মাধুরীর কাছে নাচ শিখবেন?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের চোখেই তিনি বলিউডের সবচেয়ে ভালো নাচিয়ে নায়িকা। সেই মাধুরী দীক্ষিতের কাছে নাচের দীক্ষা নিতে পারেন এখন যে কেউ। কারণ, মাধুরীর অনলাইন নাচের একাডেমি ড্যান্সউইথমাধুরীডটকম মুঠোফোনের জন্য একটি অ্যাপ ছেড়েছে। ড্যান্সউইথমাধুরী নামের এই অ্যাপটি নামিয়ে নিলে যে কেউ মুঠোফোনের মাধ্যমে নাচ শিখতে পারবেন খোদ মাধুরীর কাছ থেকে!
মুঠোফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা এই অ্যাপ নামাতে পারবেন। আইওএস এবং অ্যানড্রয়েড—দুই ধরনের ফোনের জন্যই অ্যাপটি বানানো হয়েছে। মাধুরী জানান, শুধু নাচপাগলেরা নন, নাচের মাধ্যমে শরীর তরতাজা রাখতে চান যাঁরা, তাঁদেরও কাজে আসবে এই অ্যাপটি। পাশাপাশি বিশ্বের নাচিয়েদের মধ্যে একটা যোগসূত্রও তৈরি করবে এই অ্যাপ। আইএএনএস।