মাটির প্রজাদের সঙ্গে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটির প্রজার দেশে চলচ্চিত্রের দৃশ্য
মাটির প্রজার দেশে চলচ্চিত্রের দৃশ্য

সামনে যে দুজন বসে আছে, তাদের মধ্যে বেশ কয়েকটি মিল। এক. দুজন একই ক্লাসে পড়ে। দুই. দুজন প্রথমবার একসঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করেছে। তিন. দুজনই স্বপ্ন দেখে একদিন সত্যিকারের বড় ‘তারকা’ হবে।

জামাল ও লক্ষ্মী হয়ে মাটির প্রজার দেশে চলচ্চিত্রে অভিনয় করেছে অনিন্দ্য ও শিউলি ছবি: সুমন ইউসুফ
জামাল ও লক্ষ্মী হয়ে মাটির প্রজার দেশে চলচ্চিত্রে অভিনয় করেছে অনিন্দ্য ও শিউলি ছবি: সুমন ইউসুফ

এই দুজনের কারিশমা একটু-আধটু এ দেশের দর্শকের দেখার সুযোগ হলেও ‘আসল’ কাজ দেখছেন দেশের বাইরের দর্শক। কারণ এই দুজনের অভিনয় করা প্রথম চলচ্চিত্র মাটির প্রজার দেশে এরই মধ্যে অংশ নিয়েছে বেশ কয়েকটি উৎসবে। আলোচনার পাশাপাশি পুরস্কারও পেয়েছে ঢের।
যাদের ঘিরে মাটির প্রজার দেশের গল্প কিংবা এই লেখার শুরু, তাঁদের একজন শিউলি আক্তার আরেকজন মাহমুদুর অনিন্দ্য। মাটির প্রজার দেশে তারা অভিনয় করেছে যথাক্রমে লক্ষ্মী ও জামাল চরিত্রে।
২৩ অক্টোবর রোববার দুজন এসেছিল প্রথম আলোর কার্যালয়ে। অবশ্য এই আসার একটা হেতু আছে। ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগো সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচিত্র উৎসবে দর্শকের পছন্দে সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে মাটির প্রজার দেশে চলচ্চিত্রটি। এর আগে সিয়াটল চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবেই দেশের মানুষের আগ্রহ জেগেছে ছবিটি সম্পর্কে জানার। এ কারণে মুঠোফোনে আমন্ত্রণ জানানোর পর প্রযোজক আরিফুর রহমান নিয়ে এসেছিলেন প্রধান দুই অভিনয়শিল্পী শিউলি ও অনিন্দ্যকে। পরিচালক বিজন দেশের বাইরে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষ করে এখন নিজেই পড়াচ্ছেন। মাঝেমধ্যে হুটহাট দেশে এসে মাটির প্রজার মতো‘ভালো’ কিছু কাজ করে আবার ফিরে যান। এমনটাই বললেন তাঁর দীর্ঘদিনের বন্ধু আরিফ।
কিন্তু মাটির প্রজার দেশের গল্পটা কেমন? কিংবা শুটিংয়ের অভিজ্ঞতা? এবার দ্বন্দ্বটা লাগল লক্ষ্মী ও জামালের। আমি বলব? বলে আগেই ‘ফ্লোর’টা নিয়ে নিল অনিন্দ্য। এক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের ‘বাজান, লেখা তো সব মুইছা গেছে’ বিজ্ঞাপনের মাধ্যমে যে ছেলেটি এরই মধ্যে চেনামুখ হয়ে উঠেছে। ঝানু অভিনেতার মতো শুরু করল শুটিংয়ের অভিজ্ঞতা। ‘আমরা রাজশাহী আর ধামরাইতে শুটিং করেছি। আমার কাছে শুটিং মনে হয়নি এগুলো। মনে হয়েছে আমরা পিকনিকে গিয়েছি। আর ভাইয়ারা এত ভালো। সারাক্ষণ মজা করেছি।’
এবার ফ্লোর দেওয়া হলো লক্ষ্মী মানে শিউলিকে। বলল, ‘আমরা দুজন খুব ভালো বন্ধু। তারপর ভাইয়ারা যা যা করতে বলেছেন, তা-ই করেছি। কিন্তু গল্পটা বলতে পারব না।’
শিউলির গল্প না বলাটা খোলাসা করলেন আরিফ। ‘আমরা পুরো গল্পটি কাউকে জানাইনি। দৃশ্য ধারণের সময় আমরা শুধু ওই পরিবেশটা তৈরি করেছি। ওরা শট দিয়েছে।’
মজার ব্যাপার হলো, শুটিং শেষে এখনো কোনো অভিনয়শিল্পী পুরো চলচ্চিত্র দেখেনি। আগামী বছরের শুরুতে ঢাকা চলচ্চিত্র উৎসবে সবাই মিলে দেখবেন ছবিটি। তারই অপেক্ষা। তবে এ আড্ডা শেষ করার আগে গল্পটার একটা ‘প্রমো’ বলে দিলেন আরিফ। ‘সিনেমাটির গল্প এগিয়েছে এক কিশোরকে নিয়ে। গ্রামের এই কিশোরের প্রবল ইচ্ছে স্কুলে পড়ার। কিন্তু তার নিজের বাবার নাম জানা না থাকার কারণে আর ভর্তি হওয়া হয় না কোনো স্কুলে। এমনই এক গল্পের প্রেক্ষাপট থেকে এগিয়েছে সিনেমার পটভূমি। সঙ্গে যোগ হয়েছে শিউলির সঙ্গে বন্ধুত্ব।’

ছোট বেলায় হারিয়ে ফেলা বন্ধুকে অনেক বছর পর ফিরে পেলে কি আগের মতোই অনুভূতি কাজ করে? এই প্রশ্নটার উত্তরই সম্ভবত দেখাবেন আরিফ আর বিজনের মাটির প্রজারা। সে জন্য দর্শকের অপেক্ষা করতে হবে আরও দু-তিন মাস।

বলে রাখা ভালো, মাটির প্রজার দেশে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, চিন্ময়ী গুপ্তা, মনির আহমেদ শাকিল, প্রশান্ত ত্রিপুরা, কচি খন্দকার প্রমুখ।