মাটির পিঞ্জিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২৬ এপ্রিল ঢাকাসহ সারা দেশে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এস এম শাহেনওয়াজ পরিচালিত চলচ্চিত্র মাটির পিঞ্জিরা। এস এম জিতু কথাচিত্রের ব্যানারে এতে অভিনয় করেছেন শাহিদ খান, শম্পা, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, নাসিমা খান, সাগর, কাজল, সিরাজ হায়দার, আনোয়ার শাহী প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বারী সিদ্দিকী। ছবির জন্য গান লিখেছেন রাজিব আহাম্মেদ ও বারী সিদ্দিকী। গানে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, শাকিলা জাফর, মমতাজ, ডলি সায়ন্তনী, এস আই টুটুল, রিজিয়া পারভিন ও বারী সিদ্দিকী।ছবির পরিচালক বলেন, ‘একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবির গল্প। গান ও গল্প মিলে একটা ভালো ছবি নির্মাণ করেছি। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’মুন্সিগঞ্জ থানার অন্তর্গত একটি গ্রামের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। গ্রামের গরিব বর্গাচাষি জলিল মিয়ার পালকপুত্র নয়নের একমাত্র স্বপ্ন, বিএ পাস করে সংসারের ভার কাঁধে নেবে। ওই গ্রামের জমিদার জয়নাল মাতব্বরের মেয়ে কাজল মনে মনে পছন্দ করে নয়নকে। কিন্ত নয়ন সব সময় কাজলকে এড়িয়ে চলে। অন্যদিকে, জমিদারের বন্ধুর ছেলে আব্বাসের সঙ্গে কাজলের বিয়ে ছোটবেলায় ঠিক হয়ে আছে। একসময় নয়নের সঙ্গে কাজলের প্রেম গড়ে ওঠে।অন্যদিকে কাজলকে বিয়ে করার জন্য তাঁর বাবাকে চাপ দিতে থাকে আব্বাস। শুক্রবার কাজল আর আব্বাসের বিয়ের দিন ধার্য হয়। এ কথা শুনে আকাশ থেকে পড়ে নয়ন। নয়ন ও কাজল দুজনে গ্রাম থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। গায়েহলুদের রাতে দুজন পালাতে গিয়ে আব্বাসের হাতে ধরা পড়ে। কাহিনি মোড় নেয় অন্যদিকে। নতুন করে শুরু হয় গরিব-জমিদারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব-সংঘাতের মধ্যে শেষ পর্যন্ত কাজল বধূ বেশে কার ঘরে উঠবে? নয়ন, নাকি আব্বাস? পাঠক, শেষ পরিণতি দেখতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে পর্দার সামনে বসতে হবে।