একসময় চলচ্চিত্রকে ‘বই’ বলা হতো। তার কারণ খুবই সহজ। বাংলা চলচ্চিত্র, এমনকি মুম্বাইয়ের হিন্দি ছবিও সাহিত্যাশ্রয়ী ছিল। তাই দর্শকদের কখনো বইটি পড়া থাকত, তারপর তার চিত্রায়ণ দেখতে পেতেন সিনেমার পর্দায়।গৌতম ঘোষও বই করেন। বই লেখা, বই পড়া ও বই করার মধ্যে বিস্তর ব্যবধান। অধ্যাপক বন্ধুদের আমি প্রায়ই বলি—তোমরা পড়াও, পড়ো, গবেষণা করো—সবটাই সামাজিক কাজ এবং জ্ঞানের কাজ। কিন্তু বই থেকে যখন রক্ত-মাংসের মানুষগুলোকে আমরা মর্ত্যে নামিয়ে আনি, কথা বলাই, হাঁটাচলা করাই—সে কাজটি কেমন? সত্যজিৎ রায় বিভূতিভূষণকে যখন পর্দায় আনলেন, তখন কেমন ছিল কাজটা। রীতিমতো একটা অনর্থক তুলনামূলক সমালোচনা শুরু হয়ে গেল। কে বড়? শৈশবের সেসব কথা এখন শুনলে হাসি পায়।প্রথম থেকেই গৌতম ঘোষ এই কঠিন তৎপরতায় লিপ্ত হয়েছেন। তাঁর প্রথম ছবি সমরেশ বসুর পার দেখে চমকে উঠেছিলাম। কলকাতায় প্রথম কি দ্বিতীয় প্রদর্শনীটি দেখেছিলাম। নাসির আর শাবানার অভিনয়, সর্বোপরি ডিরেক্টরিয়াল একসেপশন দেখে সেই মুগ্ধতা এখনো কাটেনি। তারপর আরেক দুরূহ কাজ পদ্মা নদীর মাঝি। সর্বশেষ দেখলাম মনের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা-উপন্যাস পড়ার সুযোগ অনেক আগে থেকেই, কিন্তু তাঁর ঐতিহাসিক চরিত্রগুলো নিয়ে যখন সেই সময়, প্রথম আলো ও পূর্ব-পশ্চিম পড়ি, তখন উপন্যাসের এক নতুন দিক দেখা যায়। চেনা চরিত্রগুলো কত অবলীলায় ইতিহাস থেকে ফিকশন হয়ে যায়, আবার ফিকশন থেকে বাস্তবে। কখনো সংযোজিত হচ্ছে অজানা চরিত্রগুলো, যেগুলো তাঁর নিজের তৈরি করা। সম্ভবত অনেক দিন পর মনের মানুষ নিয়ে এল সেই সবার চেনা লালনকে। এখানেও বেশ কয়েকটি না হলেও তাঁর তৈরি শক্তিশালী চরিত্র হিসেবে এসেছে ‘কালুয়া’। যা-ই হোক, এবার চলে আসি বই থেকে চলচ্চিত্রে। চলচ্চিত্র সব সময়ই একটা সমসাময়িকতা দাবি করে। সেটি যদি হাজার বছর আগের কোনো কাহিনিও হয়। সিনেমা হলে বসে বারবার মনে হচ্ছিল এ সময়ে কী নিদারুণ প্রয়োজন ছিল ছবিটার। উপমহাদেশ যখন আক্রান্ত হয়েছে জঙ্গিবাদে, হিন্দু-মুসলিম সম্প্রীতিকে ধ্বংস করার জন্য কিছু রাজনৈতিক দল যখন তৎপর, মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব ক্ষীয়মাণ. তখন গৌতম ঘোষ কী করে সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষকে কেড়ে নিয়ে আরেকটা মনের মানুষ তৈরি করে ফেললেন! বই থেকে চলচ্চিত্র।আমার বুকে অনেক কথাই বাজছিল। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের মাজারের ওপর দালান নির্মাণ করার ব্যাপারে আমরা বাধা দিয়েছিলাম। উন্নয়নের নামে ইট-কাঠ-লোহার পিঞ্জর আমরা করতে দিতে চাইনি। কিন্তু কিছু ঠিকাদার, পান্ডা আর রাজনৈতিক নেতৃত্বের ভুল সিদ্ধান্তের ফলে তা হয়েই গেল। একটা খাল ছিল, নদীটি ছিল যেমনটি এসেছে মনের মানুষ-এর ছেঁউড়িয়ায়। তাও বুজে গেছে তত দিনে। বর্তমান সরকার ছবিটি দেখে কি আবার পুরোনো ছেঁউড়িয়া নির্মাণ করবে? আমি মনে করি, তা-ই নির্মাণ করা উচিত। কী চমৎকার ছেঁউড়িয়া! সেটি করতে হয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। নদীটি করতে হয়েছে সিলেটের হাওরে। জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি, শিল্পায়ন, জলবায়ুর পরিবর্তন—এসব কারণে সেই ছেঁউড়িয়াকে খুঁজে পাওয়া যাবে না। তবু যে নদী ও উপনদে ভেসে একদিন লালনের ভেলা এখানে এসে ভিড়েছিল, তার চিহ্নমাত্র নেই।ছবিটির সূচনা অভিনব। জ্যোতিরিন্দ্রনাথ লালনের ছবি আঁকছেন। লালন বৃদ্ধ। তাঁর সঙ্গে আলাপচারিতা থেকেই সারা ছবি। আমাদের নাটকের প্রশিক্ষণে প্রায়ই একটি শব্দ আমি উচ্চারণ করি। তা হলো স্টেরিওটাইপড; এর বাংলা স্থূল অনুবাদ হতে পারে গতানুগতিক। যেসব চলচ্চিত্রকার শুধুই বই করেন, তাঁরা সব সময়ই একটি গল্প বলার জন্য, দর্শকদের জন্য একটা সমান্তরাল এবং একটু চড়াই-উতরাই, একটু ক্রাইসিস এবং মহা ক্লাইমেক্স দিয়েই বানিয়ে ফেলেন। দৃশ্যকাজ নির্মাণের দিকে তাঁরা তাকান না। সেই দুরূহ পথে গৌতম বারবার হাঁটেন। সংলাপের পর সংলাপ বা দৃশ্যের পর দৃশ্য জোড়া লাগিয়ে নয়, একের পর এক কাব্য সৃষ্টি করার চেষ্টা করেন। ক্যামেরার ক্যানভাসকে ব্যবহার করেন। ক্যামেরা বিভিন্ন উচ্চতায়, বিভিন্ন লেন্স, বিভিন্ন কোণের সঙ্গে যুক্ত করেন আলো। ক্যামেরার জারজিনো পজিশন (Jargino position) আলো এবং ক্যামেরার চলাচল একের পর এক কাব্য তৈরি করতে থাকে। দিন, রাত্রি এবং দিনরাত্রির মধ্যে আলো-আঁধারি, কখনো রবীন্দ্রনাথের গান মনে করিয়ে দেয়, (যেমন, রাত্রি এসে মিলায় শেষে দিনের পারাবাতে); খাঁ খাঁ রোদ্দুর বা রাত্রির বিভিন্ন প্রহর; সেই প্রহরের গান বা বডি কেমিস্ট্রি—এসবই ধরা দিতে থাকে। লালন রহস্যময়। এই রহস্যময়তার পেছনে আছে প্রকৃতি, যার কারণে তিনি আশ্রয় নিলেন বনে, গহিন বনে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে আসা লালন এত রহস্য কোথা থেকে জানলেন? এত দার্শনিক ভাবনাই বা কীভাবে এই স্বল্পশিক্ষিত লোকের মাথায় আসে? কোথায় পেলেন আন্তর্জাতিকতা? মানবধর্মের দীক্ষা। চৈতন্যদেব বা সুফিবাদ অথবা ওয়েস্টার্ন সেক্যুলারিজম—এসব কোথা থেকে এক সহজিয়া ভঙ্গিতে তাঁর কণ্ঠে এসে যায়? এসবের জবাব মেলে না। ব্রাহ্মণ্যশাসন কিংবা মোল্লা-পুরোহিতের অনুশাসনের বিরুদ্ধে তাঁর গান শুধু নয়, তাঁর শারীরিক যুদ্ধটার প্রেরণা কোথায়? এসবের জবাব দেওয়ার জন্যও এ চলচ্চিত্র নয়। একটা সহজিয়া ভঙ্গিতেই এর চিত্রায়ণ। বাংলার নদী, মাঠ, বনানী, আকাশ, ঋতু পরিক্রমা—এসবের মধ্য থেকেই তাঁর উত্থান। শুধু তা-ই নয়, বাংলার পথে-ঘাটে তাঁর শিষ্যরা পরবর্তীকালে ছড়িয়ে গেছে মানবতার বাণী নিয়ে। ভারতবর্ষে বিংশ শতাব্দীর মাঝামাঝি যে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান হয়েছিল, লালন-রবীন্দ্রনাথ-নজরুল-মুকুন্দ ছিলেন বলেই বাংলায় তার বীভৎস চেহারাটা পাঞ্জাবের মতো হয়নি।লালনের দর্শনের আশ্রয় হচ্ছে তাঁর গান। অসামান্য একতারা তাঁর সাংগীতিক আশ্রয়। মনের মানুষ-এ এই একতারার ব্যবহার লক্ষণীয়। কিন্তু গান বাছাই ও সুরের ব্যাপারে গৌতম এবং তিনিই সংগীত পরিচালক—খুবই সাবধানী সন্দেহ নেই। কিন্তু কণ্ঠটি যেমন বাউলদের ভেজা থাকে, একটু ভাঙাও, গানের কথাগুলো সেই কণ্ঠে আশ্রয় নেয় এবং এক অতিলৌকিক জগতে নিয়ে যায়, তেমনটি হয়নি। এই বাংলার বাউলদের বিশেষত ছেঁউড়িয়া ঘরানার বাউলদের গান আমাদের কানে সেভাবেই লেগে রয়েছে। নারীকণ্ঠগুলোর আবেদন সেই অর্থে যথার্থ। আবহ সংগীতেও বাউলিয়ানা চমৎকার। অভিনয়ে লালনের চরিত্রে প্রসেনজিৎকে ভাবাই যায়নি। কিন্তু চমকে গেলাম যখন বৃদ্ধ লালনকে দেখতে শুরু করলাম। অসাধারণ সংযত অভিনয়। আবার একেবারে তরুণ লালনটিও যথার্থ। কিন্তু যুবক লালনে আবার হোঁচট খেতে হলো। কারণ, প্রসেনজিৎ এ বাংলার আদি কুষ্টিয়ার ভাষার ওপর দখলের প্রবল চেষ্টা করেছেন কিন্তু তাতে অভিনয়ের ওপর প্রবল চাপ পড়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্পনার চরিত্র কালুয়ায় চঞ্চল চৌধুরী বেশ দাপট দেখিয়েছেন। সিরাজ সাঁই চরিত্রে আসাদ বেশ চমৎকার একটা লুক দিয়েছেন, যেমন দিয়েছেন জ্যোতিরিন্দ্রনাথ চরিত্রে প্রিয়াংশু। কিন্তু আমাদের কণ্ঠস্বর বেশ বলিষ্ঠ থাকে বলে গোল্ডেন ভয়েস কণ্ঠকে তিনি বাউলের জন্য একটু ভাঙাচোরা করলে কি ভালো হতো? চম্পার অভিনয় অসাধারণ। আর সবাই আপ্রাণ চেষ্টা করেছেন। বিশেষ করে চিরদিন যিনি চলচ্চিত্র ব্যবস্থাপনার কাজে যুক্ত, সেই শানু ব্যানার্জি কেমন করে এত ভালো অভিনয় করলেন? আবার বিবি রাসেল, চিরদিনের ফ্যাশন ডিজাইনার, কি অদ্ভুত দেহভঙ্গিমা দেখালেন। একটি ছোট্ট চরিত্রে শর্মি দর্শকদের বেশ স্পর্শ করে যায়।গৌতমের অভিনয়ের একটা ডিজাইন থাকে। গ্ল্যামারের একটা ভিন্ন রূপ খোঁজার চেষ্টা করেন তাঁর চলচ্চিত্রে। এ চলচ্চিত্রের সম্পাদনার কাজটিও বেশ পরিমিত। এক শটেই একটা দৃশ্য শেষ এবং কোথাও অযথাই কাল ক্ষেপণ নয়। তবে শেষে এসে কালুয়ার করুণ মৃত্যুর পর আবার ফিরে আসার মুহূর্তগুলো নিয়ে ভাবনার অবকাশ থাকে। বিষয়টা কি শেষের পরেও শেষ এবং অবশেষ?এ ছবি নিয়ে আরও অনেক কথা লেখা যায়। ছবিটি শেষ পর্যন্ত একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা দেয়। বোঝা যায়, গৌতম লালনের মতোই অনেক ঘুরে খুঁজে পেয়েছেন ছেঁউড়িয়া, বিল-হাওর, নদী, সেসব মানুষকে, যাঁরা আজীবন খুঁজে ফেরেন মনের মানুষ।মানবধর্মের যারা উপাসক, তাদের জন্য এ ছবিটি হয়ে উঠবে এক সহায়ক দলিল।