মাদকের জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু থেকেই নার্কোস পেয়েছে তুমুল জনপ্রিয়তা
শুরু থেকেই নার্কোস পেয়েছে তুমুল জনপ্রিয়তা

অন্ধকার জগতের অন্য এক রূপ দেখা গিয়েছিল গত শতকের আশি ও নব্বইয়ের দশকে। দক্ষিণ আমেরিকা থেকে মাদক ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। মাদক ব্যবসায়ীদের প্রধান টার্গেট ছিল আমেরিকা ও ইউরোপ। তরুণ প্রজন্ম নষ্ট হওয়ার পাশাপাশি বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছিল মাদক ব্যবসায়ীদের কাছে। আর এই বিলিয়ন বিলিয়ন ডলার একজন ব্যক্তিকে মাদকসম্রাটে পরিণত করেছিল। সে পাবলো এস্কোবার। তার টাকার পরিমাণ এত ছিল যে এক মাসের আয়কে গুছিয়ে ব্যান্ড দিয়ে বাঁধতে ২৫০০ মার্কিন ডলারের রাবার ব্যান্ড কিনতে হতো! একসময় এই পাবলো এস্কোবার বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠে শুধু কোকেইনের ব্যবসার বদৌলতে। তাকে দমাতে রীতিমতো যুদ্ধ শুরু হয়। কে জেতে সেই যুদ্ধে!

শুরু থেকেই নার্কোস পেয়েছে তুমুল জনপ্রিয়তা
শুরু থেকেই নার্কোস পেয়েছে তুমুল জনপ্রিয়তা

এই গল্পকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে জনপ্রিয় টিভি সিরিজ নার্কোস। নার্কোসের সিজন ১ ও ২-এর ঘটনাপ্রবাহ পাবলো এস্কোবারকে ঘিরে তৈরি। প্রথম দুই সিজনে ডিইএ এজেন্ট মারফির বয়ানে এগোতে থাকে নার্কোসের গল্প। তৃতীয় সিজনে কাহিনির বর্ণনা করে এজেন্ট পিনিয়া। কলম্বিয়ার সেরা সেরা সেনা কর্মকর্তাকে নিয়ে গঠিত হয় সার্চ ব্লক, তাদের কাছেই শেষ পর্যন্ত হার মানতে হয় এস্কোবারকে। এস্কোবারের মৃত্যুর পর কোকেন উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল? না। এস্কোবারের প্রতিদ্বন্দ্বীরা একজোট হয়ে গঠন করে কালি কার্টেল গ্রুপ, যারা কিনা বিশ্বে মাদক সরবরাহের প্রধান জোট হয়ে ওঠে। গিলবর্তো, মিগেল, পাচো, চ্যাপেরা হয়ে ওঠে পরবর্তী ড্রাগ গডফাদার। নার্কোসের তৃতীয় কিস্তি তাদের নিয়েই নির্মিত। এবার এজেন্ট পিনিয়ার ওপর দায়িত্ব পড়ে তাদের ধরার। তবে তৃতীয় সিজনে দর্শকেরা এস্কোবার আর মারফিকে মিস করেছে খুব।

হলিউডের সেরা টিভি সিরিজগুলোর বেশির ভাগের প্রোডাকশনেই থাকে এইচবিও ও নেটফ্লিক্স। নার্কোস তৈরি করেছে নেটফ্লিক্স। শুরু থেকেই নার্কোস পেয়েছে তুমুল জনপ্রিয়তা, যেমনটা নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ আর ‘স্ট্রেঞ্জার থিংস’-ও পেয়েছিল। আইএমডিবি র‍্যাঙ্কিংয়ে নার্কোসের র‍্যাঙ্কিং ৮.৯। ২০১৫ সালে শুরু হওয়া এ সিরিজটির এখন পর্যন্ত ৩টি সিজন বের হয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর মেক্সিকোর সেই সময়কার ড্রাগ ট্রাফিকারদের নিয়ে পরবর্তী সিজনটি তৈরি হবে। প্রথম দুই সিজনে পাবলো এস্কোবারের চরিত্রে অভিনয় করেন ওয়াগনার মোরা। অসাধারণ অভিনয়ের জন্য তিনি জেতেন গোল্ডেন গ্লোব মনোনয়ন। এজেন্ট মারফি চরিত্রে অভিনয় করেছেন বয়েড হলব্রুক এবং এজেন্ট পিনিয়ার চরিত্রে পেদ্রো প্যাস্কেল।

সত্য কাহিনির ওপর নির্মিত নার্কোসে বুঁদ এখন তরুণ সিরিজপ্রমীদের একটা বড় অংশ। গত শতকে কোকেইনের রাজা বলে খ্যাত পাবলো এস্কোবার ও পরবর্তী মাদক মাফিয়াদেরও এ সিরিজ নিয়ে আসছে সবার সামনে। সেই সঙ্গে সামনে নিয়ে আসছে মাদক ব্যবসার অন্ধকার জগতের নানা অজানা গল্প। আর এই গল্প সামনে আনতে গিয়েই ঘটছে নানা ঘটনা-দুর্ঘটনা। সেই গল্প নাহয় শোনা যাবে আরেক দিন। আপাতত চোখ থাকুক নেটফ্লিক্সে নার্কোসের তৃতীয় সিজনের দিকে।