মাদাম তুসোয় মোমের অ্যাডেলে
অ্যামি ওয়াইনহাউস, বিওন্সি নোলস এবং লেডি গাগার পাশে এবার লন্ডনের মাদাম তুসো জাদুঘরে ঠাঁই পেতে যাচ্ছে অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেলের মোমের প্রতিমূর্তি। গত বছর মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ ছবির শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়ে গত সপ্তাহে অনুষ্ঠিত ৮৫তম অস্কার আসর থেকে সেরা মৌলিক গান বিভাগে পুরস্কৃত হয়েছেন অ্যাডেলে। সম্প্রতি প্রখ্যাত এ সংগীতশিল্পীর সম্মানে তাঁর প্রতিমূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ফিমেলফার্স্ট’।এ প্রসঙ্গে লন্ডনের মাদাম তুসো জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা নিকোল ফেনার বলেন, ‘বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডেলকে নিয়ে সবার ভেতর ব্যাপক আগ্রহ আছে। অনেক দিন থেকেই তাঁর মোমের প্রতিমূর্তি স্থাপনের জন্য অসংখ্য অনুরোধ আসছে আমাদের কাছে।’ নিকোল আরও বলেন, ‘স্কাইফল গানটি প্রকাশিত হওয়ার পর এই অনুরোধের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। সম্প্রতি গানটির জন্য অস্কার পুরস্কার ঘরে তোলায় অ্যাডেলকে সম্মান জানানোর এখনই উপযুক্ত সময় বলে মনে করছি আমরা। মাদাম তুসো জাদুঘরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত।’আগামী জুন মাসে মাদাম তুসোয় উন্মোচিত হবে ২৪ বছর বয়সী এ গায়িকার প্রমাণ আকৃতির মোমের প্রতিমূর্তি। ‘২১’ অ্যালবামের জন্য ২০১২ সালের গ্র্যামি পুরস্কার আসর থেকে ছয়টি পুরস্কার পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এ শিল্পী। ধারণা করা হচ্ছে, গ্র্যামি আসরে কালো রংয়ের গাউন পরে যে রূপে হাজির হয়েছিলেন অ্যাডেলে; ঠিক সেই রূপেই মাদাম তুসোয় ঠাঁই পাবেন তিনি।