মাদকের সঙ্গে যুদ্ধে ছেলের পাশে 'আয়রনম্যান' বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে তাঁর ছেলে ইন্ডিও ফ্যালকোনার ডাউনি (ডানে)
রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে তাঁর ছেলে ইন্ডিও ফ্যালকোনার ডাউনি (ডানে)

মাদকাসক্তির কারণে ‘আয়রনম্যান’ তারকা রবার্ট ডাউনি জুনিয়রকে ছেড়ে গিয়েছিলেন তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রী। রবার্টের মতো নেশার জালে জড়িয়ে পড়েছেন তাঁর ছেলে ইন্ডিও ফ্যালকোনার ডাউনি। তবে মাদকের জাল ছিঁড়তে দৃঢ় প্রতিজ্ঞ ২১ বছর বয়সী ইন্ডিও। বর্তমানে মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে তাঁর চিকিত্সা চলছে। ছেলের এই দুঃসময়ে তাঁর পাশে আছেন রবার্ট। মাদক ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য ছেলের ব্যাকুলতার জন্য তাঁকে নিয়ে গর্বিত বলেই জানিয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে পিপল ডটকম জানিয়েছে, মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে চিকিত্সা নেওয়ার অভিজ্ঞতা আছে রবার্টের। তিনি খুব ভালো করেই জানেন ইন্ডিওর ওপর দিয়ে এখন কেমন ঝড় বয়ে যাচ্ছে। যেকোনো উপায়ে মাদক ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে চান ইন্ডিও। এ জন্য ছেলেকে নিয়ে গর্বিত রবার্ট। তিনি সব সময় মাদকাসক্তির বিরুদ্ধে যুদ্ধে ছেলের পাশে আছেন এবং থাকবেন।
গত জুন মাসে ওয়েস্ট হলিউডে একটি গাড়ির ভেতর কোকেন সেবনের সময় পুলিশের হাতে ধরা পড়েন ইন্ডিও। কোকেনসহ ধরা পড়ায় কারাগারে পাঠানো হয় তাঁকে। অবশ্য ১০ হাজার ডলার মুচলেকার বিনিময়ে কয়েক ঘণ্টা পরই জেল থেকে ছাড়া পেয়ে যান তিনি। তখন এক বিবৃতিতে রবার্ট বলেন, ‘দুঃখজনক বিষয় হলো বংশানুগতির অন্যতম নিয়ন্ত্রক উপাদান জিনের ভেতর এক ধরনের উপাদানের জন্য মাদকের প্রতি আসক্তি জন্ম নেয়। ইন্ডিওর ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। ওর মাদকাসক্তির জন্য আমিই দায়ী।’

রবার্ট ডাউনি আরও বলেন, ‘আমি জানি, ইন্ডিও যা চায় তা করে দেখাতে পারে। সে মাদকাসক্তি থেকে বের হয়ে আসতে চায়। এই যুদ্ধে পরিবারের সবার সহযোগিতা সে পাবে। সব সময় আমরা তার পাশেই থাকব। আমার দৃঢ় বিশ্বাস, একদিন অবশ্যই মাদকের জাল ছিন্ন করে উদাহরণ সৃষ্টি করতে পারবে ইন্ডিও।’
রবার্ট ডাউনির দ্বিতীয় স্ত্রী গায়িকা ও অভিনেত্রী ডেবরাহ ফ্যালকোনারের ছেলে ইন্ডিও ফ্যালকোনার ডাউনি। কয়েকটি হলিউডের ছবিতে অভিনয় করেছেন ইন্ডিও। অনেক দিন থেকেই তিনি মাদকে আসক্ত। মাঝে তিনি সুস্থ-স্বাভাবিক জীবন-যাপন করলেও আবার মাদকের জালে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে খুবই বিচলিত হয়ে পড়লেও ছেলের মাদক ছাড়ার ব্যাকুলতা দেখে তাঁকে নিয়ে গর্বিত ৪৯ বছর বয়সী রবার্ট।