চ্যানেল আইতে রবি, সোম ও মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে ধারাবাহিক নাটক মন। মনোরোগ বিশেষজ্ঞ ডা. মোহিত কামালের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন হাসিনা আহমেদ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন হাসিনা আহমেদ, টুকু মজনিউল ও সারওয়ার বাপী। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে।‘মন’ ধারাবাহিকটি নিয়ে কিছু বলুন।মোহিত কামালের উপন্যাসগুলোতে নানা মনস্তাত্ত্বিক বিষয় থাকে। পরিবারের অনেক কিছুই বাইরের মানুষ জানতে পারে না, চিকিৎসক হওয়ার কারণে খুব কাছ থেকে তিনি সেগুলো দেখতে পান। সেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সমস্যা সমাধানের চেষ্টা করেন। আবার এই ব্যাপারগুলোই নিজের লেখার মধ্য দিয়ে তুলে ধরেন।মন ধারাবাহিকটির গল্প সত্য ঘটনা অবলম্বনে। আমি মনে করি, দর্শকদের এই ধারাবাহিকটি দেখা উচিত। নাটকের গল্পটি কী রকম?গল্পে স্বামী-স্ত্রী চাকরি করে। তাদের দুজনেরই বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে সংসারে অশান্তি লেগেই আছে। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব অনেক। তাদের দুটি সন্তান। স্কুল ও কলেজে পড়ছে। বাবা-মায়ের কাছ থেকে তারা কোনো আদর-ভালোবাসা-স্নেহ কিংবা সহযোগিতা পায় না। তাদের মধ্যে হতাশা কাজ করে। ধীরে ধীরে ছেলেটি মাদকাসক্ত হয়ে পড়ে। একসময় বাবা-মা নিজেদের ভুল বুঝতে পারে। সন্তানদের স্বাভাবিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু তত দিনে অনেকটা সময় পেরিয়ে গেছে। এরপর মাদকের বিরুদ্ধে শুরু হয় পুরো পরিবারের সংগ্রাম।গত সপ্তাহ থেকে নাটকটি দেখানো হচ্ছেহ্যাঁ, আমিও শুনেছি। হঠাৎ নাকি নাটকটি দেখানো হচ্ছে। কিন্তু নাটকের জন্য যে সময়টা বরাদ্দ করা হয়েছে, আমি জানি না কতজন দর্শক তা ওই সময় দেখতে পারবে। কারণ, এতে সমাজের এমন সব গুরুত্বপূর্ণ অসংগতি দেখানো হয়েছে, তা সবারই জানা খুব দরকার। আর তা দেখে নিজেদের ব্যাপারে সবাই সচেতন হতে পারবে। নাটকের শেষ অংশে কী থাকছে?এখানে আমাদের স্বপ্নের কথা বলা হয়েছে। আমরা সন্তানদের যেভাবে দেখতে চাই, পরিবারগুলো যেমন হওয়া উচিত, বাবা-মায়ের সম্পর্ক—এসবই আছে। মোট কথা, একটা ইতিবাচক সমাপ্তি।