েকজন বন্ধু ও সমমনাদের নিয়ে ‘দোহার’ নামের একটি গানের দল তৈরি করে অসম্ভব দরদি গলায় লোকগান গাইতে শুরু করেন। গ্রামীণ বাদ্যযন্ত্র ঢোল, মাদল, সারিন্দা, ধামসা, খঞ্জনি ও ডুবকি বাজিয়ে লোকগানের প্রকৃত সুর অক্ষুণ্নœ রেখে লোকগানগুলো অকৃত্রিমভাবে দর্শক-শ্রোতাদের কাছে একের পর এক উপস্থাপন করতে থাকেন। গাইতে থাকেন সিলেটেরই প্রখ্যাত গীতিকার সৈয়দ শাহনুর, শিতালং শাহ, রাধারমণ, হাসন রাজা, শাহ আবদুল করিমদের গান। কীর্তন, ভজন, ভাটিয়ালি, ঝুমুর, বাউল নানা ধারার গান তাঁদের কণ্ঠে নিয়মিতভাবে গীত হতে থাকে। রসজ্ঞ শ্রোতারাও এসব গান দারুণভাবে গ্রহণ করেন।
দিনে দিনে লোকগানে সেই কালিকাপ্রসাদ হয়ে ওঠেন এক সমীহজাগানো নাম। দেশীয় বাদ্যযন্ত্রের মাদকতার সঙ্গে তাঁর নিজস্ব গায়কির ধরন আর কণ্ঠের জাদুতে আবিষ্ট করে ফেলেন বাংলাভাষী গানপ্রিয় মানুষদের। তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে ওঠেন এক উজ্জ্বল আদর্শ। সেই মানুষটি যখন চলে গেলেন না-ফেরার দেশে, তখন স্বাভাবিকভাবেই দেশ-বিদেশের সংগীতপ্রিয় মানুষেরা এখন গভীরভাবে শোকাহত।
কালিকাপ্রসাদের মৃত্যুর খবরটি শোনার পর প্রথমেই আমার চোখের সামনে ভেসে ওঠে কালিকার ঝাঁকড়া চুলের বাবরি দুলানো সদা হাস্যময় চেহারাটি। আহা, কতই না দরদ দিয়ে তিনি লোকগীতিকারদের গানগুলো গাইতেন। এসব গান সুরসমেত সংগ্রহ করতে তিনি প্রায়ই ছুটে আসতেন সিলেটে। চলে যেতে বাউলের আখড়ায়, ফকিরের ডেরায়। এই তো, গত বছর বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবর্ষের অনুষ্ঠান এবং রাধারমণের মৃত্যুশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট-সুনামগঞ্জে এসেছিলেন। সেখানে যোগ দিয়ে বলেছিলেন, ‘টাকা কিংবা নামযশের জন্য নয়, গান গাই মনের টানে।’
এই মুহূর্তে কালিকাপ্রসাদের সঙ্গে পরিচয়ের ঘটনাটুকু বেশ মনে পড়ছে। তিনি বেশ আগে যেবার শাহ আবদুল করিমের বাড়িতে গিয়েছিলেন, সেখানেই প্রথম আলাপ হয়েছিল। সেদিনই তাঁর লোকগানের প্রতি প্রেমের বিষয়টি দারুণভাবে অনুভব করি। আজ তাঁর মৃত্যুর পর কেবলই মনে হচ্ছে, এ মানুষটির হাওর ঘুরে ঘুরে সংগ্রহ করা হবে না আরও গান, আরও সুর কিংবা কড়া রোদে ঝিমধরা দুপুরে হাওরের পাড়ে বসে গাইবেন না শিতালং-রাধারমণ-করিম-দুর্বিন শাহের গান। যেখানেই থাকো, কেবল বলি, ভালো থেকো। তুমি তো গ্রামের মাটিকে মেঘ বানিয়ে ভাসিয়ে দিয়েছিলে শহরের আকাশে। তোমার প্রয়াণে সেই সুরের মেঘ আজ বৃষ্টি হয়ে ঝরছে। তোমার জন্য আমাদের দুফোঁটা অশ্রুপাত।