মাঠের শীনা, গ্যালারির শীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মাঠে শীনা চৌহান। ছবি: খালেদ সরকার
ঢাকার মাঠে শীনা চৌহান। ছবি: খালেদ সরকার


চলছে টান টান উত্তেজনায় ভরা ম্যাচ। বল করছেন তাসকিন। সবাই বুঁদ হয়ে আছে খেলায়। এমন সময় গ্যালারির পাশ ঘেঁষে কেউ গেলে সেদিকে নজর দেওয়ার জো নেই। কিন্তু হঠাৎ করে কী যেন কী হলো। গ্যালারির দর্শকদের চোখ পিচ থেকে সরে গেল। চোখ আটকে আছে মাঠের বাইরের বাউন্ডারিঘেঁষা পথটায়। কারণ সেখানে দাঁড়িয়ে আছেন শীনা। কয়েকজন উৎসুক দর্শক তো আসন থেকে উঠে এসে গ্রিলের বেষ্টনীর পাশে দাঁড়িয়ে রীতিমতো চিৎকার, ‘শীনা, সেলফি! একটা সেলফি!’
এই উচ্ছ্বাস আর আবেদনগুলোর টানেই নাকি বাংলাদেশে বার বার ফিরে আসা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ মৌসুম চলছে এটি। প্রথম দুই মৌসুমে ভারতের শীনা চৌহান ছিলেন ম্যাচসংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোর সঞ্চালক। গত মৌসুমে নিজ দেশে কিছু কাজের চাপে আসতে পারেননি তিনি। এ নিয়ে তাঁর আফসোসের শেষ নেই। বাংলাদেশকে ‘মিস’ করার প্রসঙ্গটি ধরিয়ে দিতেই একদম মন খুলে একে একে বলতে শুরু করলেন ক্রিকেট বিপিএলে তাঁর এক সিজন না থাকার কষ্ট। বললেন, ‘এখানকার উত্তেজনা, দর্শক, মাঠ, গ্যালারি, কমেন্ট্রি বক্স, বাংলাদেশের খাবার থেকে শুরু করে সবকিছু মিস করেছি।’

শীনা চৌহান
শীনা চৌহান


আগেরবারের চেয়ে শীনার এবারের সফরে ব্যতিক্রম রয়েছে। ​িতনি এবার শুধু সঞ্চালক পরিচয়েই নন, বাংলাদেশে এসেছেন এখানকার ছবির নায়িকার পরিচয়ে। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর মুক্তি পাওয়া সবশেষ ছবি পিঁপড়াবিদ্যায় অভিনয়ের পর এবারই বাংলাদেশে এলেন। এ নিয়ে তিনি বললেন, ‘আমাকে ঘিরে সবার আগ্রহ আর ভালোবাসা বেড়ে গেছে। আমি যেন এ দেশের মানুষের অনেক আপন হয়ে উঠেছি।’
ম্যাচ সঞ্চালকের এই কাজটিকে দূর থেকে খুব সহজ মনে হয়। শীনাকে তাই অনেকেই বলতে পারেন খেলার মাঠের শোভা বাড়ানোর একটি অংশ মাত্র। কিন্তু না। এই মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা শোভা বাড়ানোর চেয়েও অনেক বেশি কিছু করে থাকেন। একটি ম্যাচ ঘিরে তাঁর পরিশ্রম ও প্রস্তুতি দেখলেই তা বোঝা যায়। কমেন্ট্রি বক্সে বসে যখন শীনার সাক্ষাৎকারের অপেক্ষা করছিলাম, তখনই এ ক্রিকেটকন্যার পরিশ্রম নজরে পড়ল। কোন খেলোয়াড় কোন শট খেললেন, কার বোলিং কেমন হলো, রানরেট কোন ওভারে এসে বাড়ল—সবকিছু প্রতি বলে বলে নোট করছেন শীনা। মন দিয়ে শুনছেন সামনে বসা ধারাভাষ্যকারদের বর্ণনা। যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সে অংশ আবার সহ-সঞ্চালক ড্যান মরিসনের কাছ থেকে বুঝে নিচ্ছেন। প্রস্তুতি কি শুধু এটুকুই? অবাক করলেন শীনা। বললেন, ‘না, আরও কাজ থাকে। যেমন আমাদের অনুষ্ঠান ধারণ ও মাঠের কাজ শেষ হয় রাত ১২টার পর। এরপর হোটেলে ফিরতে ফিরতে রাত একটা-দেড়টা বেজে যায়। সকালে সাতটার আগে ঘুম থেকে উঠি। বিভিন্ন মাধ্যমে (পত্রিকা, টিভির খবর) ম্যাচ রিপোর্টগুলো জানি। কোথায় ম্যাচের কী নিয়ে আলোচনা হচ্ছে এসব নিয়ে জানি। এরপর ১০টার দিকে আবার চলে আসি মাঠে। ম্যাচ আর অনুষ্ঠানের জন্য তৈরি হওয়া শুরু করি।’ শীনার প্রস্তুতির বয়ানে ক্লান্ত না হয়ে উপায় নেই। কিন্তু ভিনদেশি এই মেয়েটি ক্লান্ত হন না। বরং প্রতি ম্যাচেই যেন তাঁর উত্তেজনা বাড়তে থাকে। ফেসবুকে শীনার পেজ দেখলেই বোঝা যায়।
পাশাপাশি এই ব্যস্ত কর্মযজ্ঞের ফাঁকে শীনা কিন্তু তাঁর একান্ত ব্যক্তিগত কাজগুলোও দিব্যি করে যান। মানবাধিকার নিয়ে তিনি কাজ করছেন লম্বা সময় ধরে। ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস’ নামের একটি সংগঠনের হয়ে ম্যাচের ফাঁকে ফাঁকে সব খেলোয়াড়, মাঠে আসা শিল্পী, দর্শক ও ভক্তদের মধ্যে তারুণ্যের শক্তিকে ভালো কাজে লাগানোর বার্তা দিয়ে যান। তিনি বলেন, ‘আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সময়ে মানবাধিকার রক্ষার জন্য তরুণদের সম্পৃক্ততা খুব জরুরি। তাই আমি খুব চাই আমার এই বার্তা সবার কাছে পৌঁছে দিতে। যত মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে সবাইকে এই উদ্যোগের ব্যাপারে জানাতে। বলতে পারেন বিপিএলে আমার ফিরে আসার পেছনে মানবাধিকার নিয়ে আমার কাজের ব্যাপারটিও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। আমার বার্তা প্রচারে এই মাঠ, এই গ্যালারি আমাকে অনেক সাহায্য করেছে।’

অর্থাৎ বুঝতেই পারছেন পাঠক, শীনা চৌহানকে মাঠ আর গ্যালারির শোভাবর্ধক হিসেবে ভাবলে ভুল হবে। তিনি একদিকে তারুণ্যের শক্তিকে মানবসেবায় নিয়োজিত করার জন্য কাজ করছেন প্রতিনিয়ত, অন্যদিকে মাঠে, গ্যালারিতে ছড়িয়ে দিচ্ছেন তাঁর সৌন্দর্যের আভা। শীনার উপস্থিতিতে যেন মাঠের বাউন্ডারির বাইরেও চার-ছক্কার উল্লাস ছড়িয়ে পড়েছে।