মাঠের তারকা থেকে চলচ্চিত্রের তারকা

এত দিন মাঠের তারকাই ছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো; আর এখন তিনি চলচ্চিত্রেরও তারকা। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নির্মিত ‘রোনালদো’ প্রামাণ্যচিত্রটি মুক্তি পাচ্ছে এ বছরের ৯ নভেম্বর। বিষয়টি গত মঙ্গলবারেই স্পষ্ট হয়ে গেছে। এ প্রসঙ্গে এই রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, নভেম্বরের নয় তারিখে তাঁকে নিয়ে নির্মিত ‘রোনালদো’ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। এ কারণে তিনি অত্যন্ত আনন্দিত।
রোনালদোকে নিয়ে এ ছবিটি নির্মাণ করেছে হলিউডের একটি নামজাদা প্রযোজনা সংস্থা। এ ছবির ট্রেলারও ছাড়া হয়েছে এরই মধ্যে। যে কেউ ইউটিউবে রোনালদো’র নামে সার্চ দিলেই ট্রেলারটি দেখতে পাবেন।
রোনালদো আরও জানিয়েছেন, তিনি মনে করেন দর্শক এই প্রামাণ্যচিত্রটি দেখে আনন্দ পাবেন। কারণ এখানে কোনো অতিরঞ্জন বা কোনো চটকদার বিষয় নেই। যা আছে তা বাস্তব।
রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একটু কৌতুক আছে, যেখানে বলা হচ্ছে— প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে ন্যূনতম স্পর্শ লাগলেই যিনি অসাধারণ নাটকীয়তার সঙ্গে পপাত ধরণিতল হন, তাঁকে এই ‘নাটকীয়’ মুনশিয়ানার জন্যই ‘অস্কার’ দেওয়া যায়। কিন্তু এবারে সিনেমা হলে রোনালদোকে নিয়ে তৈরি ছবিটি দেখানো হলে তাতে সারি ধরে দর্শক যাবেন— এ কথাই বলছেন বোদ্ধারা।
অবশ্য, অনেকেই জানেন না, এ ছবির কিছু দৃশ্য ধারণ করা হয়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার দিনটিতে। পেনাল্টি থেকে গোল করে রোনালদো সেদিন এক দৌড়ে চলে গিয়েছিলেন কর্নার ফ্ল্যাগের দিকে। সেখানে তখন অত্যাধুনিক ক্যামেরা নিয়ে তাঁর জন্য অপেক্ষা করছিলেন তথ্যচিত্রের লোকেরা।
এ ছবিটির ট্রেলারে দেখা গেছে ফুটবলের তারকা খেলোয়াড় লিওনেল মেসিকেও। মেসি এক চোখ টিপে আঙুল বাড়িয়ে দিয়েছেন ক্যামেরার দিকে। এ দৃশ্যটি ট্রেলারে থাকায় তা নিয়ে বিতর্কও হয়েছে। তবে, পরিচালকের দাবি রোনালদোকে নিয়ে বানানো ছবিতে মেসি অনুপস্থিত থাকতে পারেন না।
‘রোনালদো’ ছবিটির প্রিমিয়ার হবে লন্ডনে। মিরর।