মাদককে 'না' বলতে আসছেন ফেরদৌস ও নিপুণ
সমাজের মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে আরও বেশি সচেতন করতে এবার আসছেন বাংলাদেশি চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী ফেরদৌস ও নিপুণ। তাঁরা মাদককে ‘না’ বলবেন তাঁদের মুক্তি–প্রতীক্ষিত চলচ্চিত্রের মধ্য দিয়ে। মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত অরূপ রতন চৌধুরী পরিচালিত স্বর্গ থেকে নরক ছবির সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন এই দুই অভিনয়শিল্পী।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় একটি সংবাদ সম্মেলনের। সেখান স্বর্গ থেকে নরক ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। প্রকাশ করা হয় ছবির ট্রেলার ও পোস্টার।
স্বর্গ থেকে নরক ছবি প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘মাদকের ভয়াবহতা নিয়ে সমাজের তরুণ প্রজন্মের সঙ্গে প্রথম কথা বলার সুযোগ হয় প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে। এবার ছবিতে অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে মাদকের ভয়াবহতা তুলে ধরব।’
গত বছরের ১৫ জুলাই স্বর্গ থেকে নরক ছবিটির শুটিং শুরু হয়। পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অরূপ রতন চৌধুরী। তিনি বলেন, ‘মাদকের ভয়াবহতার কথা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সিনেমার বিকল্প নেই। তাই ছবিটি বানালাম।’