
গেল বছরই তিনি ফিরেছিলেন বড় পর্দায়। তবে সেই ফেরাটা আসলে বলিউডে প্রত্যাবর্তনের একটা ট্রেইলার ছিল মাত্র। ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে মাত্র তিন মিনিটের একটি আইটেম গানের নাচ। তবে তিন মিনিটের সেই চোখ ধাঁধানো ঘাগরা নাচেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন—মাধুরী এখনো ফুরিয়ে যাননি। যাঁর লাস্য, হাসি একসময় ঝড় তুলত বহু পুরুষের হূদয়ে, যাঁর অসাধারণ নাচের মুদ্রায় বিমোহিত হয়ে বলিউডের বহু অভিনেত্রী তাঁর মতো নাচতে পারার স্বপ্ন দেখেন, সেই মাধুরী সাত বছর পর আবারও বড় পর্দায় ফিরলেন নায়িকার ভূমিকায়। অভিষেক চৌবে পরিচালিত সাড়া জাগানো ছবি ইশকিয়ার সিক্যুয়েল দেড় ইশকিয়ার মধ্য দিয়ে ফিরলেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।
অথচ তিনি নাকি হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু শেষমেশ সেটা আর হয়নি। বাবলি ডাক নামের মেয়েটি একসময় হয়ে গেলেন বলিউডের ড্যান্স কুইন। মাধুরীর ‘এক দো তিন’, ‘দিদি তেরা দেবর দিওয়ানা’, ‘চোলি কে পিছে’, ‘মেরা পিয়া ঘর আয়া’, ‘চানে ক্ষেত মে’, ‘কে সারা সারা’, ‘ডোলা রে ডোলা’ কিংবা ‘মার ডালা’ কখনো কি ভোলা যায়?

একটু ইতিহাস
বলিউডে মাধুরীর অভিষেক ১৯৮৪ সালে অবোধ ছবিতে অভিনয়ের মাধ্যমে। তবে ১৯৮৮ সালে তেজাব ছবির ‘এক দো তিন’ গান দিয়েই মূলত তাঁর সঙ্গে বেশি করে হূদ্যতা তৈরি হয় মানুষের। এই ছবিই তাঁকে বসিয়ে দেয় খ্যাতির উচ্চতর আসনে। জোটে প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন। এর পরেরটা শুধুই ইতিহাস। রাম লক্ষণ, দিল, সাজন, খলনায়ক, বেটা, রাজা, হাম আপ কে হ্যায় কৌন, পারিন্দা, পুকার, লজ্জা, মৃত্যুদণ্ড, আনজাম, দিল তো পাগল হ্যায়, গজগামিনী, দেবদাসসহ অসংখ্য ছবিতে অভিনয় করে সমাদৃত হয়েছেন মাধুরী। বগলদাবা করেছেন অসংখ্য পুরস্কার। আশি ও নব্বইয়ের পুরো দশকে হিন্দি ছবির জগতে মাধুরী ছিলেন বলিউডে শীর্ষস্থানীয় অভিনেত্রী। তবে ১৯৯৯ সালে কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মাধব নেনের সঙ্গে গাঁটছড়া বেঁধে পুরোদস্তুর সংসারী হতে একসময় স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জনপ্রিয় এই অভিনেত্রী। সেই সময়টায় সংসার আর সন্তান মানুষ করার মধ্য দিয়েই নিজেকে সাধারণ নারীর মতো ব্যস্ত রেখেছিলেন মাধুরী। কিন্তু অভিনয় যাঁর রক্তে মিশে আছে সেই জাতশিল্পী কি দূরে থাকতে পারেন এই জগৎ ছেড়ে? তাই ২০০৭ সালে নির্বাসন ভেঙে শেষ পর্যন্ত মাধুরী আবারও ফিরে আসেন বিটাউনের মায়াভরা দুনিয়ায়। অভিনয় করেন আজা নাচ লে ছবিতে। ছবিটি খুব বেশি দর্শক সাড়া না পেলেও, বরাবরের মতো মাধুরীর অভিনয় প্রশংসিত হয় সব মহলেই। এরপর আবারও কেটে গেল সাতটি বছর ।
নতুন করে শুরু

ইশকিয়ার সিক্যুয়েল হলেও দেড় ইশকিয়া একেবারেই নতুন ছবি বলে দাবি করেছেন পরিচালক অভিষেক। আগের মতো এবারের গল্পেও থাকছে নামকরা দুই ক্রিমিনাল বাব্বন আর খালুজান। তবে দেড় ইশকিয়া ছবির গল্প মাহমুদাবাদ শহরের এক মধ্যবয়স্ক সম্পদশালী বিধবা নারী বেগম পারাকে নিয়ে। মৃত স্বামীর ইচ্ছানুযায়ী বেগম পারা তার বাড়িতে একটি সায়েরী প্রতিযোগিতার আয়োজন করে। সায়েরীর মাধ্যমে যে কবি তার হূদয় জয় করতে পারবে, তাকেই বিয়ে করবে বেগম পারা। খালুজান কবি সেজে সেই প্রতিযোগিতায় সায়েরী পাঠ করে। খালুজানের সায়েরীতে মুগ্ধ হয়ে যায় বেগম পারা। একসময় আরেক ক্রিমিনাল বাব্বনও এসে হাজির হয় বেগম পারার বাড়িতে। জমে ওঠে দেড় ইশকিয়ার কাহিনি। ২০১০ সালে মুক্তি পাওয়া ইশকিয়া ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। তবে বিদ্যা না থাকলেও নিজেদের পুরোনো চরিত্রে ঠিকই আছেন আরশাদ ওয়ার্সি এবং নাসিরুদ্দিন শাহ। আগের ছবির মতো এবারও খালুজান ও বাব্বনের চরিত্রে দেখা যাবে তাঁদের দুজনকেই। রয়েছেন হালের ক্রেজ হুমা কোরেশিও। আর মাধুরী এই ছবিতে বেগম পারা। চরিত্রটাই নাকি লেখা হয়েছিল মাধুরীর জন্য। ব্ল্যাক কমেডি ধাঁচের এই থ্রিলার ছবির চিত্রনাট্যও মাধুরীর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। নিজের চরিত্র নিয়ে মাধুরী জানান, ‘ছবিতে বেগম পারা চরিত্রটি খুব জটিল। আমার চরিত্রকে বাইরে থেকে দেখলে খুব হাসি-খুশি মনে হলেও ভেতরে রয়েছে অনেক অপূর্ণতা। এই ছবিতে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা সব আছে, একেবারে টোটাল এন্টারটেইনমেন্ট মুভি। পুরো ছবির নির্দেশনাও খুব টান টান, দর্শক সিট ছেড়ে নড়তে পারবে না।’
মাত্র ১৫ কোটি রুপিতে তৈরি বিশাল ভরদ্বাজ ও রমন মারু প্রযোজিত ছবিটি গেল শুক্রবার মুক্তির প্রথম দিনে বলিউড বক্স অফিস থেকে মাত্র ৩.৫ কোটি রুপি সংগ্রহ করলেও প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্রবোদ্ধাদের। তবে মাধুরী ম্যাজিক এত তাড়াতাড়ি থামছে না। মার্চ মাসেই মুক্তি পেতে যাচ্ছে মাধুরী অভিনীত আরেকটি নতুন ছবি গুলাব গ্যাং। এই ছবিতে উত্তর প্রদেশের সামাজিক অনাচারের বিরুদ্ধে গর্জে ওঠা এক লড়াকু মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। শুধু তা-ই নয়, এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে আসছেন মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা।
সাজিদুল হক
ইন্ডিয়া টাইমস, জিনিউজ, মুম্বাই মিরর, বলিউড হাঙ্গামা, উইকিপিডিয়া, আইএমডিবি অবলম্বনে