মাতিয়ে দিল চীনা সাংস্কৃতিক দল

চীনের গানসু প্রদেশের সাংস্কৃতিক দলটি মাতিয়ে দিল শিল্পকলা একাডেমীর মঞ্চ। যাঁরা ছিলেন দর্শক, তাঁরা মনভরে উপভোগ করলেন অসাধারণ নান্দনিক পরিবেশনা।
মুন স্প্রিং বা বসন্তের চাঁদ পরিবেশনাটি ছিল এমন, যেন রাতে জ্যোৎস্নার মধ্যেই হচ্ছে এই নাচ। রাতের আবহে নীল রঙের পোশাকে পরিবেশিত নাচটি মন ছুঁয়ে যায় দর্শকের। বসন্তবরণের সময় হয় এই পরিবেশনা।
অনুষ্ঠান শুরু হয় পিপার বাউন্স নামে এক নাচ দিয়ে। আর ১৪টি পরিবেশনার মধ্যে যেটি ছিল মুখ্য, সেটি ‘থাউজ্যান্ড হ্যান্ড কাওয়াইন’। অনেকগুলো হাতের ঐন্দ্রজালিক বিস্তার মন কেড়ে নেয় দর্শক-শ্রোতার।
তবে দর্শক-শ্রোতা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন দুটি জাদু ও একটি অ্যাক্রোবেটিক শো বা কসরতবাজি দেখে। মুগ্ধ দর্শকদের রোমাঞ্চিত হয়ে আসন ছেড়ে উঠে পড়তে দেখা গেছে। জাদুও তাঁদের আনন্দ দিয়েছে ভীষণ।
নেপালে গান গেয়ে শিল্পী সুং জুংওয়ে পেয়েছিলেন রুদ্রাক্ষের মালা। মঞ্চে এসে তিনি তাঁর চীনা উচ্চারণে রবীন্দ্রসংগীত ‘আমি চিনি গো চিনি তোমারে’ গেয়ে নির্বাক করে দেন সবাইকে।
আগামীকালও শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় পরিবেশিত হবে অনুষ্ঠানটি। আগামীকাল শুধু সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারবর্গের জন্য পরিবেশনাটি হবে আর্মি স্টেডিয়ামে।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক চীনের গানসু প্রদেশের কালচারাল ব্যুরো। সহযোগী শিল্পকলা একাডেমী।
গতকােলর অনুষ্ঠানটি ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।