মাঠ থেকে মঞ্চে...

ক্রিকেটের সাজঘরে তাঁরা খেলার কৌশল নিয়ে জটিল সব আলাপ-আলোচনা করেন। তবে গত মঙ্গলবার বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের আরেক ধরনের সাজঘরে পাওয়া গেল খুব ফুরফুরে মেজাজে। কীভাবে চুল বাঁধলে মানাবে, তাঁদের সেই আলাপই করতে দেখা গেল। খেলোয়াড়েরা সেদিন একটি বিশেষ টিভি অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের নাম ‘বাংলার বাঘিনীরা’। আগামী ঈদুল আজহায় দীপ্ত টিভিতে অনুষ্ঠানটি দেখানো হবে।
দলের ১৫ জন খেলোয়াড়কে এক করা চাট্টিখানি কথা নয়। তবে অনুষ্ঠানের প্রযোজক ব্রাত্য আমিন বললেন, এ জন্য খুব একটা বেগ পেতে হয়নি তাঁদের। ক্রিকেট বোর্ডকে অনুষ্ঠানের পরিকল্পনা শুনিয়ে প্রস্তাব করতেই রাজি হয়ে গেছে তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দলেরই এক সদস্য সাথিরা জাকির জেসি।
মঙ্গলবার দীপ্ত টিভির সাজঘরে ঢুকে দেখা যায়, ১৫ নারী ক্রিকেটার তৈরি হচ্ছেন অনুষ্ঠান রেকর্ডিংয়ের জন্য। সবার গায়েই ঈদের পোশাক আর ঈদের দিনের মতো সাজসজ্জা। নানাজনের মুখে নানা রকম কথা। কেউ সেলফি তুলছেন, কেউবা নিজের চেহারা আর চুলের সাজ নিয়ে ব্যস্ত। কেউ আবার অন্যজনকে বলছেন, ‘আমার চেয়ে তোর সাজটা বেশি ভালো হয়েছে।’
সাজঘরের ভেতর মজার সব ঘটনা বলছেন এশিয়া কাপ জিতে আসা নারী ক্রিকেটাররা। উপস্থাপক জেসি সতীর্থ খাদিজাতুল কোবরাকে প্রশ্ন করলেন, ‘কী রে, এটা তোর কত নম্বর জামা?’ তাঁর জবাব, ‘পাঁচটা জামা কিনেছি। এটা ৫ নম্বর। কাল সারা দিন ঘুরে রাতে এই জামাটা কিনতে পেরেছি।’
কথা হয় খেলোয়াড় রুমানা আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘এভাবে পুরো দল একসঙ্গে খেলার মাঠের বাইরে কোনো টিভি অনুষ্ঠানে যোগ দিইনি। এবারই প্রথম। তাই আমাদের রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। তার ওপর এখানে এসেই জানলাম, জেসি আপুই হবেন অনুষ্ঠানের উপস্থাপক। তাই এই সারপ্রাইজে আমাদের আনন্দ আরও বেড়ে গেল।’
রাত নয়টার দিকে শুরু হয় অনুষ্ঠানের দৃশ্য ধারণ। চলে অনেক রাত পর্যন্ত। কিন্তু নারী ক্রিকেটারদের আনন্দের সামনে গভীর রাতও হার মেনেছিল। তাঁরা রাতকে তাঁদের আড্ডায় আর মজার মজার গল্প-অভিজ্ঞতায় মাতিয়ে রেখেছিলেন।