
শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের চতুর্থ আসর। এই আসরে দেশি-বিদেশি খেলোয়াড়েরা লড়াইয়ে নামবেন ব্যাট আর বল নিয়ে, আর সেই লড়াইয়ে মাঠের যোদ্ধাদের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির থাকবেন বেশ কজন তারকা। এরই মধ্যে সমর্থক হিসেবে বেশ কজন পরিচিত শিল্পী নিজেদের যুক্ত করেছেন বিভিন্ন দলের সঙ্গে। কেউ কেউ তো রীতিমতো দলের পরিচালকের দায়িত্বই নিয়ে নিয়েছেন।
কিছুদিন আগে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রংপুর রাইডার্সের। দলের কৌশল নির্ধারণে তিনি এখন ব্যস্ত। রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেছেন, সমর্থক হিসেবে গ্যালারিতে দেখা যাবে একঝাঁক তারকাকে, যাঁদের মধ্যে থাকবেন সোহানা সাবা, সারিকা, স্পর্শিয়া ও ঈশানা। খুলনা টাইটানসের সঙ্গে যুক্ত হয়েছেন মুমতাহিনা টয়া, সাবিলা নূর, তৌসিফ, সিয়াম, সাফা কবিরসহ অনেকে।
টাইটানসের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বন্ধুদের কথা শুনে আগ্রহী হয়েছি দলটির সঙ্গে যুক্ত হতে। সবাই মিলে মাঠে গিয়ে খেলা দেখব, এটাই আমার জন্য আনন্দের।’
রাজশাহী কিংসের উদ্যোগে গত রোববার রাজশাহীতে আয়োজন করা হয়েছিল কনসার্টের। সেখানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী মমতাজ ও জোহাদ। তবে এখন পর্যন্ত কোনো অভিনয়শিল্পী দূত হিসেবে যুক্ত হননি কিংসের সঙ্গে।
এদিকে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, চিটাগাং ভাইকিংস, বরিশাল বুলসের সঙ্গে এখন অবধি কোনো তারকা যুক্ত হননি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে এই দলগুলো দু-একজন তারকাকে তাদের খেলোয়াড় ও সমর্থকদের উৎসাহ জোগাতে নিয়ে নিতে পারে।