মাঠ থেকে বিজ্ঞাপনে

মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, এনামুল হক বিজয়।
‘আনন্দ’ পাতায় তাঁদের নাম দেখে অবাক হচ্ছেন? ভাবছেন, এই কজন তো ক্রিকেট তারকা! ‘আনন্দ’ পাতায় আবার তাঁরা কেন?

এই ক্রিকেট তারকারা মাঠে ছক্কা কিংবা চার হাঁকান, কিংবা তাঁদের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান অন্য দেশের বড় বড় ক্রিকেট তারকারা। আর তখন শুধু মাঠজুড়ে নয়, সারা দেশের ক্রিকেটভক্তরা আনন্দে একসঙ্গে চিৎকার করে উঠছে। বাংলাদেশের এই ক্রিকেট তারকাদের এখন দেখা যাচ্ছে নানা বিজ্ঞাপনচিত্রেও।
মাঠে যাঁরা তারকা, সেই তারকারা যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, তখন তাঁদের অনুভূতি কেমন হচ্ছে?
এখন তো সবাই ব্যস্ত খেলা নিয়ে। ১০ জুন থেকে ফতুল্লা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট টেস্ট। মাঠের বাইরে আছেন মাশরাফি বিন মুর্তজা। কথা হলো তাঁর সঙ্গে। তিনি বললেন, ‘একটু তাড়াহুড়ো করেছি। এত ধৈর্য আমার নেই। একটা শট দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়, লাইটিং-ফাইটিং—এসব অতিষ্ঠ লাগে। অত ধৈর্য আমার নেই।’

কিন্তু নির্মাতা আর আয়োজকদের সঙ্গে কাজ করে দারুণ খুশি মাশরাফি। বললেন, ‘সবাই আমাকে খুবই সহযোগিতা করেছে। বিশ্বকাপ ক্রিকেটের সময় বিজ্ঞাপনসংশ্লিষ্ট ব্যক্তিরা আমাকে কোনো চাপ দেয়নি। কারণ তাঁদেরকে আগেই বলেছি, এখন আমাকে খেলায় মনোযোগ দিতে হবে। আমার কাছে শুটিংয়ের ব্যাপারটি বিব্রতকর মনে হয়। এ পর্যন্ত ছয়টা বিজ্ঞাপনে কাজ করেছি। আরও কয়েকটির জন্য চুক্তি হয়েছে।’
নাসির হোসেন বললেন, ‘মাঠে চার-ছক্কা মারের মধ্যেই বেশি আনন্দ। আর উইকেট পেলে তো কথাই নেই। ক্যামেরার সামনে এলেই কেমন যেন বদলে যাই।’
তাসকিন বললেন, ‘ক্রিকেটকে ঘিরেই আমার সবকিছু। খেলার বিরতিতে যখন বিজ্ঞাপনচিত্রে কাজ করি, তখন অন্য রকম এক অভিজ্ঞতা হয়। ওই কাজটিও উপভোগ করি। কিন্তু ২০-৩০ সেকেন্ডের বিজ্ঞাপনচিত্রের জন্য যখন শুটিংয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়, তখন আর ভালো লাগে না।’
মাঠের তারকারা ক্যামেরার সামনে কেমন করছেন? আসুন, জানা যাক নির্মাতাদের কাছ থেকে।
তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট আর ডেভ হোয়াটমোরকে নিয়ে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সর্বশেষ কাজ করেন তামিম ইকবালকে নিয়ে। বললেন, ‘অভিনয় বুদ্ধিমান মানুষের কাজ। তামিম অবশ্যই একজন বুদ্ধিমান ছেলে। সে জানে, কোন পরিস্থিতিতে তাঁকে কী কাজ করতে হবে। মাঠের মতো ক্যামেরার সামনেও সে তেমনটিই করেছে।’
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল আর রুবেলকে নিয়ে কাজ করেছেন গাজী শুভ্র। তিনি বললেন, ‘আমি তাঁদের সঙ্গে গোড়াতেও কাজ করেছি, এখনো করছি। এখন তাঁরা অনেক বেশি পরিণত। ক্যামেরাভীতি একেবারেই নেই। তাঁদের সময়জ্ঞান আমাকে মুগ্ধ করেছে।’

সাকিব আল হাসানকে নিয়ে যাঁরা বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন, তাঁদের মধ্যে আছেন মাহফুজ আহমেদ, আদনান আল রাজীব, পিপলু আর খান।
মাহফুজ আহমেদ বলেন, ‘সাকিব শতভাগ পেশাদার একজন মানুষ। প্রতিটি কাজ করেন হিসাব কষে। যেকোনো মুহূর্তের জন্য তিনি তৈরি থাকেন। আমরা যারা শোবিজে কাজ করছি, তারা এখনো পুরো মাত্রায় পেশাদার হতে পারিনি। সাকিব আমাদের বুঝিয়ে দিয়েছেন, একটা পর্যায়ে গিয়ে মানুষকে সম্পূর্ণ পেশাদার হতে হয়।’
আদনান আল রাজিব বলেন, ‘সাকিবকে নিয়ে কয়েকটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছি। নতুন করেছি আইসক্রিমের একটি বিজ্ঞাপনচিত্র। এই কাজটি করার সময় সাকিব ছোটদের মতো নানান দুষ্টুমি করেন। শুটিংয়ের সময় যেন তাঁর ভেতরের শিশুমনটা বের হয়ে এসেছিল। আমরা কিন্তু তা দারুণ উপভোগ করেছি।’
পিপলু বলেন, ‘সাকিব খুব ভালো পর্যবেক্ষক। সাকিবের সময়জ্ঞান অসাধারণ। মনেই হয়নি বড় কোনো তারকাকে নিয়ে কাজ করছি। যা করতে হবে, সাকিব তা খুব দ্রুত বুঝতে পারেন। সবাই হয়তো ভাবছেন, শুটিংয়ের ফাঁকে সাকিবের সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা হয়। মোটেই না। আমরা কখনোই ক্রিকেট নিয়ে আলোচনা করিনি।’

মাশরাফিকে নিয়ে মাহফুজ আহমেদ বললেন, ‘আমরা তখন নড়াইলে মোস্তফা সরয়ার ফারুকীর স্বরবর্ণ থিয়েটার ধারাবাহিকের শুটিং করছি। মাশরাফি তখন আরও ছোট। শুটিংয়ে এসে আমার কাছে অটোগ্রাফ চেয়েছিলেন। ভিড়ের জন্য সেদিন তাঁকে অটোগ্রাফ দেওয়া হয়নি। এ ঘটনার অনেক বছর পর মাশরাফির সঙ্গে দেখা হলো সোনারগাঁও হোটেলের জিমে। মাশরাফি তখন বাংলাদেশ দলের অধিনায়ক। আমি এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে কথা বললাম। তখন মাশরাফি নড়াইলের ওই ঘটনার কথা স্মরণ করেন। তাঁর কথার মাঝে কতটা সারল্য ছিল, তা বলে বোঝাতে পারব না।’
সম্প্রতি মুশফিকুর রহিম, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, নাসির হোসেন আর তাসকিন আহমেদকে নিয়ে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র তৈরি করেন আশফাক-উজ্-জামান বিপুল। তিনি বলেন, ‘অভিনয়ের কোনো ব্যাপার না থাকলে তাঁদের কাছ দ্বিতীয়বার কোনো শট নিতে হয়নি। বুঝিয়ে দেওয়ার পরই কী করতে হবে, তাঁরা সহজেই বুঝতে পেরেছেন।’
মুশফিককে নিয়ে বললেন, ‘ক্যামেরা সম্পর্কে তাঁর ভালো ধারণা হয়ে গেছে। কোথায় লুক দিতে হবে, কতটুকু না তাকালেই নয়, সব। একজন পেশাদার অভিনেতার ছাপ পেয়েছি তাঁর মধ্যে।’ আর তামিমকে নিয়ে বললেন, ‘আমরা ক্রোমা প্রযুক্তিতে শুটিং করছি। তিনি এমনভাবে ব্যাট চালাচ্ছিলেন যে বল ক্যামেরায় খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। বললাম, বলটাকে ছয় ইঞ্চি নিচে নামাতে হবে। দেখলাম, ওই হিসাবটা ঠিক মাপা। পরে আর ভুল হলো না।’

আদনান আল রাজিব বলেন, ‘গত এপ্রিল মাসে রুবেলকে নিয়ে একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি। শুটিং হয়েছে এফডিসির দুই নম্বর ফ্লোরে। সকালে দেখি একটি শান্ত ছেলে ফ্লোরে এসে ঢুকল। ক্যামেরার সামনে তাঁর আক্রমণাত্মক অভিব্যক্তি দরকার ছিল। দেখি, ক্যামেরা ওপেন হতেই পুরোপুরি পাল্টে যায় সকালবেলার সেই শান্ত ছেলেটি। আমরা তাঁর কাছ থেকে দারুণ কাজ পেয়েছি। আর কাজের ফাঁকে আমাদের টিমের সঙ্গে তাঁর বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়।’
তামিম ইকবালকে নিয়ে একটি ব্লেডের বিজ্ঞাপনচিত্র তৈরি করেন আমিনুল আকরাম। তিনি বলেন, ‘আলোচনা চূড়ান্ত হওয়ার চতুর্থ দিনেই আমরা শুটিং করেছি। শুটিংয়ের জন্য নির্ধারিত তিন দিনের কাজ আমাদের দেড় দিনে শেষ করতে হবে। কারণ, তামিমের হাতে সময় নেই। এরপর তাঁকে ছুটতে হবে সিলেটে। এদিকে তামিমের হাতে মাথার চুল কাটার জন্যও এতটুকু সময় নেই। তামিমের আন্তরিকতার কারণে দেড় দিনেই পুরো কাজ শেষ করতে পেরেছি। আর শুটিং শেষে মেকআপ রুমে চুল কেটে তিনি দ্রুত রওনা দেন সিলেটের উদ্দেশে।’
ক্রিকেট তারকাদের নিয়ে এমনিভাবে কাজ করছেন নির্মাতারা। খেলোয়াড়দের তারকাখ্যাতিই এখানে মূল কারণ। নির্মাতাদের মতে, এটা সূচনা মাত্র। সামনে বিজ্ঞাপনচিত্রে ক্রিকেট তারকাদের অংশগ্রহণ আরও বাড়বে, এটা নিশ্চিত।