মাদাম তুসোয় ঠাঁই পেলেন রবার্ট প্যাটিনসন
‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের ভক্তরা ২৩ অক্টোবর যুক্তরাজ্যের সমুদ্রতীরবর্তী ব্ল্যাকপুল শহরে অবস্থিত মাদাম তুসো জাদুঘরে হুমড়ি খেয়ে পড়েছিলেন। কারণ, ওই দিন তাঁদের পছন্দের তারকা প্যাটিনসনের মোমের মূর্তি স্থাপন করেছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। সেদিন প্রিয় অভিনেতার মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন অনেকেই। রবার্ট প্যাটিনসনের মূর্তিটি গড়তে সব মিলিয়ে খরচ হয়েছে দেড় লাখ পাউন্ড, সময় লেগেছে টানা চার মাস। মূর্তিটি সবার দেখার সুযোগ করে দেওয়ার পর প্যাটিনসন-ভক্তদের উন্মত্ত ভিড় সামলাতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে মাদাম তুসো কর্তৃপক্ষকে। অতিরিক্ত ভিড় সামলাতে এবং মূর্তিটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্যাটিনসনের প্রমাণ আকৃতির মূর্তিটির পাহারাদার হিসেবে চারজন রক্ষীও ভাড়া করা হয়েছিল। তাঁরা সব সময় ঘিরে রেখেছিলেন মূর্তিটিকে। এক খবরে এমনটিই জানিয়েছে দ্য সান।প্যাটিনসনের মূর্তিটির গায়ে শোভা পেয়েছে তাঁর ট্রেডমার্ক স্যুট-জ্যাকেট, জিনস এবং সরু টাই। ব্রিটেনের রানি এলিজাবেথ, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের মূর্তির পাশাপাশি ব্ল্যাকপুলে প্যাটিনসনের মোমের মূর্তিটি থাকবে চলতি বছরের নভেম্বর পর্যন্ত। এরপর তাঁর মূর্তিটি নিয়ে যাওয়া হবে বিশ্বের অন্যান্য দেশে অবস্থিত মাদাম তুসো জাদুঘরে।