মাদাম তুসোতে 'বাহুবলি'!

কিছুদিন আগে লন্ডনের মাদাম তুসো জাদুঘরের একটি শিল্পী দল ভারতে এসেছিল। তাঁরা ভারতের হায়দরাবাদে এসে ‘বাহুবলি’ সিনেমার নায়ক প্রভাসকে নিজ চোখে দেখে গেছেন। শুধু কী তাই? বিভিন্ন দিক থেকে প্রায় ৩৫০টি ছবিও তুলে নিয়ে গেছেন তাঁরা। মাথা থেকে পা পর্যন্ত তাঁর শরীরের মাপও নিয়েছেন। কিন্তু এত কিছু দিয়ে তাঁরা করবেন কী? বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে প্রভাসের মোমের মূর্তি বানানো হবে বলেই এত তোড়জোড়।
এই প্রথম দক্ষিণ ভারতের কোনো তারকার মূর্তি মাদাম তুসোতে স্থাপিত হতে যাচ্ছে। ‘বাহুবলি’ সিনেমায় প্রভাস অভিনয় করেছিলেন অমরেন্দ্র বাহুবলির চরিত্রে। জানা গেছে, মাদাম তুসোতে এই চরিত্রের পোশাকেই দেখা মিলবে প্রভাসের এই মোমের অবয়ব। ২০১৭ সালের মার্চ মাসে এই মূর্তিটি উন্মোচিত হবে।
আর ‘বাহুবলি’ ছবির দ্বিতীয় কিস্তি ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ মুক্তি পাবে আগামী বছর এপ্রিল মাসে। ইন্ডিয়া টুডে।