মানব না হয়েও তারকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কল অব দ্য ওয়াইল্ড’ ছবির নায়ক এই কুকুর
‘কল অব দ্য ওয়াইল্ড’ ছবির নায়ক এই কুকুর

হ্যাঁ তারকা। অভিনয়শিল্পী। কেউ কেউ সুপারস্টার। মুভিতে, টিভিতে। না পারুক কথা বলতে। অভিনয়ে সব সময় কথা বলতে হবে, এমন কোনো কথা নেই। মানবগর্ভে জন্ম না নিয়েও ওরা বড় হয়েছে, মিশেছে মানুষের সঙ্গে। থেকেছে, ঘুরেছে আর ঢুকে গেছে বিনোদনের বড় ক্যানভাসে। এমনকি খোদ হলিউডে। মাতিয়ে দিয়েছে দর্শকদের পাকা অভিনয়ে। গল্প বা চিত্রনাট্যের প্রয়োজনেই বিভিন্ন সময়ে দরকার হয়েছে ওদের। পরিচালকেরা অভিনয় আদায় করে নিয়েছে ওদের কাছ থেকে।

গত শতকে মানুষ ছাড়া অন্য প্রাণিকুলের মনোমুগ্ধকর পারফরম্যান্স দেখা গেছে সার্কাস বা স্ট্রিট শোতে। শত শত বছর আগে থেকেই আমাদের দেশে সাপের খেলা বা বানরের ক্যারিকেচার ছিল পথের ‘গণবিনোদন’। সার্কাসে খাঁচাবন্দী বাঘ-সিংহের সঙ্গে মালিকের সহাবস্থান ছিল দর্শকের প্রধান আকর্ষণ। এখনো তার ছিটেফোঁটা দেখা মেলে।

নানা বৈচিত্র্যের মুভিসমৃদ্ধ হলিউডই প্রথম বাঘ-ভালুক-কুকুর-শিম্পাঞ্জিদের অভিনয়ে আনে। আনতে হয়। গল্পই ডিমান্ড করে।

‘দ্য হ্যাংওভার’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য কমেডিয়ান বানর ‘ক্রিস্টাল দ্য মাংকি’ পেয়েছে ১২ হাজার ডলার
‘দ্য হ্যাংওভার’ সিরিয়ালের প্রতি পর্বের জন্য কমেডিয়ান বানর ‘ক্রিস্টাল দ্য মাংকি’ পেয়েছে ১২ হাজার ডলার

গল্প আসে জীবন থেকে। তাই মানুষের জীবন ও বুদ্ধির কাছাকাছি প্রাণীরাই গল্পে আসে। যেমন লিজেন্ড আমেরিকান ঔপন্যাসিক জ্যাক লন্ডনের উপন্যাস অবলম্বনে হলিউডে বানানো হয় সাড়া জাগানো মুভি ‘কল অব দ্য ওয়াইল্ড’। মূল চরিত্র বা নায়ক একটি কুকুর। ভিলেন কুকুর, নায়িকা কুকুর। বরফে স্লেজ টানা কুকুরদের ওপর কাহিনি। মূল চরিত্রের কুকুরের নাম ‘বাক’।

বনের কদর্য জীবন থেকে বেরিয়ে আসে বাক সভ্য জগতে। এক লোক বাককে বিক্রি করে দেয় স্লেজ মালিকের কাছে। স্লেজ হচ্ছে একদল কুকুরের টানা বরফের বাহন। সব কুকুরকে গাইড করে একটি দক্ষ কুকুর। তার বেতন বা খাওয়ার মান অন্যদের চেয়ে উন্নত। সে-ই ওদের নেতা। বাক নিজ গুণে হয়ে যায় এই স্লেজ দলের নেতা। অন্য কুকুরের হিংসায় পড়ে। উদয় হয় ভিলেন কুকুর। সহযোগিতার জন্য আসে নায়িকা কুকুর। সভ্য জগতের এই ঘাত-প্রতিঘাত বাককে টিকে থাকার কৌশল শেখালেও জগতের কদর্যতা আবারও তাকে ব্যথিত করে। জন্মস্থান শিকড়ের টান অনুভব করে সে। ফিরে যায় সে তার বনে। অসম্ভব সুন্দর একটি মুভি। বহু পুরস্কার জিতেছে। আমাদের বিটিভিতেও দেখানো হয়েছিল মুভিটি।

ওয়েস্টার্ন মুভিতে ভীষণ চাহিদা ছিল তারকা অভিনেতা ঘোড়া ‘ট্রিগার’-এর
ওয়েস্টার্ন মুভিতে ভীষণ চাহিদা ছিল তারকা অভিনেতা ঘোড়া ‘ট্রিগার’-এর

‘ল্যাসি’ নামের একটি আমেরিকান টিভি সিরিজেও অভিনেত্রী কুকুর ল্যাসি নাম ভূমিকায় অভিনয় করেছে। একটি পরিবারের সঙ্গে থাকে সে। পরিবারের ছোট ছেলেমেয়েদের বিপদে আপদে ল্যাসিই বুদ্ধি খাটিয়ে তাদের বিপদমুক্ত করে। পরে বিটিভি তা প্রচার করে। মায়াভরা চেহারার লোমশ ল্যাসির কথা আমরা যারা তখন ছোট ছিলাম, তাদের এখনো মনে আছে। খুব সুন্দর অভিনয় করেছিল ল্যাসি।

ল্যাসির বর্ণাঢ্য ইতিহাস তারও আগের। গত শতকের পঞ্চাশ দশকের একেবারে প্রথম দিকে হলিউডে ল্যাসি প্রথম অভিনয় করে ‘ল্যাসি কাম হোম’ মুভিতে। প্রবল জনপ্রিয়তা পাওয়ায় ১৯৫৪ সালে টিভি সিরিয়াল ‘ল্যাসি’ নির্মাণ ও প্রচার শুরু হয়। টানা ১৯৭৩ সাল পর্যন্ত চলে। প্রচারের প্রথম বছরেই দুটি এমি অ্যাওয়ার্ড জিতে নেয় ‘ল্যাসি’। অভিনয় করে ল্যাসি আয় করেছিল প্রায় ৫০ হাজার ডলার।

বাংলা সিনেমায় ঐতিহ্যগত কারণেই সাপের ব্যবহার বেশি দেখা গেছে। পৌরাণিক বা রাজকীয় ছবিতে সাপ এসেছে। সাপ কেটেছে, ওঝা বা বেদেনী এসেছেন। সাপের সঙ্গে সবচেয়ে বেশি মাখামাখি করেছেন ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু ঘোষ। নূতন-রোজিনারাও কিছু কিছু সাপের খেলা খেলেছেন। অবশ্য এসব ছবিতে সাপ ফণা তুলে হেলে দুলে তাল তুললেও, মূল টার্গেট ছিল বেদেনীর দোলা। ফণার তালেই ‘চাকভুম চাকভুম’ নেচেছেন স্বল্পবসনা বেদেনী। লক্ষণীয়, ববিতা-কবরী অথবা মৌসুমী-শাবনূর-পূর্ণিমারা সচেতনভাবেই সাপের ধারে কাছে যাননি।

সত্যজিৎ রায় তাঁর ‘গুপি গাইন বাঘা বাইন’ মুভিতে বাঘ দেখিয়েছেন। মুভির ‘পায়ে পড়ি বাঘ মামা/ করো না তো রাগ মামা/ তুমি যে এ ঘরে কে তা জানত’ মজার গানটিতে বাঘের উপস্থিতিই মুখ্য ছিল, অভিনয় না। তবে তা উপভোগ্য ছিল।

চার্লি চ্যাপলিন ১৯২৮ সালে তাঁর ‘দ্য সার্কাস’ মুভিতে সিংহের খাঁচায় আটকে পড়ার দৃশ্যে সিংহকে দিয়ে যে মজার অ্যাক্টিভিটিজ করান, তা ছিল সত্যিই উপভোগ্য।

বাংলা নাটকে হ‌ুমায়ূন আহমেদ হাতির ব্যবহার দেখালেও ওনার ময়নাকে দিয়ে ‘তুই রাজাকার’ বুলি ময়নাকেই রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়।

‘ফ্রি উইলি’ মুভিতে অভিনয় করেছে ‘কিকো’ নামের তারকা তিমি
‘ফ্রি উইলি’ মুভিতে অভিনয় করেছে ‘কিকো’ নামের তারকা তিমি

বন্য প্রাণীর অভিনয় ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পায় বনের রাজা টারজানের মুভিগুলোতে। টারজান চরিত্রে প্রথম অভিনয় করে সবচেয়ে সফল হন হলিউডের জনি ওয়েইজমুলার ‘টারজান দ্য এপম্যান’ মুভিতে। টারজানের সেই বন্ধু হাতির অভিনয় কারও ভুলে যাওয়ার কথা না। প্রয়োজন হলেই টারজানের সেই আকাশকাঁপানো বিশেষ ‘আ-আ-আ’ ডাকে আকাশকাঁপানো উত্তর দিয়ে হাতির দৌড়ে আসা ছিল চির চেনা। এই ডাক আমাদের ছেলেবেলার ফুটবল মাঠে প্রভাব ফেলেছিল। তখন মোবাইল ছিল না। আগেভাগে যারা মাঠে চলে আসতাম, অন্যদের খোঁজে টারজানের সেই বিকট ‘আ-আ-আ’ ডাক ছুড়তাম। দূরদূরান্ত থেকে পাল্টা ডাক দিয়ে মাঠে চলে আসত বন্ধু হাতির দল। শুরু হতো খেলা। মজার বিষয়, এ পর্যন্ত ‘টারজান’ মুভিতে যত হাতি অভিনয় করেছে, তাদের সবাই ছিল আমাদের এই উপমহাদেশের হাতি। আকারের সুবিধার জন্যই তারা অভিনয়ে চান্স পেয়েছিল।

টারজান মুভি ও টিভি সিরিয়ালে কমেডির অবতারণা করে এক অভিনেতা শিম্পাঞ্জি। টারজান ও হাতির আরেক গ্রুপ সদস্য। নাম ‘চিতা’। এই শিম্পাঞ্জির অভিনয় সবার মনে থাকার কথা। হাতির পিঠে চড়ে কলা খাওয়া আর খুশিতে দাঁত কেলিয়ে হাততালি ছিল দর্শনীয়। তা ছাড়া টারজানের মারপিটের সময় আশপাশ থেকে টেনশনে এদিক-ওদিক ছুটে গোঁ গোঁ মার্কা এক্সপ্রেশন ছিল দেখার মতো। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন শিম্পাঞ্জিকে চিতা চরিত্রে অভিনয় করতে হয়েছে। কিন্তু সব চিতাই দারুণ অভিনয় করেছে!

হলিউডে যখন নেকড়ে অভিনেতার দরকার পড়ল, পরিচালকরা বিপদ গুনলেন। অভিনয় তো পরের কথা, নেকড়ের ধারেকাছেই যাওয়া যাবে না। চালাকি করলেন। নেকড়ের চরিত্র রূপায়ণে নেকড়ের মতো দেখতে জার্মান শেফার্ড কুকুরদের প্রশিক্ষণ দিলেন। উদয় হলো কয়েকজন অভিনেতা জার্মান শেফার্ডের। নেকড়ে চরিত্রে ওদের লাগে। তারকা অভিনেতা-অভিনেত্রী। ডিমান্ড হাই। এখন পর্যন্ত যেকোনো হলিউড মুভিতে যত নেকড়ের অভিনয় দেখেছেন বা দেখবেন, বুঝে নেবেন ওরা জার্মান শেফার্ড, নেকড়ে না। কী নিখুঁত অভিনয়!

এই অভিনেতা প্রাণীরা কিন্তু অনেকেই হয়েছে কোটিপতি, হয়েছে সেলিব্রিটি।

টিভি সিরিজ ‘ল্যাসি’র নায়িকা কুকুর ল্যাসি
টিভি সিরিজ ‘ল্যাসি’র নায়িকা কুকুর ল্যাসি

যেমন, তারকা ভালুক ‘বার্ট দ্য বিয়ার’ ছিল জনপ্রিয় অভিনেতা। ‘উইদাউট আ প্যাডেল’, ‘উই বট আ জু’, ‘ইনটু দ্য ওয়াইল্ড’ প্রভৃতি বিখ্যাত হলিউড মুভিতে অভিনয় করে সে হয়েছিল সেলিব্রিটি। ‘ম্যান ইন দ্য চেয়ার’ বা ‘ফোল্ড’ মুভিতে অভিনয় করে ‘স্যাডি’ নামের অভিনেত্রী কুকুর পেয়েছিল খ্যাতি। ‘মাই ডগ স্কিপ’ ফ্যামিলি কমেডিতে অভিনয়ের জন্য ‘মুজ’ নামের অভিনেতা কুকুর প্রতি পর্বে নিত ১০ হাজার ডলার। বিখ্যাত কমেডিয়ান বানর ‘ক্রিস্টাল দ্য মাংকি’ তার ‘দ্য হ্যাংওভার’ সিরিয়ালের জন্য প্রতি পর্বে নিয়েছে ১২ হাজার ডলার। পুরো সিরিয়ালে তার আয় হয় মোট ২ লাখ ৬৪ হাজার ডলার! রিলাক্স। বান্দর ছিল সে! ‘কিকো’ নামের তারকা তিমি ‘ফ্রি উইলি’ মুভিতে ‘উইলি’ চরিত্রে অভিনয় করে আয় করে ৩ লাখ ৬০ হাজার ডলার! এ ছাড়া, ‘মলি’ ছিল হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঘোড়া। খুব সুন্দরী। ওয়েস্টার্ন মুভিতে ভীষণ ডিমান্ড ছিল তারকা অভিনেতা ঘোড়া ‘ট্রিগার’-এর। সুদর্শন। দৌড়ায় খট খটা খট!

আমার কমেডি সিরিয়ালেও ঘোড়া-বানর-সাপ-ব্যাঙ-মোরগ দরকার হয়েছিল। বুঝেছিলাম ওদের দিয়ে অভিনয় করানোর ঠেলা। এক মজার দৃশ্যে মুরগির বড় ডিম লাগবে। বড় মানে বিশাল। উটপাখির ডিমের চেয়ে বড়। ডিম হাত থেকে পড়ে ভেঙে যাবে। ভেতর থেকে আস্ত বড় মোরগ বের হয়ে দেবে দৌড়। চারুকলার কিছু ছাত্র আমাকে ‘প্লাস্টার অব প্যারিস’ দিয়ে চমৎকার এক বড় ডিম বানিয়ে দেয়। চিন্তায় পড়লাম শট নেওয়ার আগে। প্রডাকশন ম্যানেজারও ঝুঁকি নেননি। একই রকম দেখতে দুই অভিনেতা মোরগ এনেছেন। ভাগ্য ভালো। প্রথম শটই ওকে। ডিম ভাঙার পর মোরগ এত সুন্দর করে দৌড় দিয়ে অভিনয় করেছে, যেন তার স্ক্রিপ্ট মুখস্থ ছিল।

আরেকবার এক বানরশিল্পীর প্রয়োজন হওয়ায় মালিকসহ আসে অভিনেতা। সাদাটে ছাই গায়ের রং। সারা দিন শুটিং ইউনিটের সঙ্গেই কাটায় অভিনেতা বানর। সন্ধ্যার পর তার শট। ঘরের মাটিতে বসে আছে অভিনেতা, গলার চেইন হাতে দাঁড়িয়ে তার মালিক। আমি স্ক্রিপ্টে নজর বুলানোর ফাঁকে একবার তাকালাম অভিনেতার দিকে। বড় হাসি দিয়ে বললাম, ‘কী খবর লক্ষ্মী সোনা!’ আমার কথা শেষ হয়নি, চোখের পলকে হেভিওয়েট রেসলারের মতো জাম্প দিয়ে আমার ওপর পড়ল! আমি স্ক্রিপ্টসহ কাত হয়ে পড়লাম মাটিতে। ইউনিটের সবাই তটস্থ। ‘হেই হেই’ বলে ওর মালিক চেইন টেনে ওকে কাছে নেয়। পিঠে ভয়াবহ ব্যথা। ব্যথা নিয়েই অভিনেতার শুটিং শেষ করলাম। ব্যথা দিলেও ভালো পেমেন্ট করেছি ভালো অভিনয়ের জন্য। পরে জানতে পেরেছি, বানরের দিকে দাঁত দেখালে ওরা সেটা শত্রুতা হিসেবে দেখে। আমার বত্রিশ দাঁত হাসির ‘কী খবর লক্ষ্মী সোনা’কে ও হয়তো ভেবেছিল ‘কী রে শয়তান’ জাতীয় কিছু। তাই ঝাঁপিয়ে পড়েছিল।

‘মলি’ ছিল হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঘোড়া
‘মলি’ ছিল হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঘোড়া

কার্টুন ছবির জগতে অভিনেতা প্রাণীদের উপস্থিতি কিংবদন্তি। বাংলাদেশের কে না জানে জনপ্রিয় কার্টুন সিরিয়াল ‘স্কুবি ডু’র কথা? দশকের পর দশক এরা বিনোদন দিয়ে চলেছে। এই সিরিয়ালের পাঁচ প্রধান চরিত্রের একমাত্র কুকুর চরিত্রের নামই ‘স্কুবি ডু’। নাম ভূমিকায় অভিনয় করেছে সে। ‘গ্রেট ডেন’ জাতের এই অভিনেতা কুকুরের মজার ঢঙের সংলাপ আর নানা মজার কীর্তিকলাপ তাকে নিয়ে গেছে তারকা খ্যাতিতে।

কার্টুন জগতের কিংবদন্তি হচ্ছে ‘টম অ্যান্ড জেরি’। ছেলে বেড়াল টম আর মেয়ে ইঁদুর জেরিকে চেনে না, তাদের মজার পাল্টাপাল্টি ধাওয়া দেখেনি, বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এত জনপ্রিয় সিরিয়ালটির কিন্তু এ পর্যন্ত মাত্র শ-দুয়েক পর্ব প্রচার হয়েছে। যদিও আলাদা মুভিও হয়েছে। ১৩ বার অস্কারের জন্য মনোনীত হয়ে সাতবারই জিতেছে। মানব অভিনেতা অভিনেত্রী না হয়েই টম আর জেরি রেকর্ড গড়ে এই অস্কার জিতেছে।

যারা ভাবছেন, টম আর জেরি ছোট্ট বালক-বালিকা, শিশু; তারা জেনে রাখেন, এ বছর টম আর জেরি ৭৮ বছর বয়সে পা দিচ্ছে। এত লম্বা সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা কোনো মিডিয়া প্রডাকশনের জন্য এখন পর্যন্ত রেকর্ড!