মাতিয়ে রাখলেন যিনি

অনুষ্ঠান চলছে। উপস্থাপক তিনি। সবার চোখ তাঁর দিকে। শুধু তারায় ঠাসা দর্শকসারি নয়, পৃথিবীর কোটি কোটি দর্শকও। আর সেই সময় কিনা তিনি পিৎজার ফরমাশ দিয়ে বসলেন? শুধু তা-ই নয়, বাড়তি পিৎজা বিলাতে লাগলেন এর-ওর কাছে। একজনকে তো ধরে ফেলে বললেন, ‘পিৎজা নিয়ে আসা কর্মীটাকে কিছু টিপ দিয়ে দাও!’
এখানেই শেষ নয়। এলেন ডিজেনারেস আরও কিছু পাগলামি করেছেন। যেমন হুট করে মঞ্চ থেকে লাফিয়ে দর্শকসারিতে চলে গেছেন। উদ্দেশ্য, নিজের মুঠোফোন থেকে ছবি তুলবেন। ছবি তোলার সময় আশপাশ থেকে মুহূর্তেই ভিড় জমিয়ে দেন মেরিল স্ট্রিপ, অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার লরেন্স, ব্র্যাড পিটেরা। ছবিটা তোলার দায়িত্ব নেন ব্র্যাডলি কুপার!
এলেন ডিজেনারেসের রসবোধের সঙ্গে আগেও পরিচিত ছিল দর্শকেরা। সেই রসবোধ দিয়ে এবারের অস্কার মাতিয়ে রাখলেন মার্কিন উপস্থাপিকা। বয়স ৫৬ হয়ে গেছে। কিন্তু এতটাই প্রাণচাঞ্চল্যে ভরপুর যে বয়সটাকে দুই দিয়ে ভাগ করলেই বেরোবে তাঁর মনের বয়স।

ফাঁকে ফাঁকে তারকাদের নিয়ে মজা করতে ছাড়েননি। গতবার সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে মঞ্চে ওঠার সময় সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন জেনিফার লরেন্স। সে কথা মনে করিয়ে দিয়ে এবারও পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাওয়া লরেন্সকে বলেছেন, ‘ভয় নেই, এবার পুরস্কার পেলে আমরাই তোমার কাছে ওটা পৌঁছে দেব।’
ব্রুস ডার্নকে নিয়ে মজা করে বলেছেন, ‘আপনার দাদা ছিলেন ইউটার গভর্নর, গ্রেট আঙ্কেল ছিলেন পুলিৎজার পাওয়া কবি। আপনার নানি এলিয়ানর রুজভেল্ট? আপনার কী এমন সমস্যা হলো যে আপনি এখানে (অভিনেতাদের মধ্যে) বসে আছেন?’
২০০৭ সালেও অস্কার উপস্থাপনা করেছিলেন। সেবার সবার মন ভরেনি। এবার যেন সুদে-আসলে সেটাই পুষিয়ে দিলেন। শুধু তা-ই নয়, অস্কার চলার সময় মুঠোফোনে যে ছবিটা তুলে টুইটারে পোস্ট করেছিলেন, সেটা বিশ্বরেকর্ড গড়েছে। ছয়-সাত ঘণ্টার মধ্যে সেই ছবিটায় রিটুইট হয়েছে ২৩ লাখ ৭০ হাজারবারেরও বেশি! ভেঙে দিয়েছে বারাক ওবামার রেকর্ড। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওবামার একটি টুইট আট লাখবার রিটুইট হয়েছিল।
রা. হা.
এএফপি অবলম্বনে