মাদক কেড়ে নিল এমির জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকই কেড়ে নিল এমি ওয়াইনহাউজকে। মাত্র ২৭ বছরের জীবনে পেয়েছিলেন পাঁচ-পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড। ২০০৩ সালে তাঁর মুক্তি পাওয়া ফ্রাঙ্ক অ্যালবামটি ইউরোপজুড়ে ঝড় তোলে। ২০০৬ সালে ব্যাক টু ব্ল্যাক-এর অভাবনীয় সাফল্য ওয়াইনহাউজকে এনে দেয় তুমুল জনপ্রিয় স্বাদ। তিনিই প্রথম ব্রিটিশ গায়িকা হিসেবে সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কারে ভূষিত হয়েছিলেন, আর যা কিনা এক আসরেই। তাঁর ‘রিহ্যাব’ ও ‘লাভ ইজ এলসিং গেইম’ গান দুটি বিশ্বসংগীতে তাঁর অবস্থানকে সুসংহত করে। ওয়াইনহাউজ হয়ে ওঠেন অসম্ভব জনপ্রিয় তারকাশিল্পী; সংগীতবোদ্ধারা দিয়েছিলেন তাঁকে আগামী দিনের সম্রাজ্ঞীর তকমা। কিন্তু না, গানের পাশাপাশি ওয়াইনহাউজ সমধিক আলোচনায় আসতে থাকেন তাঁর মাদকাসক্তি ও উটকো জীবন যাপনের জন্য। ২০০৭ সাল থেকে ট্যাবলয়েট পত্রিকাগুলোর নিয়মিত খবরের বিষয় হয়ে উঠেছিলেন ওয়াইনহাউজ। কখনো অতিরিক্ত মদ্যপানে ঝামেলা পাকানো, মাতাল অবস্থায় পরিবেশনা, নিষিদ্ধ মাদক-সংশ্লিষ্টতায় জেলেও যেতে হয়েছে তাঁকে। ২৩ জুলাই নর্থ লন্ডনের কেমডেনের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে; থমকে গেল অগোছালো যাপিত জীবন। ওয়াইনহাউজ ব্যক্তিগত জীবনে উচ্ছৃঙ্খল থাকলেও তাঁর গান যে তৈরি করেছে বিশ্বজুড়ে অসংখ্য ভালোবাসার মানুষ, তা-ই চোখে পড়ল তাঁর বাড়ির সামনে ভক্তদের আনাগোনায়। ফুলে ফুলে ভরে গেছে তাঁর বাড়ির সামনে, তাঁর ছবি, শোকবার্তার নানা প্ল্যাকার্ড বাদ যায়নি তাঁর প্রিয় ব্র্যান্ড ভদকা ও সিগারেট ক্যামেইল। ওয়াইনহাউজের পাড়ার ছেলে ভ্লাদিমির বলল, ‘ওর মাঝে অহংকার ছিল না। জানি, মাদকাসক্ত ছিল, ওর গানই তাঁকে বাঁচিয়ে রাখবে। সেলিব্রেটি হলেও আমাদের সঙ্গে আপন করে কথা বলত।’ ওয়াইনহাউজের মা-বাবা মিটস ও জেনিস যখন তাঁদের মেয়ের বাড়ির সামনে আসেন, আকাশ আরও ভারী হয়ে ওঠে। কান্না-জড়ানো কণ্ঠে জেনিস বললেন, আমার মেয়েটা ছোট থেকেই একরোখা, ও যা চায়, তা-ই তাকে পেতে হবে। আমি জানি, ও খুব চেষ্টা করেছে ফিরে আসার, ঘুরে দাঁড়ানোর। গেল সন্ধ্যায় আমাকে বলছে, ‘আমি তোমাকে বড্ড ভালোবাসি, মা।’ভক্ত, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে খুব দূরে চলে গেলেন ওয়াইনহাউজ; কিন্তু তাঁর গান মানুষকে করেছে বিমোহিত। সম্প্রতি ইউরোপ সফরে বের হওয়ার কথা ছিল তাঁর। সবকিছু ঠিকঠাক ছিল। আর ফিরে আসা হলো না তাঁর। শিল্পীর এক আকস্মিক বিদায়ে শোকাহত বিশ্ব সংগীতাঙ্গন। প্রখ্যাত শিল্পী স্যার এলটন জন বলেছেন, ‘অপার সম্ভাবনার আলোকের হাতছানি এভাবে থেমে গেল! এ কেমন বিদায়। লেডি গাগা তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়ে বলেছেন, তুখোড় মেধাবী ওয়াইনহাউজ; এ ঘাটতি পূরণ হওয়ার নয়।এমি ওয়াইনহাউজের অনন্য রেকর্ড সৃষ্টিকারী অ্যালবাম ব্যাক টু ব্ল্যাক-এর প্রযোজক মার্ক রনসন বললেন, ‘আমার সংগীতজীবনের বিশাল একটি অধ্যায় ওয়াইনহাউজ। খুব কষ্টের একটা সময় পার করছি; এমনটা হবে ভাবিনি কোনো দিন।’মৃত্যুর দুই দিন আগে তাঁকে শেষ দেখা গিয়েছিল কেমডেন রাউন্ড হাউসে, আইটিউন ফেস্টিভালে। ইউরোপ সফরের জন্য মাদক থেকে দূরে থাকার কথাই ছিল তাঁর। কিন্তু বন্ধুদের কেউ বলছেন, ইদানীং দেখা যাচ্ছিল অনেকটা স্বাভাবিক হয়ে উঠছিল। আবার কেউ কেউ বলছেন, মাত্রাতিরিক্ত মাদকাসক্তিতেই যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন এমি। শেষ অবধি, তাঁর ঠাট্টাচ্ছলে বলা, সাতাশের কোঠায় চলে গেছেন ওয়াইনহাউজ। এই ২৭ বছর বয়সের কোটা বা দুনিয়াখ্যাত ‘২৭ ক্লাব’-এ জিমি হেনড্রিক্স, জিম মরিসন, ব্রায়ান জোনস, জেনিস জপলিন, কেপ্ট কোবাইনের মতো বিশ্বকাঁপানো সংগীত প্রতিভাগুলো ঝরে পড়েছিল; আর সাতাশেই নতুন করে যুক্ত হলো এমি ওয়াইনহাউজের নাম। ময়নাতদন্তের এখন পর্যন্ত তথ্যানুযায়ী তাঁর মৃত্যুর কারণ মাদক। কিন্তু ভক্তদের মাঝে গুঞ্জন, অতিরিক্ত মাদক গ্রহণ, নাকি ক্লাব ২৭-এ নিজেকে জড়ানোর তাড়নাই ছিল তাঁদের প্রিয় শিল্পী এমি ওয়াইনহাউজের!