মাদকের বিরুদ্ধে যা বললেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আজ বিশ্ব মাদকবিরোধী দিবস। জনসাধারণকে সচেতন করতে মাদকের ভয়াবহতা, মাদকের কারণে সমাজ–রাষ্ট্রের ক্ষতি নিয়ে কথা বলেছেন তারকারা। তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
আইয়ুব বাচ্চু,বিপ্লব,হাবিবুল বাশার সুমন
আইয়ুব বাচ্চু,বিপ্লব,হাবিবুল বাশার সুমন

আইয়ুব বাচ্চু: মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, তাঁর পরিবার, সমাজ, দেশ, মা-মাটি সবকিছুকে ধ্বংস করে দেয়। একজন মাদকসেবীর কারণে তাঁর পরিবারের সদস্যরা সমাজের কারও সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না। মাদক জীবন কেড়ে নেয়। আমি বিশ্বাস করি, সামনের দিনগুলোতে বাংলাদেশে মাদকের ভয়াবহতা কমে আসবে। তরুণদের সচেতন হতে হবে। একধরনের দায়বদ্ধতা থেকেই আমি প্রথম আলোর মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। তাঁদের সঙ্গে বরাবরই গলা মিলিয়ে বলি, ‘মাদককে “না” বলুন।’

বিপ্লব: অনেকে বলেন, মাদক সেবন মানুষের ব্যক্তিগত ব্যাপার, বিনোদনজগতের লোকেরা মাদক সেবন করেন। কথাগুলোর সঙ্গে আমি একমত নই। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা যে বিনোদনজগতে ঘটে না, তা বলব না। কিন্তু ঢালাওভাবে পুরো বিনোদনজগৎকে মাদকাসক্ত বলা ভুল হবে। একজন মাদকাসক্ত ব্যক্তি শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজকে ধ্বংসের পথে নিয়ে যান। পরিবারের সুন্দর আগামীকে নষ্ট করে দেওয়ার জন্য পরিবারে একজন মাদকসেবী সদস্যই যথেষ্ট। সবাইকে বিনীত অনুরোধ করব, মাদক থেকে দূরে থাকুন।

অপি করিম
অপি করিম

অপি করিম: একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেন। আমাদের সমাজে যাঁরা শক্ত অবস্থানে আছেন, সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা অনেক। সাধারণ মানুষ যাঁদের আইডল ভাবে, অনুসরণ করে; তাঁদের কেউ কেউ ধূমপান করেন। আমি খুব কাছের মানুষদের প্রথমে ধূমপান ত্যাগ করতে বলি। আমার পরিচিত এই প্রজন্মের যেসব ছেলেমেয়ে আমার কাছে নিয়মিত আসে, তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলি, প্রচুর বই পড়তে বলি। একটা সময় তারা বই পড়ায় মনোযোগী হয়ে উঠবে। যখন একজন ছেলে বা মেয়ে নিজেকে গড়তে উদ্যোগী হবে, তখন আর মাদক নেওয়ার কথা মাথায় আসবে না তার।
হাবিবুল বাশার সুমন: যাঁদের সামাজিক দায়বদ্ধতা আছে, তাঁদের উচিত জনসমক্ষে ধূমপান না করা। কারণ, সাধারণ মানুষ তাঁদের অনুসরণ করে। তাঁরা যেখানে–সেখানে ধূমপান করলে, তাঁদের দেখাদেখি সাধারণ মানুষের মধ্যেও মাদকের প্রসার ঘটে। আমি ধূমপান বা মাদক গ্রহণ করি না। আমার চারপাশের সব মানুষকে সব সময়ই সব ধরনের মাদক, বিশেষ করে ধূমপান করতে নিষেধ করি। মাদকাসক্ত হওয়ার প্রাথমিক সিঁড়িই হলো সিগারেট।
গ্রন্থনা: মনজুর কাদের ও শফিক আল মামুন