মাতালের খপ্পরে মল্লিকা

ভারতের রাজস্থানে ‘ভানওয়ারি দেবী’ ছবির শুটিং করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। স্থানীয় একদল মাতাল তাঁর হোটেলকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে হোটেলের কর্মচারী ও স্পট বয়দের সহায়তায় এ যাত্রায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিতর্কিত এ তারকা অভিনেত্রী।
ঘটনার পরপরই শুটিংয়ের কাজ ফেলে রাজস্থান ছেড়েছেন মল্লিকা। ছবির বাকি অংশের শুটিং শেষ করতে সেখানে যেতে এখন রীতিমতো ভয়ই পাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে ‘মিড-ডে’ জানিয়েছে, ১৯৯২ সালে রাজস্থানের মেয়ে ভানওয়ারি দেবীর গণধর্ষণের ঘটনাকে উপজীব্য করে নির্মিতব্য একই শিরোনামের ছবিতে অভিনয়ের জন্য রাজস্থানে যান মল্লিকা। শহরটিতে তাঁর উপস্থিতির কথা সবাই জেনে যায়। স্থানীয় একটি হোটেলে তাঁর থাকার ব্যবস্থা করা হয়।
পর্যাপ্ত নিরাপত্তা থাকার পরও স্থানীয় কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী মাতাল অবস্থায় হোটেলটিতে প্রবেশ করেন। তাঁরা মল্লিকার হোটেলকক্ষের দরজায় ধাক্কা দিতে থাকেন। সে সময় তাঁরা অশ্লীল গান গাওয়ার পাশাপাশি মল্লিকাকে উদ্দেশ করে নোংরা মন্তব্যও করছিলেন। আতঙ্কিত মল্লিকা ঘরের ভেতর থেকে হোটেল কর্মচারী ও স্পট বয়দের ফোন দিলে মল্লিকাকে উদ্ধারে এগিয়ে আসেন তাঁরা। শুরুতে এই ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের করতে চাইলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মল্লিকা।
এদিকে, অশ্লীলতার অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা না দেওয়ায় গত মাসে মল্লিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ভাদুদারা জেলা আদালত। গ্রেপ্তার এড়াতে তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আজ ১৯ আগস্ট।
২০০৬ সালের ৩১ ডিসেম্বর বর্ষবরণ অনুষ্ঠানে মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে অশ্লীল মঞ্চ পরিবেশনার জন্য মল্লিকা ও হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছিলেন তত্কালীন বারোদা বার কাউন্সিলের প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি। তিনি ভারতীয় পেনাল কোডের ২৯৪ ধারায় অভিযুক্ত লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনও করেছিলেন।
টিভি চ্যানেলে মল্লিকার অশ্লীল মঞ্চ পরিবেশনাটি দেখার পর মামলা করেছিলেন নরেন্দ্র তিওয়ারি। মল্লিকার বিরুদ্ধে গত মার্চে সমন জারি করেছিলেন ভাদুদারা আদালতের একজন ম্যাজিস্ট্রেট। গত ৬ জুলাই আদালতের বেঁধে দেওয়া সময় পার হয়ে গেলেও আদালতে হাজিরা দেননি মল্লিকা। এর পরিপ্রেক্ষিতে মল্লিকার বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন নরেন্দ্র তিওয়ারি। তাঁর আবেদন আমলে নিয়ে মল্লিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত, তবে তা জামিনযোগ্য।