মাঠে লড়েছেন ক্রিকেটাররা, গ্যালারিতে তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে মৌসুমী ও ওমর সানি
গ্যালারিতে মৌসুমী ও ওমর সানি

মিরপুরের ক্রিকেট মাঠে ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচে লড়েছেন দেশের ক্রিকেটাররা। আর তাঁদের উৎসাহ জোগাতে শত ব্যস্ততার মাঝেও গ্যালারিতে পৌঁছেছেন দেশের চলচ্চিত্র, টিভি ও সংগীতজগতের তারকারা। বাদ যাননি নির্মাতারাও। বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে ওঠার পরপরই প্রিয় দলকে গ্যালারিতে বসে উৎসাহ জোগাতে খেলার টিকিট সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছিলেন তারকারা।


দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খেলা দেখতে মাঠে হাজির। প্রথম আলোর সঙ্গে আলাপে ফেরদৌস বলেন, ‘জরুরি কাজে সকালের ফ্লাইটে বরিশাল যেতে হয়েছে। শুধুমাত্র খেলা দেখার জন্যই ফিরতি ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছি। পুরো পরিবার নিয়ে গ্যালারিতে বসে খেলা দেখার মজাটাই আলাদা।’ ফেরদৌস আরও বলেন, ‘তবে বাংলাদেশ জিতে পারলে বেশি ভালো লাগত। তারপরও দল ভালো খেলেছে। সামনে আরও ভালো করবে ইনশা আল্লাহ।’

গ্যালারিতে সস্ত্রীক ফেরদৌস
গ্যালারিতে সস্ত্রীক ফেরদৌস

চিত্রনায়িকা মৌসুমীও গিয়েছিলেন খেলা দেখতে। তাঁর সঙ্গে ছিলেন স্বামী ওমর সানি, ছেলে ফারদীন ও মেয়ে ফাইজা। মৌসুমী বলেন, ‘আমি এর আগেও কয়েকবার মাঠে এসে খেলা দেখেছি। তবে ফাইনাল খেলার গুরুত্বটা অনেক বেশি। বাংলাদেশ ভালো খেলেই ফাইনালে এসেছে। আর ফাইনালেও খারাপ খেলেনি। খুব ভালো একটা স্কোর হয়েছিল। জিততে পারার মতো। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা লড়েছে। আমি খুশি।’

মিরপুর শেরে বাংলা ক্রিকেট মাঠে গতকাল এশিয়া কাপের ফাইনালে আর ছিলেন দেশের জনপ্রিয় মডেল নোবেল, তাঁর পরনে ছিল বাংলাদেশ দলের জার্সি। চলচ্চিত্র তারকাদের মধ্যে স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখেছেন মাহিয়া মাহি, সাইমন, রেসি, মিশা সওদাগর, নিরব, মিষ্টি জান্নাত, তানহা তাসনিয়া।

গ্যালারিতে মাহিয়া মাহি ও মিষ্টি জান্নাত
গ্যালারিতে মাহিয়া মাহি ও মিষ্টি জান্নাত

টিভি তারকা, সংগীতশিল্পী, র‍্যাম্প মডেল ও নির্মাতাদের মধ্যে ছিলেন শুভ্র দেব, কিশোর, জয় শাহরিয়ার, শফিক তুহিন, দিনাত জাহান, জয়শ্রী কর জয়া, রওনক হাসান, তৌসিফ মাহবুব, তানভীর, ফারদিন, রুমা, পিয়া বিপাশা, লুৎফুন্নাহার আশা, বৃষ্টি ইসলাম, আয়শা মনিকা, ঈশিকা খান, মিশু সাব্বির, শাফায়েত মনুসর রানা, মুশফিকুর রহমান গুলজার, দেবাশীষ বিশ্বাস, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শাহীন কবির, লুৎফর হাসান প্রমুখ।

গ্যালারিতে বসে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার কাজই শুধু নয়, সেলফি তোলার মাধ্যমে আগত দর্শকের আবদারও মিটিয়েছেন তারকারা।

এদিকে আগের দিন রাত থেকেই বেশির ভাগ তারকা ফেসবুকে বিসিবির দেওয়া প্রোগ্রামের মাধ্যমে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করার মাধ্যমে সমর্থন জানিয়েছেন। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলেও দলের সমর্থনে কখনো ভাটা পড়বে না বলেই জানিয়েছেন সবাই।