মাদককে 'না'

ফেরদৌস আর নিপুণ ছুটে বেড়াচ্ছেন এক টিভি চ্যানেল থেকে অন্য টিভি চ্যানেলে, বিভিন্ন রেডিও স্টেশনে; কথা বলছেন পত্রিকাগুলোর সঙ্গে। তাঁরা মাদককে ‘না’ বলার জন্য আহ্বান জানাচ্ছেন।
: কী ব্যাপার? হঠাৎ মাদককে ‘না’ বলার জন্য দুজন ছুটে বেড়াচ্ছেন।
: মাদক কিন্তু আমাদের দেশের একটা ভয়াবহ সমস্যা। মাদক একটা প্রজন্মকে ক্রমেই গ্রাস করছে। এই সমস্যা থেকে এখনই মুক্তি পেতে হবে। এর ভয়াবহতার কথা আমরা তুলে ধরছি সবার সামনে। পাশাপাশি মাদক থেকে মুক্তির উপায়ও দেখাচ্ছি। আর এই সবই আছে স্বর্গ থেকে নরক ছবিতে।
বললেন ফেরদৌস। কাল ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডা. অরূপ রতন চৌধুরীর চলচ্চিত্র স্বর্গ থেকে নরক। তিনি দন্ত বিশেষজ্ঞ। দীর্ঘদিন মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত আছেন। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন করছেন। এবার তিনি নিজেই চলচ্চিত্র তৈরি করেছেন।
২০ ডিসেম্বর দুপুরে ফেরদৌস আর নিপুণ এলেন প্রথম আলোর কার্যালয়ে।
অনেক দিন পর বাংলাদেশে একই মাসে ফেরদৌসের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ১১ ডিসেম্বর শোভনের স্বাধীনতা, ১৮ ডিসেম্বর ছয় নয় আর কাল স্বর্গ থেকে নরক। এর মধ্যে শোভনের স্বাধীনতা ও স্বর্গ থেকে নরক ছবিতে ফেরদৌসের সঙ্গে আছেন নিপুণ। তাঁরা এর আগে একসঙ্গে অভিনয় করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের অন্তর্ধান ও নঈম ইমতিয়াজের এক কাপ চা ছবিতে। কলকাতার একটি ছবিতেও অভিনয় করেছেন তাঁরা। রূপালী গুহর এই ছবির নাম পরিচয়। এ ছাড়া ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি নঈম ইমতিয়াজের ছেড়ে যাস না এখনো মুক্তি পায়নি। সামনে তাঁরা একসঙ্গে আরও কাজ করবেন দেলোয়ার জাহান ঝন্টুর বাহান্ন থেকে একাত্তর আর শাহনূর রিপনের প্রাচীর পেরিয়ে ছবিতে।
আপনাদের দুজনের পরিচয় হলো কবে?
‘২০০৬ সালে যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রথম নিপুণের সঙ্গে দেখা হয়। তখন নিপুণের প্রথম ছবি মুক্তি পেয়েছে, পিতার আসন। এরপর আমরা পর্দার পাশাপাশি মঞ্চে অনেক কাজ করেছি।’ বললেন ফেরদৌস।
নিপুণ আলাদা করে উল্লেখ করলেন ফেরদৌস আর তাঁর বন্ধুত্বে কথা। ফেরদৌস বললেন, ‘আমি কিন্তু অনেকের সঙ্গে কাজ করেছি। তাঁদের সঙ্গে সেভাবে যোগাযোগ নেই। নিপুণের সঙ্গে কম কাজ করেছি। দেখা যায়, সারা বছর ওর সঙ্গে যোগাযোগ আছে। ওর মধ্যে যে বন্ধুত্বের ব্যাপারটা আছে, তা আমাকে খুব স্পর্শ করে। আমাদের ভরসা আর নির্ভরতার জায়গাটা খুব মজবুত।’
আবার স্বর্গ থেকে নরক ছবির প্রসঙ্গ। ফেরদৌস ‘প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন’-এর সঙ্গে জড়িত আছেন শুরু থেকেই। অংশ নিয়েছেন অসংখ্য অনুষ্ঠানে। কথা বলেছেন মাদকাসক্তদের সঙ্গে, কাছ থেকে শুনেছেন মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ছেলেমেয়েদের কথা। জানালেন, এই অভিজ্ঞতার পুরোটাই কাজে লেগেছে তাঁর এই নতুন ছবিতে।
বললেন, ‘আমরা তেজগাঁও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে শুটিং করেছি। আমার কাছে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের অংশটা খুব বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এই প্রতিষ্ঠানের ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। ওখানে যাওয়ার পর দেখেছি, মাদকাসক্ত ব্যক্তিরা একসঙ্গে শপথ করছে, জাতীয় সংগীত গাইছে। দেশপ্রেম, ধর্মের প্রতি মমতা, বড়দের সম্মান জানানো—এই দিকগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে। আসলে মাদকাসক্ত হওয়ার পর তাদের মধ্য থেকে এই দিকগুলো পুরোপুরি লোপ পায়। দৃশ্যগুলো করতে গিয়ে মনে হয়েছে, আমিও মাদকাসক্ত একটা ছেলে, এই অন্ধকার জগৎ থেকে মুক্তি চাই। দৃশ্যটা খুব বেশি বাস্তবসম্মত করে তোলার জন্য তা আমাকে খুব সহযোগিতা করেছে।’
নিপুণ জানালেন, স্বর্গ থেকে নরক ছবিতে তিনি র্যাম্পের একজন মডেল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একসময় মাদকাসক্ত হয়ে পড়েন। পরে তা থেকে মুক্তি পেতে চান। পুনর্বাসন কেন্দ্রে ফেরদৌসের সঙ্গে পরিচয় হয় তাঁর। মাদক থেকে মুক্তি পেতে ফেরদৌস আর নিপুণ একজন আরেকজনকে সহযোগিতা করেন। এরপর ঘটে অনেক নাটকীয় ঘটনা। মাদক থেকে ফিরে আসা যে খুব সহজ আবার মোটেই সহজ নয়, এই দুটো দিকই সার্থকভাবে তুলে ধরা হয়েছে স্বর্গ থেকে নরক ছবিতে।
নিপুণ বললেন, ‘পুরো ছবিতেই আমি অভিনয়ের অনেক জায়গা পেয়েছি। চেষ্টা করেছি পুরো ব্যাপারটিকে শতভাগ বাস্তবসম্মত করে তুলতে।’
তাঁরা দুজনই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জানালেন, স্বর্গ থেকে নরক ঠিক তেমনই একটি ছবি।
আড্ডা শেষ হচ্ছে। ফেরদৌস আর নিপুণের সঙ্গে প্রাচীর পেরিয়ে ছবির ব্যাপারে কিছু প্রয়োজনীয় আলাপ করতে চলে এসেছেন শাহনূর রিপন।
ফেরদৌস জানালেন, ২০১৬ সাল প্রায় পুরো সময় তিনি বাংলাদেশেই থাকবেন। কয়েকটি ছবি হাতে নিয়েছেন। এগুলোর কাজ শেষ করতে হবে। আর নিপুণ? ‘ছবি তো অবশ্যই করব। আশা করছি, ২০১৬ সালটা আমার জন্য একটু আলাদা হবে।’