মাতৃভক্ত মীর সাব্বির

একজন মানুষের সাফল্যের পেছনে তাঁর মায়ের ভূমিকা অনস্বীকার্য। সফল তারকা ও তাঁদের মাকে নিয়ে আরটিভি নিয়মিতভাবে প্রচার করছে সেলিব্রেটি টক শো ‘আমি আর মা’। তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটির এবারের পর্বে অতিথি হয়ে আসছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও তাঁর মা আখতারা খানম।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে মীর সাব্বির বলেন, ‘অনুষ্ঠানটির কনসেপ্ট আমার খুব ভালো লেগেছে। আর মা বিষয়টাই তো অনেক বেশি আবেগের। যাঁদের মা বেঁচে আছেন, তাঁরা অনেক ভাগ্যবান। আমি সেই ভাগ্যবানদের একজন। আমার মায়ের সঙ্গে এমন সুন্দর বিষয়বস্তু নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়ে আমি অনেক খুশি।’
নিজের মা সম্পর্কে মীর সাব্বিরের মন্তব্য, ‘ছোটবেলা থেকেই মায়ের শাসন-আদরে বড় হওয়া। কোনো কারণে মার কাছ থেকে বিচ্ছিন্ন হইনি। আমার সব কিছুর ভালো-মন্দ মায়ের সঙ্গে ভাগাভাগি করি। মার কাছেই সমস্যার সমাধান নিই। কখনো মায়ের অবাধ্য হইনি আমি।’
অনুষ্ঠানটিতে সাব্বিরের মা জানাবেন ছেলের ছোট থেকে বড় হওয়ার মজার অনেক গল্প। পাশাপাশি অনুষ্ঠানে দেখানো হবে সাব্বিরের ছোটবেলার ছবি ও ভিডিও ফুটেজ। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ৭টা ৪০ মিনিটে।