
বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এতে এটা হয়তো সাময়িকভাবে বন্ধ হবে। কিন্তু এর শিকড় উপড়ে ফেলা সম্ভব হবে না। এর শিকড় এত গভীরভাবে বাংলাদেশের সংস্কৃতিতে ঢুকে গেছে যে তা থেকে উত্তরণের জন্য দরকার সুদূরপ্রসারী পরিকল্পনা। যেমন আমাদের শিক্ষাব্যবস্থা, বিশেষ করে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। মাদ্রাসার সিলেবাসের মধ্যেই একটা সমস্যা আছে। একই সঙ্গে আমাদের বাংলা শিক্ষার যে ব্যবস্থা সেই সিলেবাসও সঠিক সিলেবাস নয়।
আমরা ৫০ ও ৬০-এর দশকে যে শিক্ষাব্যবস্থার মধ্যে বড় হয়েছি, সেখানে কিন্তু সুকুমার বৃত্তিকে উৎসাহিত করা হতো। এখন সুকুমার বৃত্তিকে উৎসাহিত করা হয় না। এখন যারা জিপিএ-৫ পায় তারা আসলে শিক্ষার কিছুই পায় না। শিক্ষা যে মনুষ্য চরিত্র নির্ধারণের উপায়, এই ব্যবস্থায় সেটি দেখা যায় না। এখানে শিক্ষা হচ্ছে ব্যবহারিক জীবনের জন্য। এমবিএ-বিবিএ করো, টাকাপয়সা লুটপাট করো—এগুলো শেখায়। আমাদের শিক্ষামন্ত্রী হয়তো এগুলো বোঝেন কিন্তু কিছু বলতে পারেন না। যেহেতু ইউনেসকো, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ব্যাংক ফ্রি বইপুস্তক কেনার জন্য টাকা দেয়, এ জন্যই হয়তো তিনি চুপ থাকেন।
শিক্ষার্থীদের ফ্রি বইপুস্তকের দরকার নেই। আমরা ওই সময়েই টাকা দিয়ে বই কিনেছি। যখন আমি ৫০০ টাকা দিয়ে একটা বই কিনব তখন কিন্তু আমি পড়ব। কিন্তু এই যে ফ্রি বই বিতরণের চিন্তা বা ধারা, এটা খুবই বাজে একটা চিন্তা।
আর উচ্চবিত্তদের যে স্কুলগুলো সেখানে বাচ্চাদের গায়ে বাংলা ভাষা ও সংস্কৃতি লাগে না। মস্তিষ্কে হয়তো ছিটেফোঁটা লাগে। কিন্তু কোনো কিছু মস্তিষ্কে লাগলে তো হয় না, গায়েও লাগতে হয়। মোট কথা পায়ে, হাতে, শরীরে, অন্তরে বাংলা ভাষাটা লাগতে হবে। একজন বাবা বাংলা ভাষায় লিখতে পারছেন কিন্তু সন্তান সবকিছু লিখছে ইংরেজিতে। এখানেই তো বাবা আর ছেলের একটা পার্থক্য তৈরি হচ্ছে। যতটুকু বাংলা আছে ওটা তো মস্তিষ্কে, শরীরে নেই। একটা ছেলে ইংরেজি, পর্তুগিজ, ফ্রেঞ্চ, স্প্যানিশ শিখুক তাতে কোনো আপত্তি নেই। কিন্তু মাতৃভাষাটা তো ঠিকঠাক শিখতে হবে। একটা শিশুর মস্তিষ্কে মাতৃভাষা প্রবেশ করে চার-পাঁচ বছর বয়স থেকে। ওই সময় যদি অন্য কোনো ভাষা তার ওপর চাপিয়ে দেওয়া হয় তাহলে তার মাথাটা তো খুলছে না। ট্রান্সলেশন মেশিনটা চালু হচ্ছে শুধু।
আর এখন সংস্কৃতির যে পরিবেশ রয়েছে, এটা শিক্ষাব্যবস্থার তৈরি করা। এখনকার একজন শিক্ষার্থীর কাছে লালনের একটি গান আর ইংরেজি একটি গান একই। আলাদা কোনো আবেদন তৈরি করে না। নতুন সংকেত তার মাথায় দেয় না। একজন শিক্ষার্থীর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম নেই। ওর মধ্যে বাংলা গান নেই। তাই ওর পক্ষে সবই সম্ভব। সংস্কৃতিচর্চা মানে শুধু নাচ-গান না, এটা বুঝতে হবে। সংস্কৃতি একটা সম্পূর্ণ জীবনাচরণ। সংস্কৃতি আগাম কিছু শেখায়। জীবনটা এই রকম, এভাবে উপভোগ করব, এভাবে সেলিব্রেট করব—এটাই শেখায় সংস্কৃতি।
আর এ জায়গায় আসতে হলে আমাদের সংস্কৃতিকর্মীদের অনেক বড় একটা ভূমিকা আছে। আমাদের মাথা খুলে দিতে হবে। স্বপ্নের আর ভাবনার জগৎ খুলে দিতে হবে। আর এটি না খুলে যাওয়ার ফলেই অন্য একটা গোষ্ঠী সুযোগ নিচ্ছে। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। তাই, জিপিএ-৫ মার্কা সিলেবাস বাতিল করে এই শিক্ষাব্যবস্থা বাদ দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাব্যবস্থা চাই। সেটার আধুনিকায়ন চাই। বিদ্যাসাগরের শিক্ষাব্যবস্থাতেই কিন্তু সুভাষ চন্দ্র বসু, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের জন্ম হয়েছে। এখন কার জন্ম দিচ্ছি আমরা? একটা চাপাতি প্রজন্ম!
এই চাপাতি প্রজন্মকে রুখতে হলে বিদ্যাসাগরের শিক্ষাব্যবস্থা প্রয়োজন।
মামুনুর রশীদ : নাট্যব্যক্তিত্ব