মাদককে না বলতে আসছেন ফেরদৌস ও নিপুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বর্গ থেকে নরক’ ছবির পরিচালক চিকিৎসক অরূপ রতনের সঙ্গে ফেরদৌস ও নিপুণ
‘স্বর্গ থেকে নরক’ ছবির পরিচালক চিকিৎসক অরূপ রতনের সঙ্গে ফেরদৌস ও নিপুণ

মাদকের ভয়াবহতার কথা আমরা সবাই জানি। সমাজ সচেতন মানুষ ও বিভিন্ন সংগঠন মাদকের ভয়াবহতা সবার কাছে তুলে ধরতে নানা কর্মশালাও আয়োজন করে থাকেন। সমাজের মানুষকে আরও বেশি মাত্রায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জানাতে আসছেন বাংলাদেশি চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ফেরদৌস ও নিপুণ। তবে এবার আর কোনো কনসার্ট কিংবা অনুষ্ঠানের মাধ্যমে নয়, ফেরদৌস ও নিপুণ মাদককে না বলবেন তাঁদের অভিনীত সিনেমার মাধ্যমে। মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত দন্তচিকিৎসক অরূপ রতন পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’ ছবিতে অভিনয় করেছেন এই দুই অভিনয়শিল্পী।
আজ মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে ‘স্বর্গ থেকে নরক’ ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এতে ছবির ট্রেলার প্রকাশ ও পোস্টার উন্মোচন করা হয়।
‘স্বর্গ থেকে নরক’ ছবি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘মাদকের ভয়াবহতা নিয়ে সমাজের তরুণ প্রজন্মের সঙ্গে প্রথম কথা বলার সুযোগ হয় প্রথম আলোর ‘মাদককে না’ বলার আয়োজনের মাধ্যমে। এবার ছবিতে অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে মাদকের ভয়াবহতা তুলে ধরব। আমি এমনিতে বরাবরই ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। যা সমাজের উপকারে আসবে। প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে শুরু থেকে আমি যুক্ত আছি। ‘স্বর্গ থেকে নরক’ ছবির ভাবনা খুবই পছন্দ হয়েছে। তাই এই ছবিতে অভিনয় করছি।’
গত বছরের ১৫ জুলাই থেকে ‘স্বর্গ থেকে নরক’ ছবিটির শুটিং শুরু হয়। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অরূপ রতন চৌধুরী।
এ প্রসঙ্গে নিপুণ বলেন, ‘সিনেমায় আমি অনেক ধরনের চরিত্রেই অভিনয় করেছি। কিন্তু ‘স্বর্গ থেকে নরক’ একেবারেই ভিন্নধর্মী একটি ছবি। এ ছবির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মাদকের ভয়াবহতার নানা দিক তুলে ধরা হবে।’
ছবির নির্মাতা অরূপ রতন চৌধুরী বলেন, ‘৩১ বছর ধরে ধূমপানবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। নিজের গড়া সংগঠন মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) থেকে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছি। টেলিভিশনে নিয়মিত অনুষ্ঠান করছি। ভাবলাম, এই ভয়াবহতা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিনেমার বিকল্প নেই। তাই এ ধরনের একটি সিনেমা বানালাম।’