মাদাগাস্কারের জয়জয়কার
কেশর ফোলানো অসম সাহসী আর আবেগী সিংহ অ্যালেক্স আছে। আছে অ্যালেক্সের সবচেয়ে কাছের বন্ধু, নাটুকেপনায় ওস্তাদ জেব্রা মার্টি। রোগভীতু, সব সময়ই নানা অসুখ নিয়ে আতঙ্কে ভোগা জিরাফ মেলম্যান। আর পানির পাশাপাশি মেলম্যানের প্রেমেও হাবুডুবু খাওয়া অতিকায় জলহস্তি গ্লোরিয়া। আছে চাপাবার রাজা কিং জুলিয়েন আর তার মোসাহেব মরিস। নিশ্চয়ই ভুলে যাননি দুর্ধর্ষ সেই পেঙ্গুইনদের কথা, যারা করতে পারে না এমন কিছুই নেই। এদের নিয়েই মাদাগাস্কার। অ্যানিমেটেড ছবির দুনিয়ায় মাদাগাস্কার ছবির জনপ্রিয়তা আকাশছোঁয়া। সিরিজের প্রথম দুই ছবি মাতিয়ে দিয়েছিল দর্শকদের মন, কাঁপিয়ে দিয়ে গিয়েছিল বক্স অফিস। সদ্য মুক্তি পাওয়া মাদাগাস্কার থ্রি: ইউরোপস মোস্ট ওয়ান্ডেটও মুক্তির পর থেকেই বক্স অফিসের শীর্ষে। অ্যানিমেটেড ছবির সিরিজের বেলায় অনেক সময়ই প্রতিটা ছবি নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়। কিন্তু এদিক দিয়ে ব্যতিক্রম মাদাগাস্কার। সিরিজের প্রথম ছবি ছিল মাদাগাস্কার। দ্বিতীয় ছবি মাদাগাস্কার: এস্কেপ টু আফ্রিকা। দুটো ছবিতেই কাহিনির পরম্পরা ছিল। মূলত অ্যালেক্সকে নিয়েই ছবি। পাচারকারীরা যে অ্যালেক্সকে ছোট্টবেলায় আফ্রিকার বন থেকে ধরে নিয়ে গিয়েছিল, তারপর তার ঠিকানা নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা। এখানেই মার্টি-মেলম্যানদের সঙ্গে পরিচয়। চিড়িয়াখানা থেকে পালানো নিয়েই শুরু সিরিজের প্রথম ছবি। এরপর আফ্রিকায় গিয়ে পৌঁছানো। কিন্তু শেষে উপলব্ধি, নিউইয়র্কের ওই সেন্ট্রাল পার্ক জু-ই তাদের আসল ঠিকানা। সেখানেই ফিরে যেতে চায় তারা। এই ফিরে যাওয়ার মিশন নিয়েই বানানো হয়েছে তৃতীয় ছবি, যে ছবিতে আসলে অ্যালেক্স আর তার বন্ধুরা গিয়ে পৌঁছাবে ইউরোপে। ছবির শুরুতেই দেখা যায়, দুঃস্বপ্ন দেখছে অ্যালেক্স। আফ্রিকার জঙ্গলে তারা পরিত্যক্ত। বুড়ো হয়ে গেছে সবাই। চলার শক্তিটুকুও নেই। এই দুঃস্বপ্ন অ্যালেক্সকে ব্যাকুল করে তোলে। কারণ, তারা বড় হয়েছে নিউইয়র্কে, তারা অভ্যস্ত আয়েশি জীবনযাপনে। নিউইয়র্কে ফেরার উপায় বাতলে দিতে পারে শুধু পেঙ্গুইনরা, যারা এখন মন্টে কার্লোতে। পেঙ্গুইনদের খোঁজে মন্টে কার্লোতে আসে অ্যালেক্স, মেলম্যান, গ্লোরিয়ারা। মন্টে কার্লোতে পৌঁছে হোটেলে লাগে গোলমাল। তাদের ধরতে পশু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে খবর দেয় হোটেল ম্যানেজার। ব্যস, আবার শুরু হয়ে যায় ভাগম ভাগ। ঘটনাক্রমে তারা ভিড়ে যায় এক সার্কাস দলে। এই সার্কাস দলের হয়ে ইউরোপের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে হয় নানা অভিজ্ঞতা। একসময় সার্কাসের দল আসে নিউইয়র্কে। সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানার ঠিক কাছে। পালিয়ে গিয়ে নিজেদের আসল ডেরায় ফেরার এই তো সুযোগ!ছবির গল্প শুনে আন্দাজ হয়, হয়তো মাদাগাস্কার সিরিজের এটাই শেষ! মন খারাপ করে দেওয়ার মতো খবর সন্দেহ নেই। অবশ্য নির্মাতা ড্রিমওয়ার্কস অ্যানিমেশন স্টুডিওর প্রধান নির্বাহী জেফরি কাৎজেনবার্গ ২০০৮ সালেই এ রকম একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তবে শোনা যাচ্ছে, এখানেই শেষ নয়। ড্রিমওয়ার্কস আরও একটি ছবি বানানোর কথা ভাবছে এই সিরিজের।হাজার হোক, ড্রিমওয়ার্কসের জন্য এটি সোনার ডিম পাড়া হাঁস। ২০০৫ সালে সাত কোটি ৮০ লাখ ডলার বাজেটের প্রথম ছবিটি মুক্তি পায়। সেটি তুলে এনেছিল ৫৩ কোটি ২৬ লাখ ডলারের বেশি। সিরিজের দ্বিতীয় ছবির মোট আয় ছিল ৬০ কোটি ৩৯ লাখ ডলার। আর মাদাগাস্কার থ্রি: ইউরোপস মোস্ট ওয়ান্ডেট মুক্তির দুই সপ্তাহ না যেতেই ঘরে তুলেছে ২০ কোটি ৫৪ লাখ ডলার!এখন মাদাগাস্কারের জয়জয়কার!রাজীব হাসানতথ্য: হলিউড রিপোর্টার