মাটিঘেঁষা সুরে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার লোকগানের ভুবন বিপুল বৈচিত্র্যে ঐশ্বর্যমণ্ডিত। নদীমাতৃক এই দেশের লোককবিরা সাধারণ মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ থেকে আধ্যাত্মিক চেতনার গভীর ভাব, অসাম্প্রদায়িকতার বাণী, জীবনযন্ত্রণা, এমনকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়টিও ফুটিয়ে তুলেছেন সহজ কথায়। বাংলার নদী-জল-মাটি থেকে উঠে আসা হূদয় আকুল করা সুরে। যুগ যুগ ধরে এসব গান মানুষের মুখে মুখে গীত হয়েছে। সেই গানগুলো মুগ্ধ করল নাগরিক শ্রোতাদেরও।দেশের প্রধান লোকসংগীত-সাধকদের গান নিয়ে এক ব্যতিক্রমী অনুষ্ঠান হলো গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। গান শুনিয়েছেন সংগীত সংগঠন নিবেদনের শিল্পীরা। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ গত বছর থেকে নিয়মিতভাবে দর্শনীর বিনিময়ে পাক্ষিক গানের আসরের আয়োজন করছে। এরই ধারাবাহিকতায় গতকাল হলো অনুষ্ঠানটি। প্রথম আলো সমন্বয় পরিষদের এই আয়োজনে সহায়তা দিচ্ছে।শুরুতেই ছিল সংক্ষিপ্ত আলোচনা। নিবেদনের সভাপতি সংগীতজ্ঞ অনুপ ভট্টাচার্য দর্শনীর বিনিময়ে শ্রোতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের লোকসংগীতের এই সাধকেরা তাঁদের গানে গানে জাতপাতের ঊর্ধ্বে থেকে অসাম্প্রদায়িক চেতনার বাণী প্রচার করে গেছেন। অসাম্প্রদায়িক বাংলা গড়ে তুলতে তাঁদের সেই আহ্বানে সাড়া দেওয়া আজকে বড়ই জরুরি।’ সমন্বয় পরিষদের সহসভাপতি মাহমুদ সেলিম বলেন, ‘দেশে এখন যে অবস্থা বিরাজ করছে, তাতে মনে হয় লালন, হাসনসহ এসব মরমি সাধক বেঁচে থাকলে তাঁদের নাস্তিক আখ্যা দেওয়া হতো। তবে তাঁরা যে মানবিক মূল্যবোধের কথা বলে গেছেন, সেই চেতনা ধারণ করেই আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে।’ প্রথম আলোর পক্ষে আলোচনা করেন ব্র্যান্ড ম্যানেজার অরূপ কুমার ঘোষ। নিবেদনের পরিচালক বিশ্বজিত্ ঘোষ অনুষ্ঠানে সহায়তা করায় প্রথম আলোকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান। এর পরই শুরু হয় গানের পালা।‘কার ভরসা করো রে ভাই’ মনমোহন দত্তের এই গানটি সমবেত কণ্ঠে পরিবেশনার মধ্য দিয়ে গানের পালা শুরু হয়েছিল। অনুষ্ঠানে একটি সংগৃহীত গানসহ ১৯ জন লোককবির গান পরিবেশন করা হয়। তুলনামূলকভাবে কম পরিচিত লোকসাধকদের গানই বাছাই করা হয়েছে। বাউলগুরু লালন সাঁই, হাসন রাজা, রাধারমণের গান বহুল গীত হয়ে থাকে বলে এবার তাঁদের গান অনুষ্ঠানে রাখা হয়নি বলে জানালেন সংগীত পরিচালক বিশ্বজিত্ রায়।একক সংগীত নিয়ে মঞ্চে আসেন অনুপ ভট্টাচার্য। তিনি পরিবেশন করেন দ্বিজ দাসের গান ‘সংসার সংগীতে পড়ে কুসঙ্গতে’ এবং ত্রিনাথ বাউলের গান ‘আমি কি অপরাধ’। সুমনা দাস পরে গেয়ে শোনান কাঙাল হরিনাথ ও পাগলা কানাইয়ের গান ‘ওহে দিন তো গেল’ ও ‘কোন বা পথে বন্ধুর দেশে’। আশীষ সরকার পরিবেশন করেন অখিল ঠাকুর ও জালাল উদ্দিনের গান ‘আমার মন তো বসে না’ ও ‘ভবেরই তরঙ্গে’। নওশীন তাবাসসুম গাইলেন ওস্তাদ মমতাজ আলী খান ও অরম শীলের গান ‘এই যে দুনিয়া’ ও ‘আমার কাঙ্খের কলসী’। আকাশ রহমান পরিবেশন করেন উকিল মুন্সির গান ‘আমার গায়ে যত দুঃখ’ গানটি।একক গানের পর সমবেত সংগীত নিয়ে আবারও মঞ্চে আসেন নিবেদনের শিল্পীরা। তাঁরা পরিবেশন করেন দুর্বিন শাহের গান ‘আমার অন্তরায় আমার কলিজায়’। এরপর আবার একক সংগীত পরিবেশনের পালা। এ পর্বের শুরুতেই মনিকা বিশ্বাস পরিবেশন করেন বিজয় সরকার ও গিয়াসউদ্দিনের গান ‘পোষা পাখি উড়ে যাবে’ ও ‘মরিলে কান্দিস না আমার দায়’। বিশ্বজিত্ রায় পরিবেশন করেন দীন ভবানন্দ ও মুকুন্দ দাসের গান ‘মথুরার সময় গেল গইয়া’ ও ‘কত রং দেখাবি কলিতে’। মেজবাহ প্রিয়াঙ্কা শোনান একটি সংগৃহীত গান ‘কাউয়ায় ধান খাইল রে’। অরুণ চৌধুরী পরিবেশন করেন শেখ ভানুর গান ‘নিশীথে যাইও ফুলবনে’। সুমা রায় শোনান পাঞ্জু শাহা ও দুদ্দু শাহর গান ‘মানুষ গুরু কল্পতরু’ ও ‘দিন আর দিন দিন’। অনুষ্ঠানটি শেষ হয়েছিল সমবেত কণ্ঠে শাহ আবদুল করিমের গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ পরিবেশনার মধ্য দিয়ে।