
আপনাকে তো বেশ ফ্রেশ লাগছে। শেষবার যখন দেখা হয়েছিল, তখন খুব ক্লান্ত লাগছিল...
তাই? আসলে আমার মনে হয় ব্যাডমিন্টন আমাকে সাহায্য করছে। এখন সাইনা নেহওয়ালের বায়োপিকের জন্য প্রচুর ব্যাডমিন্টন খেলতে হচ্ছে। গত পরশু হায়দরাবাদে গিয়েছিলাম। গতকাল রাতে ফিরেছি। আজ (৯ সেপ্টেম্বর) সকালে ঘুম থেকে উঠে আমার আগামী ছবি সাহো-র লুক টেস্টে যাই। তারপর থেকে বেরিয়ে পড়েছি হাসিনা পারকার-এর প্রচারণায়। হায়দরাবাদ থেকে ফিরে মায়ের সঙ্গেও দেখা হয়নি। আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম, মা ততক্ষণে বেরিয়ে গেছেন তাঁর আধ্যাত্মিক ক্লাসে। খুবই ব্যস্ততার মধ্যে আছি।

হায়দরাবাদে গিয়েছিলেন কি সাইনার সঙ্গে দেখা করতে?
সাইনার সঙ্গে দেখা করা ছাড়া আর একটা কাজও ছিল। নিশ্চয় জানেন, আমি সাহো ছবিতে অভিনয় করছি। প্রভাসের সঙ্গে বসে সাহো-র চিত্রনাট্য পড়তেও গিয়েছিলাম।
সাইনা কী কী টিপস দিলেন?
ওরে বাবা, সে তো অনেক। কোথা থেকে শুরু করি। আমাকে উনি বলেছেন প্রচুর ব্যাডমিন্টন খেলতে। আমি এখন পর্যন্ত ৩৩টা সেশন খেলেছি, যা কিছুই নয়। আমাকে আরও খেলতে হবে। সাইনা বলেছেন শক্তি আরও বাড়াতে। জিতেশ পাড়ুকোনের কাছে নিয়মিত ট্রেনিং নিচ্ছি। ভীষণ চ্যালেঞ্জিং কোচ। বেশ উপভোগ করছি ব্যাডমিন্টন খেলাটা। হাফ গার্লফ্রেন্ড ছবির সময় বাস্কেটবল খেলা শিখেছিলাম। তবে তখন এতটা অনুশীলন করতে হয়নি।
প্রভাসের সঙ্গে প্রথম সাক্ষাৎ কেমন ছিল?
উনি ভীষণ ভালো একজন মানুষ। একগাল হেসে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রথম কথাটাই বললেন, ‘আপনার কি খিদে পেয়েছে?’ আর আমি বলি, ‘সব সময় পায়।’ সত্যি তখন ভীষণ খিদে পেয়েছিল। আমি জানি না প্রভাস কী করে বুঝলেন আমার পেটের খিদের কথা। কত যে হায়দরাবাদি পদ ছিল তা বলে শেষ করতে পারব না। সত্যি বলতে, অর্ধেক খাবারের নামও জানা ছিল না। হায়দরাবাদি বিরিয়ানি, কাবাব ছিল। আর সব থেকে অসাধারণ লেগেছে দোসা। সঙ্গে সাত রকমের চাটনি। চেটেপুটে মনভরে খেয়েছি।
কথা শুনে মনে হচ্ছে আপনি ভীষণ ভোজনরসিক?
মায়ের হাতের মহারাষ্ট্রিয়ান ঘরানায় তৈরি ওয়ারন ভাত, সামুদ্রিক মাছের নানান পদ খেতে বেশি পছন্দ করি। জলখাবারে বাঙালি লুচি, আলুর তরকারিও দারুণ লাগে। ভাপা মাছ, মিষ্টি দই খেতে ভীষণ ভালোবাসি।
রান্না করেছেন কখনো?
মায়ের থেকে শিখে মারাঠি স্টাইলে মাটন কারি বানিয়েছিলাম। একবার ডেটস বাই চকলেট কেকও বানিয়েছি। আর চিজ ও পিকল ক্যাবেজ দিয়ে একটা ভীষণ হেলদি ডিস বানিয়েছিলাম। একবারই। নামটা ঠিক মনে পড়ছে না। রান্নার ব্যাপারে বেশি কিছু বলতে পারব না। খাওয়াদাওয়ার ব্যাপারে ঘণ্টার পর ঘণ্টা ধরে কথা বলতে পারি।
পর পর দুটি আত্মজীবনীমূলক ছবিতে কাজ করছেন। হাসিনা থেকে সাইনা হয়ে উঠলেন কী করে?
হাসিনার চরিত্র থেকে বের হওয়ার জন্য আমি লম্বা ছুটি কাটাতে ইতালি চলে যাই। এই ছুটিটার প্রয়োজন ছিল। সঙ্গে বোন ছিল। ওখানে খুব রিলাক্স করি। আমি আমার ছুটিটা আরও সাত দিন বাড়িয়ে দিই। বোন মুম্বাইয়ে ফিরে আসে। আমি ইতালিতে থেকে যাই। রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম। আবার তাড়াতাড়ি শুতে চলে যেতাম। প্রচুর খাওয়া-দাওয়া করতাম। পায়ে হেঁটে শহরটাতে ঘুরে বেড়াতাম। এই সাত দিন আমি ইতালির ১৯টা মিউজিয়ামে গিয়েছি।

আপনাকে সব সময় চটকদার চরিত্রে দেখা গেছে। হাসিনার মতো চরিত্রে অভিনয় করার সাহস পেলেন কী করে?
আমার কাছে প্রস্তাব যখন আসে, আমি প্রথমে একটু নার্ভাস হয়ে যাই। ভাইয়ের (সিদ্ধান্ত) মুখে শুনেছিলাম হাসিনা পারকার সিনেমাটা প্রসঙ্গে। ভাইকে আগেই ডন দাউদ ইব্রাহিমের চরিত্রের জন্য কাস্টিং করা হয়। পরিচালক অপূর্ব লাখিয়া আমাকে হাসিনা সম্পর্কে বলেন। ছবি দেখান। গল্প শুনে আমি ভীষণ রোমাঞ্চিত হই। হাসিনার যন্ত্রণা কোথায় অনুভব করি। দাউদের এই দিদি (হাসিনা) সম্পর্কে খুব কম মানুষেরই জানা আছে।
হাসিনার চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?
অপু স্যার হাসিনার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন। তিন বছর ধরে উনি হাসিনার ওপর গবেষণা করেছেন। তাই হাসিনা সম্পর্কে নানান খুঁটিনাটি আমাকে উনি বলেন। আমি এবং আমাদের টিমসহ সবাই হাসিনার পরিবারের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। আমি হাসিনা সম্পর্কে তিন পাতার প্রশ্নপত্র বানিয়ে নিয়ে গিয়েছিলাম। হাসিনা সম্পর্কে ওনার পরিবার থেকে যা যা তথ্য পেয়েছিলাম, তা সব নোটবন্দী করে রেখেছিলাম। এই ছবিতে আমি প্রথমবার মায়ের চরিত্রে অভিনয় করছি। তাই একটি মেয়ের গর্ভাবস্থা জানতে আমি ইন্টারনেটে এ বিষয়ের ওপর প্রচুর ব্লগ দেখি। গর্ভাবস্থায় মেয়েরা যেভাবে হাঁটাচলা করে, বাড়িতে সেভাবে চলতাম। এই ছবির মাধ্যমে আমি সত্যিকারের মাতৃত্ব অনুভব করেছি।
ছবিতে চার সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করলেন। ব্যক্তিগত জীবনে বাচ্চা ভালোবাসেন?
হ্যাঁ, আমি বাচ্চা খুবই ভালোবাসি। আমার তুতো বোনদের সঙ্গে খেলা করি। এমনিতে সিনেমাজগতে আমার খুব একটা বন্ধু নেই। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। আমার নানা-নানি, মা, মাসি, বোনদের সঙ্গে আড্ডা মারতে ভালোবাসি। আগে সুযোগ পেলেই দিল্লিতে দাদা-দাদির কাছে চলে যেতাম। তারা মারা যাওয়ার পর আর দিল্লি যাওয়া হয় না। আর আমার পোষ্য কুকুরটির সঙ্গে সময় কাটাতে দারুণ লাগে।
আপনাকে তো ওজন বাড়াতে হয়েছিল...
আট কিলোর মতো ওজন বাড়িয়েছিলাম। এই সময় ডায়েট করতাম না। প্রচুর খাওয়াদাওয়া করতাম। সবাই বলত, গুলাব জামুন খাও, এই খাও, সেই খাও। আমি এমনিতেই ভোজনপ্রিয়। তাই দারুণ উপভোগ করি এই সময়টা। এমনকি ছবিতে গর্ভাবস্থার দৃশ্য শুটের সময় আমি অদ্ভুতভাবে খিদে অনুভব করতাম। আর শুটিংয়ের সময় আমি ওয়ার্কআউট করা একদমই ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এত কিছুর পরও আমার হাত-পায়ের ওজন কিছুতেই বাড়ছিল না। তখন প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়। গর্ভাবস্থার সময় আমি স্পেশাল পোশাক পরতাম, যাতে গর্ভবতী নরী মনে হয়। মুখের ভেতর সব সময় সিলিকন রাখতে হতো। প্রথম প্রথম খুব কষ্ট হতো। পরে অভ্যাস হয়ে যায়।
আট কেজি ওজন ঝরালেন কী করে?
প্রচুর ব্যাডমিন্টন খেলছি। প্রচুর ওয়ার্কআউট করছি। আর হাসিনার সময় ওজন বাড়ানোর জন্য যা যা খেয়েছিলাম, তা এখন পুরোপুরি বন্ধ। আর এটাই সব থেকে কষ্টের দিক। (সশব্দে হেসে)
ভাইয়ের সঙ্গে প্রথম পর্দায় কাজ করলেন। কী রকম অভিজ্ঞতা?
দারুণ উপভোগ করেছি আমরা। সেদিন ভাইয়াকে বলছিলাম, যখন আমাদের বয়স ৭০ কিংবা ৮০ বছর হবে, তখন আমরা বলব, আরে আমরা একসঙ্গে ছবিতে কাজ করেছি। তখন পেছন ফিরে দেখতে খুব ভালো লাগবে।
দুই ভাইবোনের মধ্যে মারপিট হয়?
হা হা হা (জোরে হেসে)। না, না এখন আর হয় না। তবে ও বড় দাদা তো, তাই একটু দাদাগিরি দেখায়। ছোটবেলা থেকেই ভাইয়া খুব দুষ্টু। এখনো তা-ই। তবে ভাইয়া ভীষণ ভালো।
বাবা শক্তি কাপুর আপনাকে নিয়ে খুবই গর্বিত। ফেসবুকে আপনাকে নিয়ে নানা পোস্ট করেন...
তাই নাকি! আসলে আমি ফেসবুকে খুব একটা সক্রিয় নই। ফেসবুকে কিছু পোস্ট করার থাকলে পোস্ট করে বেরিয়ে আসি। তবে বাপু খুবই খুশি হয়েছেন আমাকে হাসিনার চরিত্রে অভিনয় করতে দেখে। আমরা ভাইবোন একই ছবিতে, তাই উনি খুবই আবেগপ্রবণ এ বিষয়ে।
কিছুদিন আগে লতা মঙ্গেশকরের বাড়িতে গিয়েছিলেন। গান-বাজনা নিয়ে কোনো আলোচনা হলো?
না, এটা একদমই পারিবারিক অনুষ্ঠান ছিল। মিউজিক নিয়ে সে রকম কথাবার্তা হয়নি। তবে উনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন আমার আগামী ছবি সম্পর্কে।
শেষ প্রশ্ন, ‘হাসিনা পারকার’-এর মুক্তির দিন চলে এল। স্নায়ুচাপে ভুগছেন?
এখনো পর্যন্ত এই ছবিতে আমার লুক ও ট্রেলার ভীষণ প্রশংসিত হয়েছে। পরিবারের সবার খুবই ভালো লেগেছে। ছবিটি মুক্তি পেলে দর্শকের প্রতিক্রিয়া পাওয়া যাবে। তবে আমি আমার সেরাটুকু উজাড় করে দিয়েছি।