মাত্র ২০ মিনিটেই

তিশা
‘ইউ আর লুকিং গ্রেট, সিমপ্লি গরজিয়াস! খুব সুন্দর লাগছে আপনাকে।’—ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে এমন উপমা পাওয়ার পর নিজেকে অনেক সম্মানিত মনে হয়েছে। পাশেই সুস্মিতা সেন। তাঁকে এত দিন দেখেছি শুধু টিভির পর্দায়। বাস্তবে দেখা এই প্রথম। তিনি যে এতটা বন্ধুসুলভ আর এত সুন্দর করে কথা বলতে পারেন, তা আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। আর, তিনি যে এতটা লম্বা, তা-ও ছিল আমার ধারণার বাইরে! একসময় তো তিনি হেসে বলেই ফেললেন, ‘তোমার এই সুন্দর পোশাকটা যদি আরেকটু বড় হতো, তাহলে তো এটা আমি পরতে পারতাম!’ কথাটা তিনি এমনভাবে বললেন, যেন আমি তাঁর অনেক দিনের চেনা—কাছের কেউ! আমার কল্পনাশক্তি হার মানল তাঁর আন্তরিকতায়।
হ্যাঁ, এমনটিই হয়েছে সেদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। টেলিভিশন-এর ‘নেটপ্যাক’ পুরস্কার জিতে নেওয়ার খবর পেয়ে আমি আর ফরিদুর রেজা সাগর স্বল্প সময়ের মধ্যে কলকাতায় উড়ে গেলাম। বিমান থেকে নেমেই সরাসরি যোগ দিলাম উৎসবে। প্রথমবারের মতো গিয়েই সেখানে প্রত্যেক মানুষের উষ্ণ অভ্যর্থনা আর ভূয়সী প্রশংসায় সিক্ত হলাম। সুন্দর একটি পথচলার সূচনা হলো। এটি শুধু আমার জন্য নয়, বরং আমি মনে করি, আমাদের প্রজন্মের জন্য একটি বড় সুযোগ। সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি আমরা—ভাবতেই ভালো লাগছিল। প্রত্যেক শিল্পী, প্রত্যেক দর্শক ছিলেন অনেক বেশি বন্ধুসুলভ। হলভর্তি দর্শক-নির্মাতা-কলাকুশলীদের সামনে আমাদের হাতে পুরস্কার তুলে দিলেন খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষ। মুহুর্মুহু করতালিতে প্রকম্পিত হলো চারপাশ। বিদেশের মাটিতে যেন বাংলাদেশের জয়ধ্বনি শুনতে পেলাম।
তারপর উৎসবের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানালাম। সবার সঙ্গে কমবেশি আলাপ হলো। সবচেয়ে বেশি সময় কথা হলো মমতা ব্যানার্জি ও সুস্মিতা সেনের সঙ্গে। মমতাদিকে আমরা দেশে বেড়াতে আসার আমন্ত্রণ জানালাম। তিনি বললেন, ‘অবশ্যই যাব। আমরাও চাই দুই বাংলা মিলে যেন অনেক ভালো ভালো কাজ হয়। আপনারা এ-বাংলায় এসে কাজ করবেন, ও-বাংলায়ও করবেন।’
রানী মুখার্জি আর বিপাশা বসুর মতো অন্যরা সবাই আমাকে অভিনন্দন জানালেন। কুশলাদি বিনিময় হলো। শুধু টেলিভিশন নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এ কাজের জন্যও প্রশংসিত হলাম। টিভি নাটক-সিরিয়ালে অভিনয় নিয়েও আলাপ হলো। এরই মাঝে একসময় ফটোসেশন হলো। বড় বড় সব তারকার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ফ্রেমবন্দী হলাম আমি। সে এক দারুণ অনুভূতি! নতুন অভিজ্ঞতাও বলতে পারেন। ইচ্ছা ছিল আরও কিছুক্ষণ থাকার। কিন্তু হাতে যে বেশি সময় নেই! মাত্র ২০ মিনিটের মতো সেখানে থেকে, পুরস্কারটা হাতে নিয়ে ফিরতে হলো তাই ডিনার না করেই।
অনুলিখন: দেব দুলাল গুহ